কৃষ্ণপ্রাণা কন্যের নাস্তিক স্বামী ! জমবে কি রসায়ন ? আসছে 'বৃন্দাবন বিলাসিনী'
নতুন ধারাবাহিক 'বৃন্দাবন বিলাসিনী'তে অন্যরকম গল্প দেখার আশায় দর্শকরা ৷

By ETV Bharat Entertainment Team
Published : August 5, 2025 at 12:18 PM IST
কলকাতা, 5 অগস্ট: ভগবান কৃষ্ণের গান ছড়িয়ে দেওয়া যার উদ্দেশ্য সেই কৃষ্ণপ্রাণা বিনুর বিয়ে হয়েছে কালী ভক্ত পরিবারের ছেলে কৃশের সঙ্গে ৷ স্বামী কিন্তু ঘোর নাস্তিক ৷ কীভাবে সংসার করবে বিনু ? প্রাণের কীর্তন ছাড়তে হবে তাকে ? বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বৃন্দাবন বিলাসিনী'। এক কৃষ্ণপ্রাণা কন্যে এই গল্পের নায়িকা।
গল্প আবর্তিত হবে বিনুকে কেন্দ্রে রেখে ৷ সে গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। সে ভগবান শ্রী কৃষ্ণের জন্য কীর্তন গাইতে পছন্দ করে। বিশ্বের দরবারে ভগবান কৃষ্ণের গান ছড়িয়ে দেওয়ার আশা তার। ওদিকে তার একেবারে বিপরীত মেরুর বাসিন্দা কৃশ। সে ওষুধ নিয়ে গবেষণা করছে। ঈশ্বরে মোটে বিশ্বাস নেই তার। কৃশের সঙ্গে দেখা হয় বিনুর। বিয়েও হয়। ওদিকে কৃশের পরিবার কালী ভক্ত। সেখানে মা কালীর আরাধনা হয় শুধু। কৃষ্ণের কোনও জায়গা নেই সেখানে। কী করবে তা হলে বিনু? সে যে কৃষ্ণ ছাড়া অচল। অন্যরকম গল্প নিয়ে সান বাংলায় শুরু হতে চলেছে নতুন এই ধারাবাহিক ৷
বিনুর চরিত্রে সুদীপ্তা রায়। তিনি বলেন, "বিনু গরীব ঘরের খুব সাধারণ একটি মেয়ে। সে কৃষ্ণ ভক্ত। আর গোটা বিশ্বে কীর্তনকে জনপ্রিয় করে তুলতে চায় সে। ঠিক যতটা আজকের মডার্ন মিউজিক প্রত্যেক মানুষের কাছে জনপ্রিয় ততটাই কীর্তনকে সে জনপ্রিয় করে তুলতে চায়। কৃশের সঙ্গে দেখা ও বিয়ে হয়। তখনই আসল লড়াই শুরু হয় বিনুর। কারণ কৃশ বিনুর থেকে আলাদা। তার পরিবারে শুধু কালীর পুজো হয়। সেখানে কৃষ্ণের কোনও জায়গা নেই। সেই পরিবারে পা রাখা মাত্র বিনুর জীবনে নানা সমস্যা শুরু হয়। তাদের পরিবারের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থানের বড় পার্থক্য আছে। সেখানে গিয়ে বিনু পারবে তো মানিয়ে নিতে? কৃশের সঙ্গে তার বিবাহিত সম্পর্ক কোনওদিন কি ভালোবাসায় পরিণত হবে? এমন অনেক প্রশ্নের উত্তর দিতেই আমরা আসছি খুব তাড়াতাড়ি। "
কৃশের ভূমিকায় দেখা যাবে রাহুল গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেন, "খুব ভালো একটা গল্প। আমার চরিত্রটাও চ্যালেঞ্জিং বলব। আমি এখানে কৃশের ভূমিকায়। সে খুব আধুনিক। সে বিদেশে থাকতে চায়। মা অন্তপ্রাণ একটি ছেলে। বিনুর সঙ্গে দেখা হয় তার। যে কিনা কৃষ্ণভক্ত। সারাদিন সে কীর্তন গায়। তবে, কৃশ কেন ভগবানে বিশ্বাস করে না তার মধ্যে রহস্য আছে।"

