ETV Bharat / entertainment

প্রশ্ন বাণে জেরবার দেব-শুভশ্রী ! সঞ্চালক রোহণ কোন প্রস্তুতি নিয়েছিলেন ?

'ধূমকেতু' ট্রেলার লঞ্চ অনুষ্ঠান সঞ্চালনা করে আবেগতাড়িত অভিনেতা রোহণ ৷

Rohan Bhattacharya opens up on hosting Dev Subhashree Ganguly's Dhumketu trailer launch event
দেব-শুভশ্রীর সঙ্গে রোহণ (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 5, 2025 at 4:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: খুব তাড়াতাড়ি একটি রিয়ালিটি শো-তে হোস্ট করতে দেখা যাবে রোহণ ভট্টাচার্যকে। সঙ্গে থাকছেন ঐন্দ্রিলা সেন। তবে, তার আগে আরও এক গুরুদায়িত্ব পালন করে ফেললেন রোহণ। যার সাক্ষী রইল বাংলা তথা গোটা রাজ্য ৷ 'ধূমকেতু'র (Dhumketu) গ্র‍্যান্ড ট্রেলার লঞ্চে দেব (Dev) ও শুভশ্রীকে (Subhashree Ganguly) একের পর এক কঠিন প্রশ্ন করে বসলেন তিনি ৷ মঞ্চে বসে একের পর এক উত্তর দিয়ে 'ছক্কা' হাঁকালেন টলিউডের এক সময়ের হিট জুটি 'দেশু'। এই দায়িত্ব পালন করে উচ্ছ্বসিত রোহণ। নস্ট্যালজিকও বটে।

রোহণের এই নতুন ভূমিকার কথা জানতে চাইলে তিনি বলেন, "এই প্রশ্ন করা তো সাংবাদিকদের কাছ থেকেই শেখা। আর আমি দেবদা এবং দেব-শুভশ্রী জুটির বড় ফ্যান। ফলে, আমিও বেশ এক্সাইটেড ছিলাম। 'আই লাভ ইউ' যখন মুক্তি পায় আমি তখন স্কুলে পড়ি। ওই প্রথম দেখলাম বাংলার কোনও নায়কের ওরকম চেহারা, ভালো নাচেন এবং যাঁর ছবিতে এত ভালো ভালো গান থাকে ৷ সত্যি কথা বলতে, আমরা এরকম হিরোদের হিন্দি ছবিতেই বেশি দেখেছি ৷ বাংলায় দেখিনি। ফলে, একটা অন্য ভালোলাগা কাজ করত দেব দা'কে ঘিরে। আর জুটির কথা যদি বলি তা হলে বলব 'দেশু' জুটি তাঁদের ছবির মাধ্যমে প্রমাণ করেছেন তাঁদের মাহাত্ম্য। এই জুটিতে আরও ছবি হলে ভালো লাগবে। গতকাল যখন 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে'র গানগুলো শুনছিলাম খুব নস্ট্যালজিক হয়ে পড়ছিলাম।"

দেব-শুভশ্রী জুটির 'ধূমকেতু' রিলিজ করছে 14 অগস্ট। তার আগে গ্র‍্যান্ড ট্রেলার লঞ্চে সোমবার মেতে উঠেছিল গোটা রাজ্য ৷ 'রাজ্য' কারণ বাংলার বাইরে থেকেও বহু মানুষ হাজির হয়েছিল দেব-শুভশ্রীকে এক মঞ্চে আরও একবার দেখার জন্য৷ সেই মঞ্চে দেব-শুভশ্রীকে মজার ও কঠিন সব প্রশ্নবাণে জেরবার করেন আরও এক জনপ্রিয় অভিনেতা, রোহণ ভট্টাচার্য। তাঁর প্রশ্নের প্যাঁচে কখনও 'দেশু' হেসেছেন কখনও আবার ভেবেছেন। কখনও রোহণও প্রশ্ন করতে গিয়ে ভয়ও পেয়েছেন। সব মিলিয়ে জমজমাট এক সন্ধ্যা হয়ে ওঠে 'বাংলার সবথেকে বড় ইভেন্ট'-এর।

সেই ইভেন্টে দেব-শুভশ্রীর পাশে বসে তাঁদের একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেওয়ার দায়িত্ব পেয়ে রোহণ ইটিভি ভারতকে বলেন, "আমি পরশু সকালেও জানতাম না এই কাজটা আমাকে করতে হবে। দেব দা রবিবার রাতে আমাকে ফোন করে বলেন, আমি চাই তুই এই কাজটা কর। দেব দা'র সঙ্গে আমি আগে ছবিতে কাজ করেছি ৷ আবার রিয়ালিটি শো-তেও এক মঞ্চে থেকেছি। ফলে, একটা ভালোবাসার আর ভরসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই দেব দা যখন আমাকে ফোনটা করেন আমি না করতে পারিনি। খুব তাড়াতাড়ি আমি আর ঐন্দ্রিলা আসছি একটা শো-তে হোস্ট করতে। গতকাল তার ওয়ার্কশপ ছিল। চ্যানেলকে বলি সেটার জন্য অন্য দিন ঠিক কর‍তে, কেন না এত বছর পর একটা জুটি এক মঞ্চে। আর আমি সেখানে হোস্ট করব এই লোভটা সংবরণ করতে পারিনি। চ্যানেল আমার কথা শোনে। আর আমিও।..."

রোহণ কার সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে আগ্রহী? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "কেউ না কেউ আসবে নিশ্চয়ই। যার সঙ্গে পরের পর ছবি করে জুটি বানাতে পারব। তবে, কাজগুলো ভালো হতে হবে। কোন কাজ দর্শকের ভালো লেগে যাবে কেউ জানে না। পরের পর কোনও কাজ একজনের সঙ্গে যদি ভালো হয় আর তা যদি দর্শকের মন ভরায় তা হলেই সেটা জুটি হয়ে যাবে। গল্প, চরিত্র সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। উত্তম-সুচিত্রা জুটি বলুন বা প্রসেনজিৎ-ঋতুপর্ণা, কিংবা দেব-শুভশ্রী বা জিৎ-কোয়েল- এই সব জুটি একদিনে গড়ে ওঠেনি। অনেক ভালো কাজের পর এঁরা জুটি। অনেক ভালো কাজের পর উত্তমের পাশে সুচিত্রা নামটা আসে আর দেবের পরে শুভশ্রী বা প্রসেনজিতের পরে ঋতুপর্ণা।"