ETV Bharat / international

মোদি-ট্রাম্প বৈঠক, 2030 সালের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য

আগামী 5 বছরেই ভারত-আমেরিকার বাণিজ্য দ্বিগুণ হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে বললেন নরেন্দ্র মোদি ৷

Modi Trump Meeting
মোদি-ট্রাম্পের বৈঠক (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 14, 2025 at 7:34 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি: হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক ৷ ভারত-মার্কিন বৃহৎ অংশীদারিত্বের জন্য সহমত দুই রাষ্ট্রনেতা ৷ 2030 সালের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও আমেরিকা আগামী পাঁচ বছরের মধ্যে 500 বিলিয়ন মার্কিন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই দুই দেশ উন্নয়নের জন্য একই লক্ষ্য নিয়ে কাজ করে। তাই, আমরা এক সঙ্গে কাজ করলে বিশ্বকে একটা নতুন আকার দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন মোদি ৷

ভারত-মার্কিন বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য (ইটিভি ভারত)

বৈঠকে পর দুই রাষ্ট্রনেতা যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷ মোদি জানান, ভারত ও আমেরিকা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। আগামী 2030 সালের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়ে 500 বিলিয়ন ডলার হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি জানান, আমেরিকার মানুষ ট্রাম্পের লক্ষ্য (MAGA) সম্পর্কে অবগত ৷ ভারতের জনগণও 2047 সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও আমেরিকা তেল ও গ্যাস বাণিজ্য আরও জোরদার করবে।

দুই দেশই এখন উন্নয়নের দিকে নজর দিয়েছে ৷ এ কথা উল্লেখ মোদি বলেন, "আমেরিকার মানুষ জানেন যে ট্রাম্প একটি নতুন লক্ষ্য নিয়েছেন ৷ তা হল 'মেক আমেরিকা গ্রেট এগেন'(MAGA)। আর আমরা 2047 সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার করার কথা বলেছি। আমেরিকার ভাষায় 'মেক ইন্ডিয়া গ্রেট এগেন'( MIGA)। আমেরিকা এবং ভারত যখন একসঙ্গে কাজ করে তখন তা হয়ে যায় 'মেগা পার্টনারশিপ ফর প্রোসপারিটি'। এই মেগা চেতনাই আমাদের লক্ষ্যগুলিকে নতুন মাত্রা এবং সুযোগ করে দেয় ৷ আজ, আমরা দ্বি-পাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছি ৷ যা 2030 সালের মধ্যে 500 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে। আমাদের টিম খুব শীঘ্রই একটি পারস্পরিক উপকারী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করবে।"

তিনি আরও ঘোষণা করেন যে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিকে এগিয়ে যাচ্ছে ৷ তিনি জানান, ভারত ও আমেরিকার মধ্যে অংশীদারিত্ব এবং সহযোগিতা একটি উন্নত বিশ্ব গঠন করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাত হয় মোদির ৷

দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়েও কথা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্য জোরদার করব। জ্বালানি পরিকাঠামো বিনিয়োগ বৃদ্ধি পাবে। পারমাণবিক শক্তি ও ছোট মডুলার চুল্লির ক্ষেত্রে আমাদের সহযোগিতা বিষয়েও কথা বলেছি। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৌশলগত এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে আমরা যৌথ উন্নয়ন, উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিকে সক্রিয়ভাবে এগিয়ে চলেছি । আগামিদিনে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে ৷"

উষ্ণ অভ্যর্থনা ও দুর্দান্ত আতিথেয়তার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি বলেন, "প্রথমত, 'আমার বন্ধু' ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা ও দারুণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও মার্কিন সম্পর্ককে প্রাণবন্ত করেছেন। তাঁর প্রথম মেয়াদে আমরা একসঙ্গে কাজ করেছি ৷ একই উৎসাহ, শক্তি এবং নিষ্ঠা, যা আমি আজও অনুভব করেছি। আজকের আলোচনায়, তাঁর প্রথম মেয়াদে আমাদের সাফল্য ও পারস্পরিক বিশ্বাস সম্পর্কে কথা হয়েছে ৷"