ETV Bharat / international

নজর নির্বাচনে ! ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে বিহারের মেয়ে বললেন মোদি

বিধানসভা নির্বাচনের আগে বিদেশ সফরে গিয়ে একাধিকবার বিহারের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী ৷ বিহারের মন পেতেই এমন উদ্যোগ বলে মত রাজনৈতিক মহলের ৷

PM MODI IN TRINIDAD AND TOBAGO
এক ফ্রেমে দু'দেশের প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By ANI

Published : July 4, 2025 at 8:37 AM IST

2 Min Read
Choose ETV Bharat

পোর্ট অফ স্পেন, 4 জুলাই: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারকে বিহারের মেয়ে বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর জন্য সরযু নদী এবং মহাকুম্ভের পবিত্র জলও নিয়ে এসেছেন ৷

আর মাত্র কয়েকমাস বাদেই বিহারের বিধানসভা নির্বাচন ৷ সেদিক থেকে বিদেশ সফরে এসে প্রধানমন্ত্রী যেভাবে বিহারের প্রসঙ্গ তুলে ধরলেন তা অবশ্যই তাৎপর্যপূর্ণ ৷ শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে বিহারের মেয়ে বলে সম্বোধন করাই নয়, মোদির সফরের প্রথমদিনের অনেকটা জুড়েই ছিল বিহার ৷

ঘানা সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দু'দিনের সফরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী ৷ পরে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, "প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের পরিবারের সদস্যরা একটা সময় বিহারের বক্সারে থাকতেন ৷ প্রধানমন্ত্রী নিজেও সেখানে গিয়েছেন ৷ বিহারের বাসিন্দারা তাঁকে নিজের মেয়ে বলেই মনে করেন ৷" উল্লেখ্য, 2012 সালে বিহারের বক্সারের ভেলপুরের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী ৷

এরপরই মোদি বলেন, "আপনারা সকলেই জানেন, এ বছরের শুরুর দিকে মহাকুম্ভ মেলা হয়েছিল ৷ আমার সৌভাগ্য আমি সেই জল আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি ৷" অনুষ্ঠানে উপস্থিত অনেকেরই পূর্বপুরুষ বিহারের বাসিন্দা ছিলেন ৷ সে কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, " আপনাদের অনেকের পূর্বপুরুষ বিহারে থাকতেন ৷ আর তাই আমি মনে করি বিহারের এই সমৃদ্ধশালী ঐতিহ্য শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছেই গর্বের বিষয় ৷"

অনুষ্ঠানে আলাদা করে গিরমিতিয়া সম্প্রদায়ের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি ৷ উনিশ ও বিশ শতাব্দীতে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে বহু শ্রমিককে ব্রিটেন অধীনে থাকা কয়েকটি দেশে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেই সূত্র ধরেই অন্য আরও কয়েকটি জায়গার মতো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় ভারতীয়দের আসা ৷ এ প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, "প্রবাসী ভারতীয় দিবসে আমি গিরমিতিয়া সম্প্রদায়কে সম্মান জানাতে উদ্যোগ নিয়েছি ৷ তাঁদের জন্য যা যা করা দরকার সেটা আমি করেছি ৷ " তাঁর মতে, এ দেশে ভারতীয় আসা এবং তারপর নিজের যোগ্যতায় দেশের উন্নতিতে সামিল হওয়ার নেপথ্যে আছে লড়াকু মানসিকতা ৷

মোদির ভাষণের পরবর্তী অংশেও বিহারের কথা ফিরে আসে ৷ তিনি বলেন, "গণতন্ত্র থেকে রাজনীতি এবং কূটনীতি বা উচ্চশিক্ষা- অতীতে সব ক্ষেত্রেই বিহার উন্নতির শিখরে উঠেছিল ৷ গোটা দুনিয়াকে জ্ঞান-বিজ্ঞানের পথ দেখিয়েছে বিহার ৷" অতীতের পাশাপাশি বিহারের আগামী নিয়েও আশাবাদী প্রধানমন্ত্রী ৷ তাঁকে বলতে শোনা যায়, "আমি মনে করি একবিংশ শতাব্দীতেও পৃথিবীকে বিহার পথ দেখাবে ৷ অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠে দেশ তথা দুনিয়াকে নতুন দিশা দেখাবে বিহার ৷ "