ট্রাম্প আরোপিত বহু শুল্কই বেআইনি, জানাল মার্কিন আদালত
মার্কিন ফেডারেল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত মামলার শুনানি হয় ৷ শুক্রবারের রায়ে আদালত জানায়, জরুরি ক্ষমতা আইনের অধীনে ট্রাম্প তাঁর কর্তৃত্ব লঙ্ঘন করেছেন ৷

Published : August 30, 2025 at 10:59 AM IST
|Updated : August 30, 2025 at 11:29 AM IST
ওয়াশিংটন, 30 অগস্ট: আদালতে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আরোপিত বহু শুল্ক বেআইনি ৷ শুক্রবার শুল্ক সংক্রান্ত একটি মামলার রায়ে এমনটাই জানাল মার্কিন আপিল আদালত ৷ তবে বিশ্ব বাণিজ্যের উপর প্রভাব ফেলা এই শুল্কের উপর আপাতত কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না ৷ ফলে, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য আরও কিছুটা সময় রয়েছে মার্কিন প্রেসিডেন্টের কাছে ৷
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দেশের শুল্কনীতিতে একাধিক বড় পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ নয়া এই শুল্কনীতির প্রভাবে বিশ্ব বাণিজ্যে অস্থিরতার সৃষ্টি হয় ৷ সম্প্রতি ট্রাম্পের এই নয়া শুল্কনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত ৷ আদালতের পর্যবেক্ষণ, ক্ষমতার বাইরে গিয়ে শুল্কনীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ৷
শুক্রবার নিম্ন আদালতের সেই রায়কে মান্যতা দিল মার্কিন ফেডারেল সার্কিটের আপিল আদালত ৷ তবে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত শুল্ক বহাল রাখার অনুমতি দিয়েছেন বিচারক ৷ এই সময়ের মধ্যে আপিল আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লড়াই করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ৷ এদিনের রায়ে আপিল আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প তাঁর জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছেন । কিন্তু তিনি নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন।
ALL TARIFFS ARE STILL IN EFFECT! Today a Highly Partisan Appeals Court incorrectly said that our Tariffs should be removed, but they know the United States of America will win in the end. If these Tariffs ever went away, it would be a total disaster for the Country. It would make…
— Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) August 29, 2025
আদালতের এই রায় নিয়ে নিজের মতামত সোশাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লেখেন, "সমস্ত শুল্ক এখনও বহাল রয়েছে ৷ আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত বলে জানিয়েছে আপিল আদালত ৷ কিন্তু তারা জানে শেষপর্যন্ত আমেরিকাই জিতবে ৷ শুল্ক সরিয়ে নিলে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে ৷ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ব আমরা ৷" তিনি আরও লেখেন, "অন্যান্য দেশের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি আমেরিকা আর সহ্য করবে না ৷ অন্যান্য দেশগুলির একতরফা শুল্কও আর সহ্য করা হবে না আমেরিকার তরফে ৷"
তবে আপিল আদালতের শুক্রবারের এই রায় মার্কিন প্রেসিডেন্টের কাছে বড় ধাক্কা ৷ নয়া শুল্কনীতির অধীনে একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন ট্রাম্প ৷ এই আবহে সুপ্রিম কোর্ট মার্কিন শুল্কনীতির বিপক্ষে রায় ঘোষণা করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের চুক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ তবে, ট্রাম্প প্রশাসন ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি এবং অন্যান্য পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে, তা নিয়ে কোনও রায় দেয়নি আপিল আদালত ৷
উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকে বিশ্বের সঙ্গে দেশের বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের সিদ্ধান্ত নেন ট্রাম্প ৷ এই বিষয়ে একাধিক দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য শুল্ক আরোপ করেন ৷ গত 2 এপ্রিল ট্রাম্পের নয়া শুল্কনীতি ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্যমহলে অস্থিরতা দেখা দেয় ৷ বন্ধু দেশগুলির উপরও এর প্রভাব পড়ে ৷
বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানান, মার্কিন পণ্যের উপর যে দেশ যত পরিমাণ শুল্ক আরোপ করবে, ঠিক তত পরিমাণ পারস্পরিক শুল্ক আরোপ করা হবে সংশ্লিষ্ট দেশের রফতানিকৃত পণ্যের উপর ৷ মার্কিন প্রেসিডেন্টের দাবি, এর ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে ৷ এখনও পর্যন্ত ভারত ও ব্রাজিলের উপর সর্বোচ্চ শুল্ক ধার্য করেন ট্রাম্প ৷ এই দুই দেশের উপর আরোপীত শুল্কের পরিমাণ 50 শতাংশ ৷ নয়া এই শুল্কনীতির কারণে আমেরিকার সঙ্গে একাধিক দেশের বাণিজ্যেও ব্যাঘাত ঘটেছে ৷ অবনতি ঘটেছে দ্বিপাক্ষিক সম্পর্কের ৷ তালিকায় রয়েছে ভারতও ৷

