আফগানিস্তানের বাগরাম ঘাঁটির দখল চান ট্রাম্প, বিরোধিতায় এককাট্টা ভারত-রাশিয়া-চিন-পাকিস্তান
রাষ্ট্রদূত বিনয় কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান এবং আফগান জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে সমর্থন জানিয়েছে ৷

By PTI
Published : October 8, 2025 at 11:57 AM IST
নয়াদিল্লি, 8 অক্টোবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ওয়াশিংটনের কাছে হস্তান্তরের ইচ্ছা প্রাকাশ করেছেন৷ ট্রাম্প দাবি করেছেন, আফগানিস্তানের তালিবান সরকার যেন সে দেশের বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে হস্তান্তর করে। ট্রাম্প বা আমেরিকার নাম উল্লেখ না করেই আফগানিস্তানে বিদেশী সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করেছে ভারত। রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত মস্কো ফর্ম্যাটের সপ্তম বৈঠকে অংশগ্রহণ করে, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলের মার্কিন প্রচেষ্টার বিরোধিতার জন্য রাশিয়া, চিন এবং আরও সাতটি দেশের প্রচেষ্টাকে সমর্থন করেছে ভারত।
তালিবান, পাকিস্তান, চিন এবং রাশিয়ার সঙ্গে ভারতও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখলের ইচ্ছার বিরোধিতা করেছে। মঙ্গলবার জারি করা এক যৌথ বিবৃতিতে, আফগানিস্তান বিষয়ক মস্কো ফর্ম্যাট কনসালটেশনের প্রতিনিধিরা, বাগরামের নাম না করেই বলেছেন, "আফগানিস্তান এবং প্রতিবেশী দেশগুলিতে দেশগুলির তাদের সামরিক পরিকাঠামো মোতায়েনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় ৷ কারণ, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করে না।" তালিবান শাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের কয়েকদিন আগেই ভারতের এই অবস্থান সামনে এলো।
আফগানিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চিন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বিশিষ্ট প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্তাদের স্তরে মস্কোতে আফগানিস্তান বিষয়ক মস্কো ফরম্যাট কনসালটেশনের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। বেলারুশের একটি প্রতিনিধিদলও অতিথি হিসেবে সভায় যোগদান করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছেন। বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের জন্য তালিবান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে তিনি একজন বিশেষ দূতও নিযুক্ত করেছেন। ট্রাম্প আরও বলেছেন যে, বাগরাম বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাইডেন প্রশাসন এটি পরিত্যাগ করে একটি গুরুতর ভুল করেছে। ট্রাম্প বলেছেন, তালিবানদের উচিত বাগরাম বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা৷ কারণ, এটি ওয়াশিংটন তৈরি করেছিল।
প্রসঙ্গত, পাঁচ বছর আগে আমেরিকা তালিবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার ফলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হয়। আমেরিকা তালিবানের বিরুদ্ধে 20 বছর ধরে যুদ্ধ চালিয়েছে ৷ সেই সময় বাগরাম বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করেছিল। বাগরাম ফেরত না দিলে তালিবানদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন ট্রাম্প। জাবিউল্লাহ মুজাহিদ ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন, "আফগানরা কোনও অবস্থাতেই তাদের ভূমি কারও হাতে হস্তান্তর করবে না।"

