এক গর্ভবতী পাগলির গল্প সিনেপর্দায়, আসছে 'গৌরী'
সিনেমার চিত্রনাট্যে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের গল্প তুলে ধরা হয়েছে ৷

By ETV Bharat Entertainment Team
Published : July 12, 2025 at 9:25 AM IST
কলকাতা, 12 জুলাই: সাম্প্রতিককালে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ঘটে চলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে এবার পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক প্রসেনজিৎ হালদার। ছবির নাম 'গৌরী '। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবকিছুর দায়িত্বই পালন করেছেন প্রসেনজিৎ হালদার স্বয়ং।
গল্পের মধ্যে একজন ভারসাম্যহীন গর্ভবতী মহিলার চরিত্র কেন জানতে চাইলে তিনি বলেন, "ছোটবেলা থেকে রাস্তাঘাটে অনেক অসহায়, দুঃস্থ ও বিকলাঙ্গ মানুষকে দেখে মনটা খারাপ হয়ে যেত। বছর দশেক আগে একদিন একজন গর্ভবতী পাগলিকে পা টেনে টেনে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম। সেদিন ওই মর্মস্পর্শী দৃশ্য দেখে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। 'গৌরী' গল্পের সূচনা ওই দিনই। এরপর যখন গল্প বলার সুযোগ পেলাম তখন এই ঘটনা নিয়েই ছবি বানাতে চাইলাম।"

বেশ কিছু ঘটনা এই গল্পে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। গর্ভবতী পাগলি ছাড়াও থাকবে আরও অনেক চরিত্র। সমাজের নানা দিক উঠে আসবে ছবিতে। ছবিটিকে প্রেম ও রোমাঞ্চের মিশেল বলা যায়। পরিচালক প্রসেনজিৎ হালদার আরও বলেন, " 'গৌরী' গল্পটি নারী শক্তির কথা বলে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষের কথা বলে, মানুষ ও প্রকৃতির উপর বিধাতার নৈতিক শাসনের কথা বলে, মিথ্যার বুক চিরে সত্য বেরিয়ে আসার কথা বলে। মানুষের জীবনে নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক ঘটনার প্রভাবের কথা বলে। প্রযোজনা সংস্থা এলপিডি প্রোডাকশন ও প্রযোজকবৃন্দ প্রীতিলতা বিশ্বাস, ললিতা বিশ্বাস ও প্রদীপ দত্তের প্রতি আমি কৃতজ্ঞ।"

ছবির চিত্রগ্রাহক আনমোল সাহা, সঙ্গীত পরিচালক প্রীতম দেব, আবহ সঙ্গীত পরিচালক কে.ডি. (মুম্বাই), সম্পাদক সুব্রত চৌধুরী, প্রধান সহকারী পরিচালক অনামিক সাহা , দ্বিতীয় সহকারী পরিচালক সুমিত রায় ও শুভত্তম গঙ্গোপাধ্যায়। চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'গৌরী'। নাম ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে ৷ অনান্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, সঞ্জীব সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বিমল গিরি, বৃষ্টি বিশ্বাস, দেবপ্রতীম বিশ্বাস, শতাক্ষী নন্দী, স্বাতী মুখোপাধ্যায়, পূজা সরকার, দীপঙ্কর বিশ্বাস, প্রদীপ দত্ত প্রমুখ।


