'নিশির ডাক' সিরিজের শুটিংয়ে ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি সৃজা-সুরঙ্গনা !
এই সিরিজে কাজ করতে গিয়ে নানা রকম ভয় পাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে দুই অভিনেত্রীর ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 10, 2025 at 10:11 AM IST
কলকাতা, 10 অক্টোবর: হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ 'নিশির ডাক'। ভূত চতুর্দশী এবং কালীপুজোর আবহেই দর্শকের গায়ে কাঁটা দিতে 17 অক্টোবর আসছে এই সিরিজ। তার আগে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন সৃজা দত্ত এবং সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়। দুজনকেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই সিরিজে। শুটিং চলাকালীন নানা ধরনের অস্বাভাবিক ঘটনার শিকার হতে হয় তাঁদের। সেই সব কথাই বলেন দুজনে।
সৃজার কথায়, "আমি এই ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। এই কাজটা শুরু হওয়ার পর থেকেই আমি যে পরিমাণ অসুস্থ হয়েছি তা ইন্ডাস্ট্রিতে আসার আগেও কখনও হইনি পরেও হইনি। অসুস্থতা আমার পিছু ছাড়ছে না। শুটিং চলাকালীন চোখ লাল হয়ে গিয়েছিল ৷ আমাকেও মনে হচ্ছিল যেন নিশি। কোনওদিন জ্বর তো কোনওদিন লিভারের সমস্যা একটার পর একটা চলছে। এখনও আমি অসুস্থ। কিন্তু কাজটা খুব ভালো করে হয়েছে। এটাই প্রাপ্তি।"
সুরঙ্গনা বলেন, "একটা ভয়াবহ ঘটনা আমার সঙ্গেও ঘটেছে তবে সেটা ভৌতিক কি না আমি বলতে পারব না। আমাদের বোলপুরে শুট চলছিল। তার মাঝে আমি তিনদিনের একটা ছুটি পেয়েছিলাম। কলকাতায় এসেছিলাম সেই সময়। আবার যাওয়ার দিন আমি শিয়ালদাতে ট্রেন ধরতে না গিয়ে চলে গেছিলাম হাওড়া। সেখান থেকে কোনওরকমে শিয়ালদায় এসে ভুল প্ল্যাটফর্মে ভুল ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা অন্ধকার। সব দরজা বন্ধ। একটার পর একটা দরজা ধাক্কা দিয়ে দিয়ে এগিয়েছি। কিন্তু ট্রেনে একটা প্রাণীও নেই। সত্যম দা'র ফোন আসে। জানতে পারি আমি ভুল প্ল্যাটফর্মে ভুল ট্রেনে আছি। কোনওরকমে ট্রেনটা থেকে নেমে আমি বিধ্বস্ত হয়ে যাই।..."
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং সুরঙ্গনার কাছে অনেককিছু শিখেছেন বলে জানিয়েছেন সৃজা। সৃজা আরও একটি ঘটনার কথা বলেন। বলেন, "বোলপুরে আমরা একটা পোড়ো বাড়িতে রাত 2-3টে নাগাদ শুট করছিলাম। হঠাৎ সবার মাঝখানে একটা আলো ধুম করে পড়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। কোনওমতে কাজ শেষ করে সবাই চলে যাই। আমি শুটিং চলাকালীন একটা স্পর্শ অনুভব করেছি। আসলে পুরনো বাড়িতে অনেক ঘটনা লুকিয়ে থাকে। ফলে, অনেকরকমের এনার্জি ওখানে কাজ করে। আমার মনে হয় এগুলো তারই ফল।..." থিয়েটার থেকে শুরু করে সৃজা এবং সুরঙ্গনার আসন্ন কাজ সহ আরও নানা কথা উঠে আসে আড্ডায়।
এই সিরিজে নিজের গলায় গানও গেয়েছেন সুরঙ্গনা। বিভিন্ন চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য, ঋক চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র, অরুণাভ দে, অনুভব কাঞ্জিলাল, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, ছন্দক চৌধুরী-সহ আরও অনেকে ।

