ETV Bharat / entertainment

ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই টলিপাড়ায় পরিচালকদের 'ঘর ওয়াপসি'

নতুন পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ৷ তার থেকে বহু পরিচালক পুরনো সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে ফিরে আসছেন ৷

Tollywood directors
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 11, 2025 at 6:22 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ফেব্রুয়ারি: পরিচালক ও ফেডারেশন দ্বন্দ্বের মাঝে টলিপাড়ায় পরিচালকদের ঘর ওয়াপসির হিড়িক ৷ নতুন সংগঠন থেকে পুরনোতে ফিরছেন বহু পরিচালক ৷ এই খবরে সিলমোহর দিয়েছেন পুরনো পরিচালকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের এক সদস্য স্বয়ং ৷

গত বছরের মাঝামাঝি সময় থেকেই টলিপাড়া সরগরম । পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে দিয়ে ঘটনার সূত্রপাত । সে সময় পরিচালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা যায় টেকনিশিয়ানদের ৷ আর নতুন বছর পড়তে না পড়তেই ফের দ্বন্দ্ব শুরু হয় ফেডারেশন বনাম পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও সৃজিত রায়দের মধ্যে । তবে, দিনকয়েক আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের হস্তক্ষেপে সেই দ্বন্দ্বের সাময়িক মীমাংসা হয়েছে ৷ এরপর ফের স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে শুটিংও ।

তবে শুটিং শুরু হলেও বেশ শঙ্কায় ছিলেন ধারাবাহিক নির্মাতারা । তাঁদের আশঙ্কা, যে কোনও সময়েই বন্ধ হয়ে যেতে পারে শুটিং । তাই জোরকদমে শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নির্মাতারা । সমস্যা যে মিটেও পুরোপুরি মেটেনি, তার আভাস মিলল সোমবার । দিন কয়েক ধরেই স্টুডিয়ো পাড়ায় কানাঘুষো চলছিল যে, পরিচালকদের পুরোনো গিল্ড, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন (ইআইএমপিডিএ) নাকি নতুন করে সেজে উঠছে । একসময়ে যার সদস্য ছিলেন সত্যজিৎ রায়, তরুণ মজুমদার থেকে তপন সিনহার মতো পরিচালকেরা ।

টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, বছর পাঁচেক আগে কোনও মতানৈক্যের কারণেই নতুন পরিচালক সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র জন্ম হয় । যেখানে যোগ দেন টলি পাড়ার বহু পরিচালক । তাঁদের মধ্যেই কিছু পরিচালক আবার ফিরে যাচ্ছেন পুরনো সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে । আর এই খবরে মান্যতা দিয়েছেন পুরনো এই পরিচালক সংগঠনের সদস্য শুভম ।

জানা গিয়েছে, মাত্র হাজার টাকায় এখানে সদস্যপদ পাওয়া যায় পুরনো সংগঠনে । কিন্তু নতুন সংগঠনের সদস্য হতে গেলে নাকি দিতে হয় মোটা অংকের টাকা । সূত্রের খবর, ফেডারেশনও নাকি আগামিদিনে নতুনভাবে আসা পুরনো গিল্ডের সদস্যদের সমর্থন জানাবে । তাঁদের সব রকম সুবিধা দেবে, যা নাকি নতুন সংগঠনের সদস্যেরা পাবেন না । তাঁদের সদস্য পরিচয়পত্রকে মান্যতা দেবে না ফেডারেশন ।

এই ব্যাপারে অবশ্য ফেডারেশন কর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি ফোনে । দীর্ঘদিনের পরিচালক অনিন্দ্য সরকার বলেন, "আমরা অনেকেই পুরনো সংগঠনের সদস্য ছিলাম । পরে বেশ কিছু সমস্যার কারণে বেরিয়ে আসি অনেকেই । তবে, আবার কারা সংগঠনে ফিরছে বা ফিরছে না, এর কোনও সঠিক খবর আমার কাছে নেই । সবই আবছা কানে আসছে ।"

এই ব্যাপারে নীরব পরিচালক সুদেষ্ণা রায় থেকে সুব্রত সেন । তা হলে কি সাম্প্রতিককালের গোষ্ঠীদ্বন্দ্বই এই ঘর ওয়াপসির নেপথ্যে, নাকি পরিচালকদের মধ্যেই তৈরি হয়েছে মতপার্থক্য ? স্পষ্টভাবে জানা যাচ্ছে না কিছুই । ওদিকে খবর, পুরনো সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, যা নতুন করে আসছে, তার সদস্য সংখ্যা বেড়ে 750 হয়ে গিয়েছে । আরও জানা গিয়েছে, পরিচালকদের নতুন সংগঠনে বড় পর্দার থেকে ছোট পর্দার পরিচালকের সংখ্যাই বেশি । আর পুরনো সংগঠনে শুধু সিনেমার পরিচালকেরাই আছেন ।

প্রসঙ্গত, পুরনো সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন সদ্যপ্রয়াত পরিচালক রাজা মিত্র । এতদিন ধরে দুটো সংগঠনই সমান্তরালভাবে চলছিল । প্রশ্ন থেকে যায়, এভাবে একটি বিভাগের দু'টি সংগঠন কি থাকতে পারে ? যা কাজ করে চলেছে আলাদাভাবে । আরও প্রশ্ন, কারা কোন সংগঠনে থাকবেন ? সবটা জানতে হলে অপেক্ষাই কাম্য ।