ETV Bharat / entertainment

মহারাজাকে সেলাম জানাতে 'রায়' বাড়িতে উপচে পড়া ভিড়, হাজির তারকারাও

8 থেকে 80, সকল বয়সের মানুষের আগমন ঘটে এই দিনে। হাজির হন তারকারাও। কেউ দেন ফুল, কেউবা হাতে আঁকা ছবি বা হাতের কাজ নিবেদন করেন।

SATYAJIT RAY BIRTH ANNIVERSARY
সত্যজিৎ রায়কে শ্রদ্ধা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 2, 2025 at 3:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: 1 নম্বর, বিশপ লেফরয় রোডের বাড়িতে আজ সকলের জন্য অবারিত দ্বার। প্রতি বছরেই এই দিনে সকলের জন্য খুলে দেওয়া হয় 'রায়' বাড়ি। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে এদিন শ্রদ্ধা জানাতে দূর দুরান্ত থেকে হাজির হন অগণিত মানুষ।

এই দিনটাকে বিশেষভাবে উপভোগ করেন সত্যজিৎ পুত্র তথা চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। এই দিনে এত মানুষের আগমনে খুশি হন তিনি। বলেন, "এ এক পরম প্রাপ্তি। কত মানুষ বাবাকে ভালোবেসেছেন আজও বাসেন তার প্রমাণ পাই এই দিনটা এলে।" পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহ বলেন, "মানুষ যতটা না সত্যজিৎ রায় বেঁচে থাকতে আসতেন, তার থেকে অনেক বেশি আসেন উনি না থাকার পর। উনি চলে গিয়েছেন 1992 সালে। আর আজ 2025। তাও মানুষ ওঁকে মনে রাখে। রবীন্দ্রনাথের পরেই বাঙালি যদি কারওকে চেনে বা যাঁর নাম আসে তিনি হলে সত্যজিৎ রায়। এর পরে অবশ্যই রবিশঙ্কর, অমর্ত্য সেনের নাম আসবে।"

মহারাজাকে সেলাম জানাতে 'রায়' বাড়িতে তারকারা (ইটিভি ভারত)

অভিনেতা আয়ুষ দাস বলেন, "আমি যে সত্যজিৎ রায়ের গল্পে কাজ কর‍তে পেরেছি, সেটাই অনেক। আজকের দিনে এখানে এসে সময় কাটাতে ভালো লাগে। এই সিঁড়ি দিয়ে উঠতে ভালো লাগে, বাবু আঙ্কেলের সঙ্গে কথা বলতে ভালো লাগে। সবমিলিয়ে কেমন একটা নস্ট্যালজিয়ার ছোঁয়া।" এই প্রজন্ম অনেকাংশেই বই বিমুখ। আয়ুষ বলেন, "আমিও যে খুব বই পড়তে পারি এখন তা নয়। তাও পড়ি। তবে, বইয়ের গন্ধ, বুক মার্কিং এগুলো অনলাইনে সম্ভব না।"

রায় বাড়িতে এদিন অতিথি আপ্যায়ণে ত্রুটি রাখেন না সন্দীপ রায় এবং তাঁর স্ত্রী ললিতা রায়। সর্বসাধারণের জন্য থাকে সিঙ্গাড়া, ফলের সরবত এবং মিষ্টি। সকলকে ঘুরে ঘুরে ললিতা রায় জিজ্ঞেস করেন, "খেয়েছেন তো?" আর তাতেই আপ্লুত সাধারণ মানুষ।