ETV Bharat / entertainment

'আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখে ওরাই'- জন্মদিনে কাদের সঙ্গে বিশেষ প্ল্যান শ্রীলেখার ?

জন্মদিনে কী পরিকল্পনা অভিনেত্রী শ্রীলেখার মিত্রর ?

sreelekha-mitra-celebrates-her-birthday-talks-about-special-day-plan
জন্মদিনে কাদের সঙ্গে বিশেষ প্ল্যান শ্রীলেখার ? (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 30, 2025 at 3:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: অভিনেত্রী শ্রীলেখা মিত্রর আজ জন্মদিন। সামাজিক মাধ্যমে জন্মদিনের সকালে নিজের এক প্রাণখোলা হাসিমাখা ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, "এই চওড়া হাসির মেয়েটা আজ বহুদিন হল নিখোঁজ...,নাকি মেয়েটির চওড়া হাসি নিখোঁজ...?!!! ধুর ছাই সব গুলিয়ে গেল। ও মনে পড়েছে ..আজ মেয়েটির জন্মদিন।" তবে, তাঁর সামাজিক মাধ্যমে এই পোস্টের অনেক আগেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ইটিভি ভারত।

বিশেষ দিনটা কীভাবে সেলিব্রেট করেন অভিনেত্রী, জানতে চাওয়া হলে তিনি বলেন, "কিছু প্ল্যান নেই আমার ৷ আমি আমার বাচ্চাদের সঙ্গেই থাকি। আজও ওদের সঙ্গেই কাটাবো সারাটা দিন। গত বছর একা বাইরে চলে গিয়েছিলাম এই সময়ে। আর এ বছর অনেকগুলো টুকটাক কাজ আছে বলে আমি বেরোচ্ছি না। বাড়িতেই থাকব।"

অভিনেত্রী অকপটে বলেন, "এমনিতেও আমি কখনও খুব একটা হইহই করে কোনও হোটেলে বা পাবে গিয়ে জন্মদিন সেলিব্রেট করিনি প্রফেশনের মানুষজন নিয়ে ৷ বরাবর একটু পারিবারিক বন্ধুদের সঙ্গেই কাটিয়েছি এই দিনটা। তাছাড়া মা, বাবা চলে যাওয়া, তার পর মেয়েও দূরে পড়াশুনা করে তাই আমার পরিবার বলতে আমার এই ছানাপোনারাই, যারা আমার সঙ্গে সারাক্ষণ থাকে। আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখে ওরাই। ওদের সঙ্গেই তাই আজকের দিনটাও।"

নিজের ছন্দে, নিজের শর্তে নিজের সঙ্গে নিজে হইহই করে কাটানো একজন মানুষ শ্রীলেখা মিত্র। চেনা ও অচেনা গণ্ডিতে 'চাঁছাছোলা', 'স্পষ্টবাদী' শব্দগুলো তাঁর নামের সঙ্গে বিশেষণ হিসেবে জুড়ে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু তিনি একইরকম। বাংলা টিভি সিরিজ 'বালিকার প্রেম' দিয়ে কেরিয়ার শুরু তাঁর। একাধিক বাংলা ধারাবাহিক, টেলিফিল্ম, সিনেমায় শ্রীলেখা একটা সময় ছিলেন মোস্ট ওয়ান্টেড। অনিন্দ্য সরকারের পরিচালনায় 'তৃষ্ণা' নামের বাংলা টিভি সিরিজে তাঁর নবনীতা চরিত্রটি দর্শকের মনে ধরে৷ এরপর থেকে আর থেমে থাকেনি তাঁর কর্মজীবন। 'সমাধান', 'সপ্তমী', 'শ্রীমান ভূতনাথ', 'বাবা কেন চাকর', 'হঠাৎ বৃষ্টি', 'নাগ নাগিনী', 'নয়নের আলো', 'মধু মালতি', 'উড়োচিঠি', 'ভূতের ভবিষ্যৎ', 'স্মৃতিমেদুর' থেকে 'বরুণবাবুর বন্ধু', 'অভিযাত্রিক', 'তৃতীয় পুরুষ'- এই তালিকা শেষ হওয়ার নয়।

এই ডিজিটালের যুগে তিনি পাড়ি দিয়েছেন ওয়েবেও। 'রুদ্রবীণার অভিশাপ', 'কালা', 'ধীমানের দিনকাল' রয়েছে তালিকায়। আছে একাধিক ওড়িয়া ছবি। আছে মালয়ালম ছবি। বাংলা, হিন্দি দুই ভাষার টেলিফিল্মেই অভিনয় করেছেন তিনি। 2007 থেকে 2016 সাল অবধি 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার'-এর বিচারক ছিলেন তিনি। উল্লেখ্য, 2009-এ বিচারকের আসনে ছিলেন না শ্রীলেখা মিত্র। আজ তাঁর কাজের সংখ্যা কমলেও জনপ্রিয়তা ম্লান হয়নি এতটুকুও। সমালোচনার শিকার হন না তেমনটাও নয়। তবে, সেসবে বিশেষ পাত্তা দেন না তিনি। স্বাধীনভাবে মত প্রকাশে কুণ্ঠাবোধ করেন না এতটুকু। পথ পশুদের নিয়ে চিন্তার শেষ নেই তাঁর। এদের মধ্যে অনেককেই বাড়িতে নিয়ে এসেছেন তিনি। তারাই শ্রীলেখার ছানাপোনা। বড্ড আপনজন।