ETV Bharat / international

বুলেট ট্রেনে 300 কিমি সফর মোদির, ভারতে 60 হাজার কোটির বিনিয়োগ জাপানের

জাপানের 16টি প্রদেশের গভর্নরের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টোকিয়োর এই বৈঠকে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানান তিনি ৷

NARENDRA MODI JAPAN VISIT
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধানমন্ত্রী (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 3:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

টোকিয়ো, 30 অগস্ট: আগামী 10 বছরে ভারতে প্রায় 60 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর শেষ হওয়ার আগে এমনটাই জানিয়ে দিল জাপান ৷

15 তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালে টোকিয়ো পৌঁছন প্রধানমন্ত্রী ৷ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে তাঁর এই সফর ৷ শনিবার জাপানের সফর শেষ করে চিনের উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ সেখানে 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর এসসিও সম্মেলনে যোগ দেবেন ৷

NARENDRA MODI JAPAN VISIT
জাপানের গভর্নরদের সঙ্গে বৈঠকে মোদি (বিদেশমন্ত্রকের এক্স হ্যান্ডেল)

দু'দিনের এই সফরে জাপানের সঙ্গে 13টি গুরুত্বপূর্ণ চুক্তি ও ঘোষণাপত্র স্বাক্ষর করেন মোদি ৷ পাশাপাশি, দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করে ভারত ও জাপান ৷ সফর শেষে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, "জাপানের এই সফর আমাদের দেশবাসীর জন্য যথেষ্ট ফলপ্রসূ হয়েছে ৷ আমি প্রধানমন্ত্রী ইশিবা, জাপানের জনগণ এবং সরকারকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই ।"

দুই দেশের মধ্যে সেমিকন্ডাক্টর, ক্লিন এনার্জি, টেলিকম, ফার্মাসিউটিক্যালস-সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক উন্নতির লক্ষ্যে 10 বছরের রোডম্যাপ তৈরি করেছে ভারত ও জাপান ৷ এই রোডম্যাপের প্রধান লক্ষ্য হল দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা ৷ এর মধ্যে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা, গতিশীলতা, পরিবেশগত স্থায়িত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন, স্বাস্থ্য-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ৷ মহাকাশ ক্ষেত্রে প্রভূত উন্নতির লক্ষ্যেও এই সফরকালে জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী ৷

NARENDRA MODI JAPAN VISIT
বুলেট ট্রেনে প্রধানমন্ত্রী (পিটিআই)

উল্লেখ্য, শুক্রবার জাপান সফরের শুরুতে বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জানান, ভারত এবং জাপান একসঙ্গে এশিয়া মহাদেশকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে ৷ তাঁর কথায়, জাপানের উৎকর্ষতা এবং ভারতের দক্ষতা একত্রিত হলে উন্নয়নের পথ আরও সুগম হয় ৷ সেই সঙ্গে এদিনের ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, বায়ো টেকনোলজি এবং কোয়ান্টম কম্পিউটিংয়ের ক্ষেত্রে ভারত কী কী ধরনের উদ্যোগ নিয়েছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

জাপানের প্রযুক্তি এবং ভারতের দক্ষতা এই শতাব্দীতে বিপ্লব আনতে পারে বলে দাবি করে মোদি জানান, আফ্রিকার বিভিন্ন দেশে জাপানের বাণিজ্য বৃদ্ধি ভারত ছাড়া সম্ভব নয় ৷ ওই সমস্ত দেশ ধীরে ধীরে উন্নয়নের পথে পা বাড়াতে শুরু করেছে ৷ তাতে ভারত এবং জাপানের দুটি দেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ৷ সফর শেষে এই বিষয়গুলির উপরই জোর দিলেন প্রধানমন্ত্রী ৷

এদিন সকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেনে সেন্ডাই পৌঁছন মোদি ৷ টোকিয়ো থেকে 300 কিমি দূরে এই শহরে সেমিকন্ডাক্টর প্রকল্প পরিদর্শনে করেন তিনি ৷ সেন্ডাইয়ের মিয়াগি প্রদেশে প্রধানমন্ত্রী মোদির জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ৷ এর আগে এদিন সকালে টোকিয়োতে জাপানের 16টি প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী ৷

ভারত-জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক অ্য়ান্ড গ্লোবাল পার্টনারশিপের আওতায় এদিনের এই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ বৈঠক প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "এদিন সকালে টোকিয়োতে জাপানের 16টি প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক হল ৷ ভারত-জাপান বন্ধুত্বের ক্ষেত্রে জাপানের প্রাদেশিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ ৷ সেই কারণে গতকাল 15তম বার্ষিক সম্মেলনে এই বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷" প্রধানমন্ত্রী জানান, দু'দেশের বাণিজ্য, উদ্ভাবন, শিল্প, অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম ৷

পড়ুন: বিনিয়োগের সেরা গন্তব্য ভারত, জাপানে দাবি মোদির