ETV Bharat / international

মহাপ্রলয়ের আতঙ্কের মাঝে শিল্পের শক্তিকে জাগিয়ে রাখে লেখনী, সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির সাহিত্যিক

2025 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরির সাহিত্যিক লাজ়লো ক্রাসনাহোরকাই ৷ তিনি লেখক ও চিত্রনাট্যকার ৷ উত্তর-আধুনিকবাদের এই সাহিত্যিকের রচনা বর্তমান বিশ্বে প্রাসঙ্গিক ৷

László Krasznahorkai
হাঙ্গেরিয় সাহিত্যিক লাজ়লো ক্রাসনাহোরকাই (ছবি: নোবেল কর্তৃপক্ষের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত)
author img

By PTI

Published : October 9, 2025 at 7:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

স্টকহোম, 8 অক্টোবর: বিশ্বজুড়ে ধ্বংসের মাঝে শিল্পকে জাগিয়ে রাখার অনুপ্রেরণা জুগিয়েছে তাঁর মনোমুগ্ধকর রচনা ৷ 2025 সালে নোবেল পুরস্কারের জন্য হাঙ্গেরির সাহিত্যিক লাজ়লো ক্রাসনাহোরকাইকে বেছে নিয়েছে সুইডিশ অ্যাকাডেমি ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল 4.30 মিনিটে এই ঘোষণা করে নোবেল পুরস্কার কর্তৃপক্ষ ৷

71 বছর বয়সি হাঙ্গেরির সাহিত্যিক লাজ়লো ক্রাসনাহোরকাই পাঁচটি উপন্যাস লিখেছেন ৷ এছাড়াও তাঁর অসংখ্য লেখালিখি রয়েছে ৷ পেয়েছেন অজস্র পুরস্কারও ৷ হাঙ্গেরিয় ও জার্মান-সহ পাঁচটি ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন ৷ 2015 সালে তিনি আন্তর্জাতিক ম্যান বুকার প্রাইজ পেয়েছেন ৷ এবার আজীবনের সাহিত্য কর্মের জন্য নোবেল পেলেন ৷

1954 সালে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির একটি ছোট মফস্স্বল গিউলায় তাঁর জন্ম ৷ ইহুদি পরিবারের সন্তান ৷ তাঁর বাবা দীর্ঘদিন ইহুদি পরিচয় গোপন করে রেখেছিলেন ৷ গিউলার গা ঘেঁষে রোমানিয়ার সীমান্ত ৷ এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছবি তাঁর প্রথম উপন্যাস 'সাতানতাঙ্গো'-য় উঠে এসেছে ৷ 1985 সালে এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরপরই হাঙ্গেরির সাহিত্য সমাজে শোরগোল পড়ে যায় ৷ তিনি চিত্রনাট্যকারও ৷

উপন্যাসের প্রেক্ষাপট হাঙ্গেরিতে কমিউনিজমের পতন হওয়ার ঠিক আগের সময় ৷ দেশের শহরতলিতে একটি পরিত্যক্ত ফার্মে ঘরছাড়া মানুষের দল বাসা বেঁধেছেন ৷ তাঁদের ঘিরে আবর্তিত হয়েছে উপন্যাস ৷ শহরতলিতে তখন রাজত্ব করছে নিস্তব্ধতা এবং নানারকম অনুমান ৷ এমন সময় হঠাৎ আগমন হয় ক্যারিশম্যাটিক চরিত্র ইরিমিয়াস এবং তাঁর ঘনিষ্ঠ পেটরিনার ৷

সবাই ভেবেছিল তাঁরা আর বেঁচে নেই ৷ কিন্তু অবাক করা ফিরে আসা যেন সর্বহারাদের কাছে আশার বার্তা ৷ এবারই শেষ বিচার হবে, ভেবেছিলেন তাঁরা ৷ কিন্তু ইরিমিয়াস প্রতারক ৷ তার অসততা প্রায় সবাইকে বেঁধে ফেলে ৷ এই সময় একটা আশ্চর্য কিছু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে ঘরছাড়া মানুষগুলো ৷

এই উপন্যাসের জন্য তিন দশক পরে 2015 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন লাজ়লো ৷ তাঁর প্রথম উপন্যাসটি নিয়ে সাত ঘণ্টার দীর্ঘ সিনেমা তৈরি করেছেন পরিচালক বেলা টার ৷ 'সানতাতাঙ্গো' ছাড়া ক্রাসনাহোরকাইয়ের অন্য উপন্যাসগুলি - দ্য মেলাঙ্কলি অফ রেজিস্ট্যান্স, ওয়ার অ্যান্ড ওয়ার, হার্সস্ট 07769 ৷

নোবেল কর্তৃপক্ষ হাঙ্গেরিয় সাহিত্যিককে মহাকাব্য রচনাকার বলে উল্লেখ করেছে ৷ কাফকা থেকে থমাস বার্নহার্ডের মধ্যে দিয়ে ইউরোপিয় চিরাচরিত সাহিত্য রীতি অনুসরণে করেছেন তিনি ৷ সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, বিশ্বে মহাপ্রলয়ের আশঙ্কার মাঝেও তাঁর লেখনি শিল্পের শক্তিকে তুলে ধরে ৷ উত্তর-আধুনিকতাবাদের লেখক হিসাবে বিশেষ পরিচিত এই সাহিত্যিকের রচনা বর্তমান বিশ্বের পরিস্থিতিতে প্রাসঙ্গিক ৷ যিনি ধ্বংসের মধ্যে দিয়ে বাঁচার আশা জাগিয়েছেন ৷