ব্লাউজ থেকে শুরু করে জব্বা সালোয়ার, পুরুষদের জন্য যোধপুরি শেরওয়ানি ! পুজোর ফ্যাশনে অন্যরকম চমক
এই পুজোতে ব্লাউজটা থাকুক জুটের, পরতে পারেন জব্বা সালোয়ার ৷ পুরুষদের জন্য যোধপুরি শেরওয়ানি- পুজো সর্টেড ৷

Published : August 30, 2025 at 2:51 PM IST
|Updated : August 30, 2025 at 2:59 PM IST
পুজো এসে গিয়েছে । তাই কেনাকাটার হিড়িক তুঙ্গে । কেউ যাচ্ছে শপিং মলে আবার কেউ নিউ মার্কেট বা গড়িয়াহাটে হানা দিচ্ছে ৷ কেউ আবার ছুটছেন ডিজাইনারের ঘরে । পুজোর আর দিন কয়েক বাকি । তাই এবার দুর্গাপুজোর ফ্যাশনে কোন কোন পোশাক ট্রেন্ড করবে, সেগুলির সন্ধান রাখছেন ফ্যাশনিস্তারা । মার্কেট ঘুরে এক্সপার্টদের সঙ্গে কথা বলে কিছু স্টাইলিশ পোশাকের তালিকাও তৈরি করে ফেলেছেন ।
শাড়ি, ব্লাউজ, সালোয়ার থেকে পুরুষের ট্রেন্ডি আউটফিট এক্ষুণি সংগ্রহ না করলে ভারি বিপদ । ফ্যাশন মনপসন্দ না হলে পুজো একেবারেই মাটি ৷ এই কথা যে মিথ্যা নয় তা বলার বাকি রাখে না । শাড়ি থেকে ব্লাউজ, ড্রেস, পুরুষদের পোশাক সবেতেই এসেছে নয়া ট্রেন্ড । এই যেমন একটা সময় ছিল যখন স্লিভলেস ব্লাউজ পরলে সামনে বোতাম থাকতো আর পিছনে দড়ি বাঁধা আর তারসঙ্গে কখনও ঝুলিয়ে দেওয়া হত লাটকান । কিন্তু এখন সেই কায়দায় আবার বদল এসেছে । মহিলাদের সুবিধার্থে অন্যভাবে ভাবতে শুরু করেছেন আজকের ডিজাইনাররা । যাঁদের মধ্যে অন্যতম 'রাইকিশোরী'র শ্যামসুন্দর বসু । তাঁর বানানো ব্লাউজগুলির প্রত্যেকটারই সাইডে চেন সিস্টেম ।

শ্যামসুন্দর বলেন, " নতুন প্রজন্মের কাছে এটা নতুনত্ব । অনেকেই আমাকে জানিয়েছেন তাঁদের এই ধরনের ব্লাউজ খুব পছন্দের এবং সুবিধারও বটে। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সিস্টেম নিয়ে এসেছি । পাশাপাশি এই মুহূর্তে প্যাস্টেল কালারের খুব চাহিদা ৷ তাই সেইদিকটাও মাথায় রাখছি । বলতেই হয়, আজকাল অনেকেই ইংলিশ টোন একরঙা প্যাস্টেল কালার অর্গানজা শাড়ির সঙ্গে ইংলিশ টোনের ব্লাউজ পরতে চাইছেন । আর সত্যিই সেটা দেখতেও ভারি চমৎকার লাগে । আমার মনে হয়, পুজোতে একটু নতুনত্বের ছোঁয়া দেবে এই আইটেম ।"

তিনি আরও বলেন, "গত বছর আজরাখের ভীষণ ট্রেন্ড ছিল সঙ্গে কলমকারিরও । সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন কলমকারি আর আজরাখের উপর । এবার সবাই অন্যকিছু খুঁজতে চাইছেন । প্রতি বছরই আসলে নতুনভাবে নিজেকে মেলে ধরতে চান সবাই । কিন্তু আরামের দিকটাও মাথায় রাখতে হয় । আবার আবহাওয়ার কথাও ভুললে চলে না ৷ এবার যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাতে আকাশের প্রতি ভরসা নেই । কখনও রোদ আবার কখনও ঘন কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আকাশ ভেঙে । সবকিছুকে মাথায় রেখে তাই জুট ডাই করে ব্লাউজ বানানোর পরিকল্পনা করেছিলাম । এক কালারের মাল বেরিয়া অরগানজার সঙ্গে আফরাইটার গ্রিনের কামিনেশন রেখে এক ধরনের জুটের ব্লাউজ বানানো হয়েছে । ভীষণ ট্রেন্ডি আইটেম । অন্যরকম একটা লুক নিয়ে আসবে । "

শ্যামসুন্দর জানান, "প্লাস সাইজ মানে একটা সময় মানুষ মনে করত শাড়ি ছাড়া আর কিছু পরা যেতে পারে না । তারপরে বাজারে এলো থ্রি পিস । আর এবার আমি প্লাস সাইজদের জন্য নিয়ে এসেছি জব্বা সালোয়ার । এই ধরনের কাস্টম গলা থেকে পা অবধি ঢাকা । ঢিলেঢালা ও ভীষণ কমফোর্টেবল । এমন অনেক মহিলা আছেন যাঁরা সারাদিন অফিস সামলানোর পর রাতে একটু যখন মনে করছেন ঠাকুর দেখতে যাবেন তাঁরা একদমই পারেন না জমকালো সাজতে । তাই যদি লাইট ওয়েটের শিফনের ওপর এই ধরনের জব্বা সালোয়ার সুট পরেন তাহলে একটা ফিল্মি লুক তো আসবেই । একইসঙ্গে এগুলি দারুণ ট্রেন্ডি ।"

তাঁর কথায়, পুরুষদের ক্ষেত্রেও এই সময় শর্ট পাঞ্জাবির পাশাপাশি শর্ট শেরওয়ানিরও চাহিদা খুব । তবে বেশিরভাগ নতুন প্রজন্মই চাইছে হিন্দু ওয়েস্টিন তাই বাঙালিয়ানার ধুতির সঙ্গে যোধপুরি স্টাইলের শেরওয়ানি নবমীর জন্য ভীষণ উপযুক্ত ।

