ETV Bharat / entertainment

বড়পর্দায় আসছে 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'...

সত্যজিৎ রায়ের জন্মদিনেই পরিচালক জয়ব্রত দাস ঘোষণা করলেন তাঁর ছবি 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' মুক্তির তারিখ ৷

Etv Bharat
বড়পর্দায় আসছে 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'... (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 2, 2025 at 5:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। চারবছর ধরে বানানো ছবি এবার আসছে প্রেক্ষাগৃহে ৷ সত্যজিৎ রায়ের জন্মদিনেই ঘোষণা করা হল ছবিটির মুক্তির তারিখ। আগামী 4 জুলাই বড়পর্দায় আসছে 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। জানা গিয়েছে, আর্ট ফর্মকে অন্যরূপে তুলে ধরেছেন পরিচালক ৷ তাই এমন ছবির নাম ৷

শুক্রবার (আজ) মে, সত্যজিৎ রায়ের 104 তম জন্মদিন। এই উপলক্ষেই অভিনবভাবে ঘোষিত হল 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির মুক্তির দিন। শুধু চিত্র পরিচালক নয় , চিত্রশিল্পী হিসেবে সত্যজিৎ রায় ছিলেন অন্যতম পথিকৃৎ এবং নিজের সিনেমার সমস্ত পোস্টারই ছিল তাঁর নিজের হাতে তৈরি করা। এক ঝলক দেখেই বুঝে নেওয়া যায় কোনটি সত্যজিৎ রায়ের পোস্টার।

পরিচালক জয়ব্রত দাস জানান, "সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে একটি সত্যজিৎ অনুপ্রাণিত পোস্টারের মাধ্যমে তার সেই সমস্ত কাজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার সিনেমার রিলিজ ডেট ঘোষণা করলাম। এই পোস্টারটির প্রধান অনুপ্রেরণা ছিল সত্যজিৎ রায়ের দুটি ছবির পোস্টার। প্রথমটি 'জয় বাবা ফেলুনাথ' এবং আরেকটি 'চিড়িয়াখানা'। পোস্টারটি তৈরি করেছেন পরিজাত মিদ্দা।"

কিন্তু সিনেমার নাম কেন 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ? পরিচালক বলেন, "এই সিনেমার প্রত্যেকটি চরিত্র এক একজন ক্রিমিনাল এবং প্রত্যেকেই এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন কেউ ভালো চুরি করতে পারে, কেউ প্রফেশনাল হিটম্যান আবার কেউ লক আর্টিস্ট। আর যেহেতু এই প্রত্যেকটি কাজই এক একটি ফাইন আর্ট এবং চরিত্ররা আর্টিস্ট তাই সিনেমার এই নাম।"

ছবিতে মুখ্য ভূমিকায় রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ,পায়েল সরকার , ঋষভ বাসু , রাহুল অরুণোদয় ববন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় , সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রুদ্রনীল ঘোষ বলেন, " বাংলায় পাল্প অ্যাকশন কমেডি - এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধরার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে এবং ফিল্ম স্কুলের ট্যালেন্টেড মেকাররা যাতে কাজের অভাবে কলকাতার বাইরে না চলে যায় সেই জন্যই ছবিটির পাশে দাঁড়িয়েছি এবং এক টাকার বিনিময়ে প্রায় 27 দিন ধরে শুট করেছি।"

সৌরভ দাস জানান, "যে ভাষায় এই ছবিটি কথা বলবে , সেই ভাষায় এর আগে বাংলায় সিনেমা তৈরি হয়েছে কি না আমি জানি না। " নিজেদের চরিত্র এবং ছবি নিয়ে এই মুহূর্তে আর কিছু খোলসা করতে রাজি নন অভিনেতারা। বলছেন, সবটাই ক্রমশ প্রকাশ্য। ছবির সমস্ত কাজ শুরু হয়েছিল 2021-এর 2 মে। দীর্ঘ চার বছর পর এই ছবি মুক্তির আলো দেখছে ।

ফিল্ম ইনস্টিটিউট এর কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ভাবে , নিজেদের নিজস্ব পুঁজি দিয়ে চার বছর ধরে এই ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। বহুবার বন্ধ হয়ে গেছে ছবির কাজ। আবার ফান্ড জোগাড় করে শুরু হয়েছে শুটিং। চার বছরের এই লম্বা যাত্রা পথে প্রত্যেক অভিনেতা যাঁরা এই ছবিতে কাজ করেছেন, তাঁরা সব রকম ভাবে সাহায্য করেছেন বলে জানান পরিচালক । সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী। ক্যামেরার দায়িত্বে আছেন অর্ণব লাহা এবং নবনীল সান্যাল। এডিটিংয়ের দায়িত্বে আশিক সরকার। ছবির এক্সিকিউটিভ প্রডিউসার সংকেত মিশ্র এবং মানব সাহা। আগামী 4 জুলাই সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি ।