রহস্য সমাধানে বেনারসে একেন বাবু, সঙ্গী তালিকায় একাধিক চমক
এবারের রহস্য আরও জটিল ৷ বেনারস পবিত্র ধামে সিগনেচার হিউমার নিয়ে উপস্থিত একেন বাবু ৷ অভিনেতাদের তালিকাতেও আছে দারুণ চমক।

By ETV Bharat Entertainment Team
Published : March 19, 2025 at 1:33 PM IST
কলকাতা, 19 মার্চ: চলতি বছরের একগুচ্ছ সিনেমা সিরিজের নাম ঘোষণা করেছে এসভিএফ। যেগুলি একে একে আসবে দর্শকের দরবারে। ওটিটিতে ইতিমধ্যেই হাজির 'ডাইনি'। আর এবার বড় পর্দায় আসতে চলেছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। হাজির হয়েছে ছবিতে চরিত্রদের লুক। অভিনেতাদের তালিকাতেও আছে দারুণ চমক।
‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে', 'এই রাত তোমার আমার'-এর অসাধারণ সাফল্যের পর এবার পালা ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র। হইচই স্টুডিয়োর তরফে বড় পর্দায় শীঘ্রই আসতে চলেছে এই ছবি। দর্শকের মন শুরুর দিন থেকেই জিতে নিয়েছেন একেন্দ্র সেন।
আসন্ন এই ছবিতে থাকছে ভরপুর সাসপেন্স-এর পাশাপাশি একেনের সিগনেচার হিউমার। ছবির পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। একেনবাবুর চরিত্রে এক এবং অদ্বিতীয় অনির্বাণ চক্রবর্তী। বাপির চরিত্রে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় আর প্রমথের চরিত্রে অভিনয় করছেন সোমক ঘোষ। বেশ কিছু নতুন মুখের সারি থাকবে এবারের পর্বে। একেন বাবুর টিমে সবচেয়ে বড় চমক যে অভিনেতা, তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। 'বেনারসে বিভীষিকা' ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই প্রথম একেন ফ্যাঞ্চাইজ়িতে কাজ করছেন শাশ্বত ৷
এছাড়াও রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, বিশ্বনাথ বসু, ইশা সাহা, সাগ্নিক চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, শ্রীজা ভট্টাচার্য, কৌশিক হাফিজি-সহ আরও অনেকে। এবারের রহস্য আরও জটিল। বেনারসের কোণায় কোণায় ছড়িয়ে আছে রহস্য। শোনা যাচ্ছে, এই মুহূর্তে একেন ও তাঁর টিমও বেনারসে রয়েছে ছবির শুটিংয়ে। সেই সঙ্গে এবারের রহস্য গল্পে যোগ দিচ্ছেন টলিপাড়ার বহু চেনামুখ। আপাতত গোটা বেনারসজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টিম একেন।

