'জগন' মানুষ হিসাবে আমাকে বদলে দিয়েছে- সুব্রত দত্ত
শুটিংয়ের শেষ দিন সকলের সামনে সেটে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা সুব্রত দত্ত ৷ শুটিং শেষ হতেই হাত-পা কাঁপতে থাকে অভিনেতার ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 13, 2025 at 4:12 PM IST
|Updated : October 13, 2025 at 4:34 PM IST
হায়দরাবাদ, 13 অক্টোবর: কথাতেই আছে পাগলের মন বৃন্দাবন ! শহর হোক প্রত্যন্ত গ্রাম, জীবনের রোজ নামচায় কোনও না কোন জগনের সঙ্গে দেখা হয় প্রতিদিন ৷ বাস্তবের পাতা থেকে তেমনই এক চরিত্র পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন অভিনেতা সুব্রত দত্ত (Subrata Dutta) ৷ সঞ্জীব দে পরিচালিত 'জগন' (Jagan) এবার জায়গা করে নিল মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (Madrid International Film Festival 2025) ৷ সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে নমিনেশন পেয়েছে জগন ৷ উচ্ছ্বসিত অভিনেতা সুব্রত ৷
সিনেমায় নাম ভূমিকায় সুব্রত দত্ত ৷ গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2024) প্রশংসিত হয়েছে এই সিনেমা ৷ কিছুদিন আগেই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনি-তেও প্রদর্শিত জগন দর্শকদের ভালোবাসা পেয়েছে ৷ এবার মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে চারটি বিভাগে নমিনেশন পাওয়া প্রসঙ্গে অভিনেতা সুব্রত বলেন, "কিফ-এ একটু আভাস পেয়েছিলাম যে দর্শকদের এই সিনেমটা ভালো লাগছে ৷ আর এখানে আমার চরিত্র বিশেষভাবে সক্ষম একজনের ফলে চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল ৷ সেই কাজ করার পর সব জায়গায় প্রশংসা পেলে ভালো তো লাগেই ৷"
অভিনেতার কথায়, 25 বছর ধরে হিন্দি ও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি ৷ প্রত্যেকবার কোনও না কোনও চ্যালেঞ্জিং চরিত্রকে বেছে নিই ৷ শুধু পয়সা রোজগারই লক্ষ্য নয় ৷ ভালো চ্যালেঞ্জিং চরিত্রটা এখন দরকার ৷ যা দেখে দর্শকের ভালো লাগবে ৷ সেই চাপটাও কোথাও না কোথাও কাজ করে মনের মধ্যে ৷ এই সিনেমার ক্ষেত্রে সেটা আরও বেশি ছিল ৷ কেমন ভাবে হাঁটব, কেমন ভাবে বসব, পার্টিকুলার কোনও ভাষায় সংলাপ নেই ৷ সেগুলো নিয়ে নিজেকে তৈরি করা ইত্যাদি ছিলই ৷ আর সেখানে এনএসডি ট্রেনিং আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে ৷"
'জগন'-এর প্রস্তুতি
সত্যি ঘটনা অবলম্বনে তৈরি যে কোনও সিনেমায় সেই চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত হয় ৷ অন্য়থা হয়নি সুব্রতর ক্ষেত্রেও ৷ প্রায় তিন সপ্তাহের বেশি সময় লেগেছে জগন চরিত্র কীভাবে পর্দায় তুলে ধরা হবে তা নিয়ে ফাইনাল করতে ৷ অভিনেতার কথায়, "একটা নির্দিষ্ট ধরনে হাঁটা, কথা বলা এই সবকিছু আয়ত্ত করতে হয়েছে ৷ দীর্ঘ দুই থেকে আড়াই মাস নখ কাটিনি, চুল কাটিনি ৷ সিনেমায় পা টেনে টেনে হাঁটাটা আমাকে প্র্যাকটিস করতে হয়েছে ৷ আমার কাছে কোনও রেফারেন্স ভিডিয়ো ছিল না ৷ আমি নানা ভাবে চেষ্টা করি ৷ শুটিং সেটে পোশাক পরার পর আমি পরিচালককে দু-একটা হাঁটার স্টাইল দেখাই ৷ সেখানেই পরিচালক একটা স্টাইল দেখে ফাইনাল করেন ৷ কারণ যাঁর জীবনী নিয়ে সিনেমা তাঁকে দেখেছিলেন পরিচালক ৷ ফলে তিনি জানতেন কোন হাঁটার স্টাইলটা ঠিক হবে ৷"
সুব্রত জানান, 'চতুরঙ্গ' সিনেমায় যেমন শচীশ চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, 'মাধোলাল কিপ ওয়াকিং' সিনেমায় মাধোলাল চরিত্রটা যেমন চ্যালেঞ্জিং ছিল তেমনই 'জগন' চরিত্রটা চ্যালেঞ্জিং ৷ মূলত, মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাধোলালের চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সুব্রত ৷ অভিনেতার কথায়, "আমার কেরিয়ারে এটা তিন নম্বর সিনেমা যা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট ছিল ৷ কারণ জগনের চরিত্রটার কন্টিউনিটি ধরে রাখা, কথা বলার ধরন ইত্যাদি মেইনটেন করা ভীষ টাফ ছিল ৷ যার জন্য আমাকে পরে চিকিৎসকের কাছেও যেতে হয় ৷"
শুটিংয়ের শেষ দিন কান্নায় ভেঙে পড়েন অভিনেতা
ভুবনেশ্বরে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27দিন টানা শুটিং ৷ 'জগন' চরিত্রে ঢুকে যাওয়া সুব্রত শুটিংয়ের শেষ দিন নিজেকে আর সামলাতে পারেননি ৷ অভিনেতা বলেন, "শেষ দিন আমি পুরো আউটবাস্ট করে গিয়েছি ৷ সেটের মধ্যেই হাউ হাউ করে কেঁদে ফেলি ৷ যেন মনে হল আমার মাথা থেকে কিছু একটা নেমে গেল ৷ ভীষণ হাল্কা অনুভব করছিলাম ৷ শুটিং শেষ হওয়ার পর যেন আমার হাত-পা কাঁপছিল ৷ একটা সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে ছিলাম ৷ আমি সাধারণত অ্যাগ্রেসিভ চরিত্রে অভিনয় করি ৷ কিন্তু এই সিনেমার গল্প এতটা গভীরে নিয়ে যায় যা মনের মধ্যে এক চাপ তৈরি করেছিল ৷"
জগন কি অভিনেতার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ? সুব্রতর কথায়, " এই সিনেমা বক্সঅফিসে কেমন ব্যবসা করবে আমি জানি না ৷ জগন সো কলড আর্ট ফিল্ম ৷ অনেক কম বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা ৷ ফলে সেই টাকা ঘরে তুলে নিতেও পারে ৷ তবে আমি এই টুকু বলতে পারি, 'জগন' মানুষ হিসাবে আমার মধ্যে পরিবর্তন এনেছে ৷ আমার নিজের মধ্যেই এক আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়েছে ৷ জগন করতে গিয়ে অভিনেতা হিসাবে যে বিষয়গুলো আমার মধ্য থেকে পরিচালক বের করে এনেছেন তাতে আমিও অবাক ৷"
সুব্রতর পাশাপাশি সিনেমায় জগনের ভাই বিশুর চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল ৷ অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বরূপা ঘোষ ৷ ইতিমধ্যেই 'জগন' ট্রেলারে মুগ্ধ দর্শকরা ৷ সিনেমাটি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হওয়ার পর খুব তাড়াতাড়ি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷

