প্রেম দিবসে আদরের চুমু, শিবপ্রসাদের ভ্যালেন্টাইনকে চেনেন ?
প্রেম দিবসে তাঁর নতুন ভ্যালেন্টাইনকে সবার সামনে নিয়ে এলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ দেখুন তো, চেনেন কি না ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 14, 2025 at 5:32 PM IST
কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে'তেই নিজের ভ্যালেন্টাইন-কে প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ফিল্মি কায়দায়, নায়কোচিত ভঙ্গিতে ছুটে এসে ডানদিকের গালে চুম্বন এঁকে দিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের । অভিনেত্রীও কম নন । বললেন, "এই গালে দে ।" শিবপ্রসাদও বাধ্য ছেলের মতো তা-ই করলেন । আর তারপরেই স্ক্রিনে ভেসে উঠল আসল খবর । পরিচালকের আসন্ন ছবি 'আমার বস' আসছে 16 মে । একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় ।
নিজের সমস্ত ভ্যালেন্টাইনকে 16মে এই ছবি উপহার দিতে চান শিবপ্রসাদ মুখোপাধ্যায় । গত বছর ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির । শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই ইটিভি ভারতকে জানান, বহুরূপীর পরের পর হাউজফুল দেখে 'আমার বস' ছবির পরিবেশক রাজকুমার দামানি তাঁকে বলেন, "শিবুদা 'বহুরূপী' ডিসেম্বরের পুরো মাসটা ধরে চলুক । 'আমার বস' পিছিয়ে দিন ।" আর সেটাই করতে হয় শিবপ্রসাদকে । কারণ 70তম দিনেও দর্শক সিনেমা হল ভরিয়েছেন 'বহুরূপী'র টানে । পুজোয় মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে প্রথম দিন থেকেই আগ্রহ ছিল দর্শকের, যা বড়দিনের মরশুমেও ছিল অব্যাহত ।
'আমার বস' নিয়েও এমনই আশায় বুক বাঁধছে টিম উইন্ডোজ । রাখি গুলজারের এই ছবিতে অংশগ্রহণ দর্শকের কাছে বোনাসের মতো । ইতিমধ্যেই ছবিটি 55তম 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে । এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর সিনে পর্দায় দেখা যাবে রাখি গুলজারকে ৷ ফলে, এই ছবি ঘিরেও দর্শকের বাড়তি উৎসাহ থাকবে তা বলাই বাহুল্য ।
প্রসঙ্গত, ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসির চরিত্রের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি গুলজার । এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন রাখি । যদিও ছবিটি মুক্তি পায়নি এখনও । সেদিক থেকে দেখতে গেলে 21 বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বাংলা সিনেমায় ফিরলেন রাখি গুলজার ৷ এই ছবিতেও অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । তিনি ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, শ্রুতি দাস-সহ আরও অনেকে ৷ ছবিটি দর্শক দরবারে আসবে 16 মে ।

