দীপিকা নন, প্রথম ওয়াক অফ ফেমের পালক উঠেছিল ভারতীয় বংশোদ্ভূত এই তারকার মুকুটে
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম হলিউডের ওয়াক অফ ফেমের তালিকায় ৷ কিন্তু তার আগে ভারতীয় বংশোদ্ভূত এই তারকা জয় করেন এই সম্মান ৷ জানেন কে ?

By ETV Bharat Entertainment Team
Published : July 3, 2025 at 11:37 AM IST
হায়দরাবাদ, 3 জুলাই: ভারতীয় সিনেমা (Indian Cinema) জগতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) রচনা করলেন নতুন ইতিহাস ৷ অভিনয় দক্ষতায় পৌঁছেছেন খ্যাতির চূড়ায় ৷ এবার তাঁর মুকুটে আরও বড় সম্মান ৷ এবার দীপিকার নাম সেই সমস্ত বিশ্ব তারকাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যারা পরের বছর অর্থাৎ 2026 সালে 'হলিউড ওয়াক অফ ফেম' (Hollywood Walk of Fame) সম্মানে সম্মানিত হবেন।
দীপিকা কি প্রথম ভারতীয় তারকা যিনি এই সম্মানে সম্মানিত হতে চলেছেন ? আসলে আপনাদের জানাই, 1960 সালে প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত এই তারকার মুকুটে এসেছিল 'হলিউড ওয়াক অফ ফেম'-এর তকমা ৷ হলিউড ওয়াক অফ ফেমের শ্রেণীতে 2025 সালের আগে প্রথম এবং একমাত্রবারের জন্য এক ভারতীয় বংশোদ্ভূতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। জানেন কে ছিলেন তিনি ? আর হলিউড ওয়াক অফ ফেম সম্মান আসলে কী ?
দীপিকার ইতিহাস
রিপোর্ট অনুসারে, বিলবোর্ড হলিউড ওয়াক অফ ফেমের জন্য নতুন নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই তালিকায় নিজের স্থান করে ইতিহাস তৈরি করেছেন ৷ কারণ তিনি এই সম্মান প্রাপ্ত প্রথম ভারতীয় তারকা। তিনি আগামী বছর অর্থাৎ 2026 সালে হলিউড ওয়াক অফ ফেমে অন্তর্ভুক্ত হবেন ৷ 3 জুলাই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়েছে ৷ দীপিকার পাশাপাশি তালিকায় আছেন ম্যারিয়ন কোটিলার্ড, এমিলি ব্লান্ট, শেফ গর্ডন রামসে, র্যাচেল ম্যাকঅ্যাডামস, মাইলি সাইরাসের মতো তারকারাও (walk of fame list) ।
হলিউড ওয়াক অফ ফেমে প্রথম ভারতীয় বংশোদ্ভূত (first Indian on Hollywood Walk of Fame)
এই অভিনেতার নাম সাবু দস্তগীর (Sabu Dastagir) ৷ 1924 সালে মহীশূরে জন্মগ্রহণকারী সাবু ছিলেন একজন হাতি মাহুতের ছেলে ৷ যাকে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা রবার্ট ফ্ল্যাহার্টি 1937 সালে রুডইয়ার্ড কিপলিং (Rudyard Kipling)-এর বইয়ের উপর ভিত্তি করে নির্মিত তার 'এলিফ্যান্ট বয়' (Elephant Boy) সিনেমার জন্য নির্বাচিত করেছিলেন। 1938 সালে, সাবু 'দ্য ড্রাম' সিনেমার মাধ্যমে হলিউডে পাড়ি জমান সাবু ৷ 1940 সালে, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম 'দ্য থিফ অফ বাগদাদ'-এ আবু চরিত্রে অভিনয় করে তিনি হলিউডের জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। পরবর্তী কয়েক বছর ধরে, সাবু 'মোগলি' (Mowgli), 'অ্যারাবিয়ান নাইটস', 'হোয়াইট স্যাভেজ' ও 'কোবরা ওম্যান'-এর মতো হিট ছবিতে অভিনয় করেন।
1944 সালে সাবু আমেরিকান নাগরিকত্ব অর্জন করেন ৷ এমনকী, অভিনেতা সাবু মার্কিন সেনাবাহিনীর বিমান বাহিনীতেও যোগ দেন ৷ B-24 লিবারেটরসে একজন টেইল গানার এবং বল-টারেট গানার হিসেবে কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) পর হলিউডে তাঁর ক্যারিয়ারে ছন্দ পতন ঘটে। 1950-এর দশকের বেশিরভাগ সময় তিনি মূলত অসফল ইউরোপীয় সিনেমায় অভিনয় করেন। 1952 সালে, তিনি হ্যারিঙ্গে সার্কাসে হাতির চরিত্রে অভিনয় করেন।
জানা যায়, 1957 সালে মেহবুব খানের 'মাদার ইন্ডিয়া' (Mother India) সিনেমায় বিরজু চরিত্রে অভিনয়ের জন্য সাবুকে প্রথমে বেছে নেওয়া হয়েছিল ৷ এই ছবি দিয়েই ভারতীয় সিনেমায় অভিষেক হত সাবু দস্তগীরের ৷ কিন্তু তাঁকে নাকি কাজের অনুমতি দেওয়া হয়নি ৷ শেষ পর্যন্ত এই চরিত্রটি সুনীল দত্তের কাছে যায় ৷ এরপর 1960 সাল নাগাদ হলিউড অয়াক অফ ফেম-এর সম্মান জোড়ে সাবুর মুকুটে ৷ অন্যদিকে, 1963 সালে, তিনি রবার্ট মিচামের বিপরীতে 'র্যাম্পেজ' সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে প্রত্যাবর্তন করেন। তিনি ডিজনির 'টাইগার ওয়াকস'-এ ব্রায়ান কিথের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এটিই ছিল তাঁর শেষ অভিনীত সিনেমা ৷ ছবিটি মুক্তি পাওয়ার তিন মাস আগে 1964 সালের 12 মার্চ মাত্র 39 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবু দস্তগীর ৷
হলিউড ওয়াক অফ ফেম কী?
ক্যালিফোর্নিয়ার বিখ্যাত পর্যটন স্থান হলিউড ওয়াক অফ ফেম । এখনও পর্যন্ত, 15 ব্লকের এই স্থানে 2500 জনেরও বেশি তারকার নাম স্থাপন করা হয়েছে, যার মধ্যে অভিনেতা, গায়ক, পরিচালক, পরিচালকদের নাম রয়েছে (walk of fame Hollywood stars)। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই বিখ্যাত পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন। এখন দীপিকা পাড়ুকোনের নামও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে গর্বিত ভারতবাসী ৷

