'ছয় মাসের বেশি ক্ষমতায় থাকব না', দায়িত্ব নিয়েই স্পষ্ট বার্তা সুশীলার
শুক্রবার রাতে নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ৷ রবিবার সেদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ৷

By PTI
Published : September 15, 2025 at 5:19 PM IST
কাঠমান্ডু, 15 সেপ্টেম্বর: দু'জনের ক্ষমতায় আসার পথটা ছিল একই ৷ জনরোষে পূর্বতন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি ৷
2024 সালের 8 অগস্ট দেশের প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার অব্যবহিত পর নির্বাচন কবে হবে তা স্পষ্ট করতে পারেননি ইউনূস ৷ তাঁর প্রশাসনের কেউ কেউ বলেছিলেন সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে নতুন নির্বাচন করতে কয়েক বছর সময় লাগবে ৷ পরে পরিস্থিতি বদলায় ৷ এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট হবে বাংলাদেশে ৷ ততদিন ক্ষমতায় থাকবেন ইউনূসরা ৷
এর থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়ে সুশীলা জানালেন, তিনি এবং তাঁর অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা ক্ষমতায় থেকে যেতে আসেননি ৷ 6 মাস পর নতুন সরকারকে দেশের পরিচালনের ভার বুঝিয়ে দেবেন ৷ উল্লেখ্য, আগামী 21 মার্চ নেপালে নির্বাচন হবে বলে আগেই জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি ৷
অন্যদিকে, সরকার বিরোধী জেন জ়ি আন্দোলনের সময় ভাঙচুর থেকে শুরু করে অন্য নানা ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও জানান সুশীলা ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শহিদের 'মর্যাদা' দেওয়া হবে এবং মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেবে সরকার ৷
সরকার-বিরোধী আন্দোলনে গত 8-9 সেপ্টেম্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নেপাল ৷ বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রীর কার্যালয় জ্বালিয়ে দেয় ৷ চাপের মুখে বিক্ষোভের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি ৷ সেদিন রাতে সেই দেশের নিয়ন্ত্রণ নেয় নেপালের সেনাবাহিনী ৷
এরপর শুক্রবার রাতে নেপালের অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ৷ রাত 9টা নাগাদ রাষ্ট্রপতির উপস্থিতিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 73 বছর বয়সি প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ৷ এরপর রবিবার রাতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সুপারিশে কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল এবং ওমপ্রকাশ আরয়ালকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করেন সেদেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল ৷ সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় ৷
কাঠমান্ডুর সিংহ দরবার হল নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ৷ কিন্তু 9 সেপ্টেম্বর আন্দোলনকারীরা সেই ভবনে আগুন লাগিয়ে দেন ৷ সেকারণে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে প্রধানমন্ত্রীর কার্যালয়টি স্থানান্তরিত করা হয় ৷ রবিবার সকাল 11টা নাগাদ নিজের দফতরে পৌঁছন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৷ দায়িত্ব নেওয়ার পর একাধিক সচিব এবং শীর্যস্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বৈঠকের পর সুশীলা বলেন, "আমি এবং আমার দল ক্ষমতা উপভোগ করতে করতে আসিনি ৷ 6 মাসের বেশি ক্ষমতায় থাকব না ৷ আমরা নতুন সংসদের হাতে দায়িত্ব হস্তান্তর করব । সকলের সমর্থন ছাড়া সফল হব না ।"
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দাবি, 9 সেপ্টেম্বরের বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল ৷ এই ধ্বংসযজ্ঞে জেন জি়-এর প্রতিবাদিরা যুক্ত ছিলেন না ৷ তিনি বলেন, "যে ধরণের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা একটি অপরাধমূলক কাজ । এটি একটি সংগঠিত পদ্ধতিতে করা হয়েছে । অত অবশ্যই শাস্তি দেওয়া হবে ৷"
উল্লেখ্য, কুলমান ঘিসিং নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটির প্রাক্তন এক্সেকিউটিভ ডিরেক্টর ছিলেন ৷ তাঁকে শক্তিমন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং পরিবহণ মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ সেই সঙ্গে, প্রাক্তন অর্থ সচিব খানালকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে ৷ ওমপ্রকাশ আরয়ালকে দেশের আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে ৷
প্রথম থেকেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম শোনা গিয়েছিল ৷ পরে অবশ্য আরও তিনজনের নাম উঠে আসে ৷ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, নেপালের বিদ্যুৎ দফতরের প্রাক্তন সিইও কুলমান ঘিসিং এবং ধরনের মেয়র হরকা সামপাং-র নাম নিয়ে আলোচনা হয় ৷ শেষ পর্যন্ত 73 বছর বয়সি সুশীলা কার্কির নামই প্রধানমন্ত্রী হিসাবে চূড়ান্ত হয় ৷
দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন সুশীলা হিসাবে নেপালের সব শ্রেণির মানুষ তাঁকে শ্রদ্ধা করেন ৷ এবার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ফের ইতিহাস গড়লেন তিনি ৷ অশান্ত নেপালে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন প্রধান চ্যালেঞ্জ তাঁর কাছে ৷ তাঁর সঙ্গে রয়েছে ভারতের গভীর যোগ ৷

