আসছে রুবেল-মোহনার জুটিতে 'তুই আমার হিরো', গল্পে সুপারস্টার দেবের জীবনের ছায়া
'তুই আমার হিরো' ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন সৃজিত রায় ৷ মুখ্য ভূমিকায় দেখা যাবে রুবেল দাস ও মোহনা মাইতি জুটিকে ৷

Published : March 9, 2025 at 2:04 PM IST
কলকাতা, 9 মার্চ: শুরু হতে চলেছে রুবেল দাসের নতুন জার্নি । এবার হিরোর ভূমিকায় তিনি । আর বিপরীতে মোহনা মাইতি । 10 মার্চ থেকে আসছে নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো' । স্লটও পেয়ে গিয়েছে ধারাবাহিক । প্রতিদিন সন্ধে 6টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ।
গল্প আবর্তিত হবে বছর কুড়ির ভাগ্যশ্রী আর সুপারস্টার শাক্যজিৎকে কেন্দ্রে রেখে । ভগবান প্রদত্ত কণ্ঠ তার । সুর তাকে ঢেলে দিয়েছেন স্বয়ং ঈশ্বর । স্বপ্ন গায়িকা হওয়ার । কিন্তু নিজের প্রতিভা আর স্বপ্নকে সংসারের কথা ভেবে একপ্রকার বিসর্জন দেয় সে । সংসারের হাল ধরতে একটা জেরক্স সেন্টারে কাজ নেয় সে । কিন্তু হঠাতই তার জীবনটা পালটে যেতে শুরু করে, যখন সুপারস্টার শাক্যজিতের সঙ্গে দেখা হয় তার ।
শাক্যজিৎ আবার তার সহ-অভিনেত্রী মধুবনীতে মোহিত, যার সঙ্গে উচ্চাকাঙখী, লোভী, অহঙ্কারী শব্দগুলি মানানসই । ঘটনাচক্রে হঠাতই ভাগ্যশ্রীর সঙ্গে বিয়ে হয় শাক্যজিতের । একটা সময়ে একে অপরের পাশে দাঁড়ায় তারা ৷ ওদিকে মধুবনীর মধ্যে জ্বলতে থাকে ক্ষোভের আগুন । তারপর কী হয় সেটাই দেখার । তবে, মোহনা এবং রুবেলের জুটি নিয়ে আশায় বুক বাঁধছে দর্শক মহল । তাদের আশা কতটা পূরণ করতে পারবে এই জুটি সেটা সময়ের অপেক্ষা ।

উল্লেখ্য, এই ধারাবাহিকে বাংলার সুপারস্টার দেবের জীবনের ছায়া পাওয়া যাবে । আর সেটা নিজেই জানিয়েছেন দেব । দীপক অধিকারীর 'দেব' হয়ে ওঠার জার্নিটা অত সহজ ছিল না । সুপারস্টার হয়ে যাওয়ার পরে আজও তিনি মিস করেন পাড়ার ফুটবল, রকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা, ফাউ সমেত ফুচকা । শাক্যজিৎ চট্টোপাধ্যায়ও সেরকমই একজন সুপারস্টার । দেব এখানে অভিনয় না করলেও আছে তাঁর জীবনের ছায়া ।

প্রসঙ্গত, এই ধারাবাহিক আসছে সৌভিক চক্রবর্তীর লেখনীতে এবং সৃজিত রায়ের পরিচালনায় ও প্রযোজনায় । এই ধারাবাহিকের কাজ শুরু হওয়ার আগে জটিলতার সৃষ্টি হয় পরিচালক বনাম ফেডারেশনের মধ্যে । ফেডারেশনের অভিযোগ ছিল, সৃজিত রায়ের কোনও কথায় আহত হয়েছেন টেকনিশিয়ানেরা । তাই তাঁরা সেট বানাতেও আসেননি । পরে অবশ্য সমস্যা মিটে যায় । আবার মিলেমিশে কাজ শুরু হয় । সমস্যা সরিয়ে এবার সম্প্রচারের পথে এই ধারাবাহিক ।


