কাজল-টুইঙ্কেলের 'Two Much' প্রশ্নের মুখে বলি তারকারা ! ফাঁস গোপন কথা
কাজল-টুইঙ্কেলের কঠিন প্রশ্ন বাণে জর্জরিত করণ জোহর-সলমন থেকে আমির-গোবিন্দা ৷

By ETV Bharat Entertainment Team
Published : September 15, 2025 at 2:42 PM IST
হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: এই দুই তারকাদের মুখে যে কোনও রকম ফিল্টার কাজ করে না, তা অনেকেরই জানা ৷ ফলে এই দুই তারকাদের মুখোমুখি হওয়া মানে বিতর্কের অঘটন ঘটার অপেক্ষা ৷ কাজল-টুইঙ্কল খান্নার প্রশ্নের মুখে এবার করণ জোহর থেকে শুরু করে সলমন খান, আমির খান, ভিকি কৌশল, চাঙ্কি পাণ্ডে, গোবিন্দা, আলিয়া ভাট, কৃতি স্যাননের মতো তারকারা ৷ আসছে নতুন টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' ৷ প্রকাশ্যে সেই শোয়ের মজাদার ট্রেলার ৷
কিছুদিন আগেই এই শোয়ের ঘোষণা হয়েছে ৷ এবার সামনে এল শোয়ের দুষ্টু-মিষ্টি ঝলক ৷ যেখানে হট সিটে বসে তারকাদের নানা প্রশ্নে ঘায়েল করতে দেখা যাচ্ছে কাজল ও টুইঙ্কলকে ৷ ট্রেলার লঞ্চ ইভেন্টে কাজল বলেন, "এই শোয়ে তারকাদের আনফিল্টার অবতার দেখা যাবে ৷ আমি আর টুইঙ্কল একে অপরকে বহুদিন ধরে চিনি ৷ কখনও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি ৷ তবে হ্যাঁ, এই কাজ করে ভীষণ মজা পাচ্ছি ৷"
'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' (Two Much with Kajol and Twinkle) শোয়ের প্রোমোতে দেখা গিয়েছে বলিউডের বিগ স্টারদের ৷ দেখা গিয়েছে অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান জাহ্নবী কাপুরকেও ৷ শোয়ের অতিথি তারকাদের প্রসঙ্গে টুইঙ্কল জানান, "আমরা আমাদের বন্ধুদের ফোন করেছিলাম যারা বলে যে তাঁরা বন্ধু নয় ৷ আমরা এই শোয়ে ইন্সরেন্স এজেন্ট ও টেলিমার্কেটার্সদের মতো আচরণ করেছি ৷ আমরা সবাইকে ফোন করেছি ৷ যাঁরা হ্যাঁ বলেছে তাঁদের নিয়ে এসেছি এই শোয়ে ৷" ট্রেলারে সেলিব্রিটিদের জগৎ ও তাঁদের মন খুলে কথা বলার একটা ঝলক উঠে আসে ৷ কাজলের কথায়, তিনি ও টুইঙ্কল যখনই একসঙ্গে বসেন সেখানেই মজাদার মুহূর্ত তৈরি হয় ৷ ফলে এই শোয়ে নানা মজাদার মুহূর্ত অবশ্যই থাকবে ৷
এতদিন ধরে যে কোনও টক শোয়ে বেশিরভাগ সময়ে সঞ্চালনা করতে দেখা গিয়েছে সেলেব অভিনেতাদের ৷ এবার সেই আসনে বলিউডের দুই অভিনেত্রী ৷ যেখানে থাকবে না ট্রাডিশনাল টক শোয়ের ফরম্যাট, ধরা বাঁধা প্রশ্ন ইত্যাদি ৷ তবে থাকবে তারকাদের সত্য কথা ৷ 25 সেপ্টেম্বর থেকে প্রত্যেক বৃহস্পতিবার এই শো সম্প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে (Prime Video) ৷

