আরও উন্নত হবে সম্পর্ক, শেহবাজের সঙ্গে বৈঠকে জানালেন সৌদির যুবরাজ
দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে চায় সৌদি আরব ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে জানালেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন ৷

By PTI
Published : June 7, 2025 at 6:08 PM IST
ইসলামাবাদ, 7 জুন: দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে চায় সৌদি আরব ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এমনই মত পোষণ করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন ৷
বৃহস্পতিবার দু'দিনের সফরে সৌদি আরবে পৌঁছন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ শুক্রবার সৌদির যুবরাজের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পাক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার ৷
দুই দেশের পারস্পরিক চাহিদা ও জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গির সাদৃশ্যতার কথা মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়েছেন সৌদির যুবরাজ ৷ বৈঠকের পর দুই দেশের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গিতে সাদৃশ্যতা এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত জানিয়েছেন সৌদির যুবরাজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷
Exchanged Eid ul Adha greetings with my brother President Emomali Rahmon of Tajikistan this morning over telephone.
— Shehbaz Sharif (@CMShehbaz) June 7, 2025
Thanked him for the generous hospitality during my recent visit to Dushanbe and the successful Glacier Preservation Conference.
I appreciated Tajikistan’s…
বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছন পাক প্রধানমন্ত্রী ৷ এরপর হজ সম্পূর্ণ করে শুক্রবার মক্কায় সৌদির যুবরাজের সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি ৷ সৌদির মহারাজ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজকে ঈদের শুভেচ্ছা জানান পাক প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের প্রতি সৌদির আতিথেয়তার প্রশংসা করেন তিনি ৷
উল্লেখ্য়, পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্য়ে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে ৷ দুই দেশের এই আবহে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের সক্রিয় ভূমিকা প্রসঙ্গে এদিন প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্য়ে বর্ধিত রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়েও প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী ৷

