ETV Bharat / international

যুদ্ধে আগ্রহী নয় ভারত, জঙ্গিদের মদত দেয় পাকিস্তান ; সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক থারুরের

থারুর বলেন, "নিজেদের লক্ষ্য পূরণ করতে সন্ত্রাসের আশ্রয় নিতেও আটকায় না পাকিস্তানের ৷ ভারত কখনওই এই আচরণ বরদাস্ত করবে না ৷"

Tharoor
শশী থাররু (ছবি : এএনআই)
author img

By ANI

Published : May 25, 2025 at 8:35 AM IST

2 Min Read
Choose ETV Bharat

নিউইর্য়ক, 25 মে: কৃটনৈতিক সফরে আমেরিকায় গিয়ে সন্ত্রাসবাদের প্রশ্নে গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ শশী থাররু ৷ প্রত্যাশামতোই তীব্র আক্রমণ করলেন পাকিস্তানকেও ৷ তাঁর কথায়, "পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আগ্রহী নয় ভারত ৷ স্থিতাবস্থা বজায় রেখে দেশের নাগরিকদের এক উন্নত বিশ্ব উপহার দেওয়াই আমাদের লক্ষ্য ৷ কিন্তু ইসলামবাদ ভারতের নেতৃত্বে থাকা এলাকায় কর্তৃত্ব ফলাতে চায় ৷ আর তার জন্য সন্ত্রাসের আশ্রয় নিতেও তাদের আটকায় না ৷ ভারত কখনওই এই আচরণ বরদাস্ত করবে না ৷" অন্য একটি প্রসঙ্গে শশী জানান, তিনি শাসক শিবিরের অংশ নন ৷ বিরোধী দল করেন ৷ তবে সন্ত্রাসের প্রশ্নে সরকারের পাশে আছেন ৷

পাকিস্তান জঙ্গিদের মদত দেয় ৷ গোটা দুনিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠিয়েছে ভারত ৷ এই সফরের অঙ্গ হিসেবে আমেরিকা এসেছে শশীর নেতৃত্বে থাকা দলটি ৷ এখানে এসে স্থানীয় সময় শনিবার 2001 সালের 11 সেপ্টেম্বর হওয়া জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় ভারতীয় দল ৷ নিউইর্য়কের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় হাই-কমিশনে আসেন শশীরা ৷ সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেশের এই প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী ৷

তিনি বলেন, "আমাদের দেশে আরও একটা জঙ্গি হামলা হয়েছে ৷ তারপর আমরা এমন এক শহরে এসেছি যা সন্ত্রাসবাদের যন্ত্রণা কী সেটা খুব ভালো করে বোঝে ৷ সফরের শুরুতে স্মৃতিসৌধে গিয়ে আমরা গোটা দুনিয়াকে এক বিশেষ বার্তা চেয়েছি ৷ বলতে চেয়েছি, সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা ৷ সন্ত্রাসবাদকে পরাজিত করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ৷"

এদিন 22 এপ্রিল হওয়া পহেলগাওঁয়ের জঙ্গি হামলা নিয়ে সরব হন শশী ৷ তিনি জানান, জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে ৷ এর থেকেই স্পষ্ট বোঝা যায় তারা চেয়েছিল দেশের অন্যত্র ধর্মের প্রশ্নে বিভাজন হোক, অরাজকতার সৃষ্টি হোক ৷ এরপরই জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষদের ভূমিকার প্রশংসা করেন শশী ৷ তাঁর কথায়, "সমস্ত বিভাজন দূরে সরিয়ে রেখে উপত্যকার নাগরিকরা প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সাধরণ মানুষ সকলেই জঙ্গি হামলার নিন্দা করেছেন ৷ তাঁদের স্পষ্ট প্রতিবাদ বুঝিয়ে দিয়েছে এই হামলার নেপথ্যে কারা আছে ৷ "