ETV Bharat / international

জনরোষে পুড়েছে সুপ্রিম কোর্ট, প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলার নেতৃত্বে নেপালে অন্তর্বর্তী সরকার !

সুশীলাকে সমর্থন করেছে আন্দোলনকারীদের একাংশ ৷ জনরোষের সামনে নতিস্বীকার করে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি ওলি ৷ তারপর থেকে লাগু হয়েছে সামরিক শাসন ৷

Sushila Karki
নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (ইটিভি ভারত)
author img

By ANI

Published : September 10, 2025 at 7:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কাঠমান্ডু, 10 সেপ্টেম্বর: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি ৷ অশান্তির জেরে মঙ্গলবার ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ তারপর থেকে জারি হয়েছে সামরিক শাসন ৷ এমতাবস্থায় দেশের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে ৷ সূত্রের খবর, কয়েকটি রাজনৈতিক দলের পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের একটি অংশের সমর্থন রয়েছে সুশীলার প্রতি ৷

লাগামহীন দুর্নীতির পাশাপাশি সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন শুরু করে নেপালের যুবসমাজ ৷ সোমবার সেই আন্দোলন দমানোর চেষ্টা করে সরকার ৷ তাতে প্রাথমিকভাবে 19 জনের প্রাণ গিয়েছিল ৷ পরে মৃতের সংখ্যা বেড়ে হয় 25 ৷ আহত হন আরও 600 জন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷ সেদিক থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

আন্দোলনকারীদের মৃত্যুর খবর জানাজানি হতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা ৷ দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী (অধুনা প্রাক্তন)-সহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা হয় ৷ অশান্তির দায় নিয়েই প্রথমে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ৷ পরে একে একে কৃষিমন্ত্রী থেকে শুরু করে অন্যরা ইস্তফা দিতে থাকেন ৷ তবে তখনও ইস্তফা দিতে চাননি কমিউনিস্ট নেতা প্রধানমন্ত্রী ওলি ৷

এরইমধ্যে সরকারের অন্যতম বড় সহযোগী দল নেপাল কংগ্রেসের নেতারা জানান, তাঁরা সমর্থন প্রত্যাহারের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছেন ৷ তাতে ওলির সরকারের উপর চাপ আরও বাড়়তে থাকে ৷ শেষমেশ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেয় উন্মত্ত জনতা ৷ এরপর পদত্যাগ করা ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না ওলির কাছে ৷ বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে নেপাল সংসদ ভবন ও সুপ্রিম কোর্টে ৷ এবার শীর্ষ আদালতেরই প্রাক্তন প্রধান বিচারপতিকে দেশের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দেখতে চায় আন্দোলনকারীরা ৷

সুশীলা-পরিচয়

সুশীলা কার্কির জন্ম 1952 সালের 7 জুন ৷ নেপালের বৃটানগরে ৷ পরিবারের সপ্তম সন্তান সুশীলা 1979 সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ৷ 2009 সালে বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে যোগ দেন ৷ তখন অবশ্য তিনি ছিলেন অস্থায়ী বিচারপতি ৷ পরের বছর মানে 2010 সাল থেকে স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন ৷ আরও পরে 2016 সালের জুলাই থেকে 2017 সালের জুন মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন ৷ প্রথমে আইনজীবী ও পরে বিচারপতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অবদান রেখেছেন সুশীলা ৷