ETV Bharat / entertainment

শৈশবের সরলতায় বেঁচে থাক কল্পনা, আসছে সুমন অধিকারীর 'মিশমি'

কল্পনার জল রঙ যখন বাস্তাবের মাটিতে মেশে... 10 বছরের শিশুর দৃষ্টিকোণ থেকে সরলতা-আবেগের অন্যরকম যাত্রার কথা বলে 'মিশমি' ৷

suman-adhikarys-mishmi-a-journey-of-young-girl-whose-dreams-blur-the-line-between-imagination-and-reality
আসছে সুমন অধিকারীর 'মিশমি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : October 12, 2025 at 3:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 অক্টোবর: একটা কথা বড়দের সবসময় বলতে শোনা যায়, স্বপ্ন না দেখলে তা সত্যি করার সাহস তৈরি হয় না ৷ আবার অনেক সময় কল্পনার জগতে রঙিন আঁকিবুঁকি বাস্তবের মাঠিতে সজোরে আছড়েও ফেলে ৷ ঠিক তেমনই কল্পনা আর বাস্তবের মাঝখানে আটকে পড়া 'মিশমি'র (MISHMI) গল্প নিয়ে হাজির পরিচালক সুমন অধিকারী (Suman Adhikary) ৷ এর আগে পরিচালকের 'উইডোস শ্যাডো' (Widow's Shadow) প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ এবার তিনি নিয়ে আসছেন মন ছুঁয়ে যাওয়া এক অন্য রকম গল্প ৷ প্রকাশ্যে এসেছে সিনেমার চরিত্রদের প্রথম ঝলক ৷

প্রেক্ষাপট

সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে অসমের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাজুলি দ্বীপে 10 বছরের এক ছোট্ট মেয়ের জার্নিকে কেন্দ্র করে ৷ যাঁর এই সফরে কল্পনা ও বাস্তবতার সুক্ষ্ম বা ধূসর রেখা ধরা পড়েছে পরিচালকের ক্যামেরার লেন্সে ৷ দশ বছর বয়সী মিশমি, মেধাবী, সৃজনশীল, বিস্ময়ে পরিপূর্ণ ৷ সে তার স্বপ্নের জগতে লাল-নীল-সবুজের মোড়কে খেলতে পছন্দ করে ৷ তার জীবনে প্রিয় মানুষ দিদা ৷

যার কাছে রয়েছে তার ভালোবাসার আশ্রয় ৷ তার প্রত্য়েকটা দিন বাহারি গল্প ও তার স্বপ্নের রাজপুত্রের সঙ্গে নীরব ফিসফিসানির মধ্যে কেটে যায় ৷ আচমকাই শান্ত পুকুরে ঢিল পড়লে ঠিক যেমন হয় তেমন মিশমির স্বপ্নের বাড়িতে পড়ে পাথর ৷ কল্পনার বাইরের জীবনের কঠিন সত্যকে কীভাবে মেনে নেবে ছোট্ট মিশমি ? উত্তর দেবে এই সিনেমা ৷

পরিচালক সুমনের কথায়, "এই সিনেমার মাধ্যমে আমি সরলতা ও উন্মেষের বিকাশকে তুলে ধরতে চেয়েছি ৷ সিনেম্যাটিক আকারে বলতে চেয়েছি কীভাবে কল্পনা আমাদের বাস্তবতাকে প্রকাশ্যে নিয়ে আসে ৷ মাজুলির শান্ত প্রাকৃতিক দৃশ্যকে প্রেক্ষাপট করে এই সিনেমা এক শিশুর দৃষ্টিকোণ থেকে সরলতা-আবেগের অন্যরকম যাত্রাকে বর্ণনা করে ৷"

মুখ্যচরিত্রে রয়েছেন কারা?

সিনেমার গল্প, স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন সংকলিতা রায় ৷ প্রযোজনা করেছে সুবির দত্ত প্রোডাকশনস ও ব়্য়াট রেস ফ্রেমস ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফ্লোরিনা গগৈ, সুস্মিতা মুখোপাধ্যায়, অথর্ব বিশ্বকর্মা, পার্থ দত্ত, মানোস বোর্থাকুর, সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও সংকলিতা রায় ৷ 'মিশমি' মুক্তি পাবে আগামী বছর ৷ তারিখ এখনও ঠিক হয়নি ৷ তবে তার আগে পরিচালকের কথায় এই সিনেমাকে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ৷