বর্ষায় রান্নাঘরে দুর্গন্ধ ? কিছু জিনিস মেনে চললেই সমস্যা হবে দূর
স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে বর্ষাকালে রান্নাঘরে বাজে গন্ধ বেরোয় ৷ কিছু জিনিস মেনে চললে এই দুর্গন্ধের সমস্যা নিমেষে হবে দূর ৷

Published : August 3, 2025 at 4:17 PM IST
হায়দরাবাদ : এই বর্ষায় বাড়িঘরের বাড়তি খেয়াল রাখা প্রয়োজন । বিশেষ করে নজর দেওয়া জরুরি রান্নাঘরে । স্যাঁতসেঁতে আবহাওয়ায় রান্নাঘরজুড়ে ভ্যাপসা গন্ধ ছড়াতে থাকে এই সময় । প্রাকৃতিক দুর্যোগে বেশির ভাগ সময়েই রান্নাঘরের জানালা বন্ধ থাকায় বাইরের হাওয়া চলাচলও কম হয় । ফলে চারপাশের জলীয় বাতাসে ঘুরে বেড়ায় সেই গন্ধ । রান্নাঘরে দুর্গন্ধ থাকলে রান্না করার ইচ্ছেটাও চলে যায় । কিন্তু কিছু উপায় জানা থাকলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । আর রান্নাঘরও থাকবে ঝকঝকে ।
রান্নাঘরে দুর্গন্ধ এড়ানোর উপায় - রান্নাঘরে জীবাণুদের বসবাস বেশি ৷ বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ আমরাই ৷ আমরা প্রতিদিন ভুলগুলো করি ৷ যেমন, সিঙ্ক ঠিকঠাক পরিষ্কার না-করা, ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিসের কারণে রান্নাঘর থেকে দুর্গন্ধ বের হয় । এর থেকে মুক্তি পেতে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন -
ডাস্টবিন পরিষ্কার রাখুন - প্রথমেই রান্নাঘরের ডাস্টবিন আলাদা করে ফেলুন । শুকনো ও তরল আবর্জনার জন্য দু'রকম ডাস্টবিন ব্যবহার করুন । যে সব জিনিস পচনশীল, সেগুলি রান্নাঘরে ডাস্টবিনে না ফেলে বাইরে ময়লা ফেলার জায়গায় ফেলুন ।
কমলালেবুর খোসা ব্যবহার - বিশেষজ্ঞদের মতে, ডাস্টবিন থেকে আবর্জনা ফেলে দেওয়ার পরও যদি রান্নাঘরে দুর্গন্ধ বেরোয়, সেক্ষেত্রে একটি পাত্রে জল ঢেলে, কয়েকটি দারুচিনির টুকরো এবং কিছু কমলালেবুর খোসা একসঙ্গে নিয়ে পাঁচ মিনিটের জন্য অল্প আঁচে গরম করে নিন ৷ এরপর পাত্রটি রান্নাঘরের এককোণে রেখে দিন ৷ দুর্গন্ধ চলে যাবে এবং রান্নাঘর সুগন্ধযুক্ত হবে ।

ভিনিগারের ব্যবহার - মাংস রান্না করলে রান্নাঘরে দুর্গন্ধ হয় ৷ বিশেষ করে মটন রান্না করলে ৷ এই দুর্গন্ধ দূর করতে বিশেষজ্ঞরা ভিনিগার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন । তাঁদের মতে, আপনি যদি তিনটি পাত্রে ভিনিগার ঢেলে রান্নাঘরের আলাদা জায়গায় রেখে দেন ৷ তাহলে আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে ভালো ফলাফল পাবেন । তবে, যদি গন্ধ খুব ঝাঁঝালো হয় তাহলে বড় পাত্রের মধ্যে জল এবং ভিনিগার একসঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে ৷ সেইসঙ্গে যদি কিছু পাতিলেবুর কিছু খোসা যোগ করে মিশ্রণটিকে গরম করে রান্নাঘরে রেখে দিলে কয়েক মিনিটের মধ্যে সুগন্ধ বেরোতে শুরু করবে ৷

পাতিলেবু মেশানো জল স্প্রে - বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে মাছের গন্ধ দূর করতে পাতিলেবু মেশানো জল স্প্রে ভালো কাজ করে । একটি পাত্রে গরম জল নিয়ে তাতে পাতিলেবুর রস এবং খোসা যোগ করুন, তারপর এই মিশ্রণটিকে রান্নাঘরময় স্প্রে করে দিলে দুর্গন্ধ দূর হবে ।
রুম ফ্রেশনারের ব্যবহার - এলাচ, লবঙ্গ এবং দারুচিনির মতো সুগন্ধি মশলা জলে ফুটিয়ে নিলে রান্নাঘরময় তার গন্ধ ছড়িয়ে পড়বে ৷ ঠান্ডা হওয়ার পর, আপনি ওই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে রেখে ব্যবহার করতে পারেন । এটি রুম ফ্রেশনার হিসেবেও কাজ করে ।

বেকিং সোডার ব্যবহার - কখনও কখনও রান্নার গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার ৷ দুর্গন্ধ থেকে মুক্তি পেতে একটি পাত্রে বেকিং সোডা রেখে যেখানে রান্না করা হয় তার পাশে রেখে দিলে সমস্ত গন্ধ শুষে নেয় এই পাউডার ৷
ওটসের ব্যবহার - বিশেষজ্ঞরা বলছেন, একটি পাত্রে কিছু ওটস নিয়ে তা রান্নাঘরের কোথাও রেখে দিলে রান্নার সময় যে গন্ধ বেরোয় তা শুষে নেয় ওটস । তবে এসবের পাশাপাশি মাঝে মাঝে পুরো রান্নাঘর পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷
{বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র পরামর্শের জন্য ৷ আমরা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই তথ্য প্রদান করেছি }।

