ETV Bharat / international

কাঠমান্ডুর রাস্তায় টহল সেনার, শান্তি ফেরাতে দেশজুড়ে কার্ফু

ছাত্র-যুব আন্দোলনের জেরে উত্তাল নেপালের নিয়ন্ত্রণ এখন সেনার হাতে ৷ সারা দেশে কার্ফু জারি করেছে সেনা ৷ নাগরিকদের অপ্রয়োজনে বেরতে নিষেধ করা হয়েছে ৷

Nepal Gen Z Protest
অগ্নিগর্ভ নেপাল (ছবি: এপি)
author img

By PTI

Published : September 10, 2025 at 2:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কাঠমান্ডু, 10 সেপ্টেম্বর: অগ্নিগর্ভ নেপালে কার্ফু জারি করল সেনা ৷ সরকারের সোশাল মিডিয়া বন্ধ করার প্রতিবাদে সোমবার থেকে প্রবল বিক্ষোভ শুরু করে জেন জেড ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে প্রাণ হারান 19 জন তরুণ ৷ মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় পড়শি দেশ ৷ ছাত্র-যুব আন্দোলনের মুখে ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ তাঁর পদত্যাগের পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ প্রধানমন্ত্রীর বাড়ি থেকে সংসদ ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, বিভিন্ন সরকারি কার্যালয়, রাজনৈতিক নেতাদের বাড়িঘর, চড়াও হয় বিক্ষুব্ধ তরুণরা এবং আগুন ধরিয়ে দেয় ৷

এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় নেপালের সেনা ৷ বুধবার ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশজুড়ে কার্ফুর নির্দেশ দিয়েছিল সেনা ৷ পরে সেই সময় বাড়িয়ে পরদিন ভোর 6টা পর্যন্ত করা হয়েছে ৷ পাশাপাশি সেনা সতর্ক করেছে, এই সময়ে আন্দোলনের নামে কোথাও আগুন লাগানো, সম্পত্তি ধ্বংস, নিশানা করে আক্রমণ ও হামলা চালালে তা অপরাধ বলেই গণ্য করা হবে ৷

সেনা বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছে, আন্দোলনকে সামনে রেখে ধর্ষণের হুমকি দেওয়া হতে পারে ৷ ব্যক্তিগত হামলার ঘটনাও ঘটতে পারে ৷ এই সবদিক মাথায় রেখে দেশের নিরাপত্তার স্বার্থে কার্ফু জারির সিদ্ধান্ত ৷ এর মধ্যে অবশ্য জরুরি পরিষেবার কারণে যানবাহনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে না ৷ অ্যাম্বুলেন্স, দমকলবাহিনীর গাড়ি, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা বাহিনীকে কার্ফুর বাইরে রাখা হয়েছে ৷

নাগরিকদের কোনও জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরতে নিষেধ করা হয়েছে বিবৃতিতে ৷ এর সঙ্গে সাধারণ মানুষের কাছে কোনও অস্ত্র, বন্দুক ইত্যাদি থাকলে তা পুলিশ পোস্ট বা নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের কাছে সমর্পণ করার আর্জি জানানো হয়েছে ৷

নেপালের রাজধানী কাঠমাণ্ডু-সহ অন্য সব গুরুত্বপূর্ণ শহরের রাস্তাগুলি খাঁ খাঁ করছে ৷ রাস্তায় টহল দিচ্ছে সেনা ৷ গতকাল রাত 10টা থেকে দেশের নিরাপত্তার দায়িত্বের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে নেপালি সেনা ৷

ইতিমধ্যে লুটপাট, সন্ত্রাসবাদ এবং ভাঙচুরের অভিযোগে কাঠমান্ডুর বিভিন্ন জায়গা থেকে 27 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ রাজধানীর চাবাহিল, বৌদ্ধা এবং গৌশালায় অভিযান চালিয়ে 3.37 লক্ষ নগদ, 31টি অস্ত্র, ম্যাগাজিন এবং বুলেট উদ্ধার করা হয়েছে ৷