ETV Bharat / entertainment

Exclusive: সারাজীবন ক্যামেরার সামনে থাকার ইচ্ছা নেই, চল্লিশে তাই...- মিমি

সারাজীবন অভিনয়কে কেরিয়ার করে বাঁচতে চান না মিমি ৷ চল্লিশের পর কী কী প্ল্যান রয়েছে, সাজিয়ে ফেলেছেন এখন থেকেই ৷

mimi-chakraborty-opens-up-about-raktabeej-2-future-planning-and-many-more
মিমি চক্রবর্তী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : September 10, 2025 at 1:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: পুজোয় আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ 2'। সেখানে এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায় মিমি চক্রবর্তী। সংযুক্তা মিত্র নাকি এবার আরও কঠিন। জানালেন মিমি স্বয়ং। মিমি বলেন, "আগেরবার যেটা দর্শক দেখেছে, এবার তা আরও ইন্টারেস্টিং, আরও বেশি থ্রিলার নিয়ে আসছে। আমি বিশ্বাসী আরও বেশি মানুষের হৃদয় ছুঁতে পারব আমরা।"

একই সময়ে চারটে ছবি আসায় চ্যালেঞ্জ কতটা থাকে? মিমি বলেন, "দেখুন আমাদের এটাই প্রফেশন। চ্যালেঞ্জ আসতেই থাকে নানাভাবে। 'সংযুক্তা মিত্র' বা 'সংয়ুক্তা মিত্র' নামটা যখন মানুষের মাথায় আছে তখন মনে হয় চরিত্রটা মানুষের মন ছুঁতে পেরেছে। তাই মনে রাখা গিয়েছে। অভিনেতা হিসেবে আমার কর্তব্য আমি যাতে আমার এই দর্শককে না হারাই। সবসময়ই চেষ্টা থাকে যাতে আরও উন্নতি করতে পারি।"

রক্তবীজ 2-এ এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায় মিমি চক্রবর্তী (ইটিভি ভারত)

এসপি সংযুক্তা কি এবার একটু রোম্যান্টিক? ইতিমধ্যেই ছবির গান এসে গিয়েছে। আর সেখানে বেশ অনেকটা কাছাকাছি মিমি আর আবির। মিমি বলেন, "এর জন্য ছবিটা তো দেখতে হবে। দর্শকের ভালো লাগলেই খাটনি সার্থক।" শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মিমি বলেন, "মার্চ মাসের প্রখর রোদে রিয়েল লোকেশনে শুটিং হয়েছে আমাদের। ওই গরমে রোদের মধ্যে ছাদে শুটিং করেছি। খুব একটা সহজ ছিল না কাজটা। ওয়াশ রুমে যাওয়ার সময়টাও পাইনি এক প্রকার। সাত তলার ন্যাড়া ছাদে পায়ে হেঁটেই উঠতে হয়েছিল। কেননা লিফট নেই। আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। আর কাজের সময়ে তো শিবু দা পাগল হয়ে যায়। এবারও তাই হয়েছে। সব থেকে অবাক লেগেছে সাত তলা বিল্ডিংয়ের ছাদে হেঁটে উঠেছেন নন্দিতা দিও। ন্যাড়া ছাঁদে দাঁড়িয়ে ছিলেন আমাদের সঙ্গেই।"

একসঙ্গে অনেকগুলো ছবি আসছে এই পুজোয়। নিজের ছবি কতটা জায়গা পাবে তা নিয়ে কি চিন্তা কাজ করে? কীভাবে ভাবেন? মিমির সাফ জবাব, "আমার ছবি ভালো করুক এটা সবাই চায়। আর জনতা হল জনার্দন। দর্শকই ভগবান। তারা যেটাকে সেরা বেছে নেবে সেটাই চলবে। ঝগড়া মারামারি করে কিছু হবে না।" দুর্গা পুজোয় কী প্ল্যান? "পুজোয় মা আসছেন। মায়ের কাছেই থাকব। মণ্ডপেই থাকব। মণ্ডপ ছাড়ছি না। বন্ধু, পরিবার নিয়েই থাকব। কেনাকাটা এখনও হয়নি। করতে হবে। শিবু দা প্রোমোশন থেকে একটু ছুটি দিলে ভালো হয়।"- বলেন মিমি।।

পরিচালনা করতে ইচ্ছা হয়? মিমির জবাব, "আগে তো অভিনয়টা ভালো করে করি, তারপর তো পরিচালনা। ডিরেকশন খুব কঠিন কাজ। তবে, ভবিষ্যতে কী আছে কেউ জানে না। একটা কথা বলতে চাই, আমি সারাজীবন এই কেরিয়ারটা নিয়ে বাঁচতেও চাই না। সারাজীবন অভিনয় ক্যামেরা নিয়েই থাকতে হবে আমি এটা ভাবি না। ভগবান কী রেখেছেন আমি জানি না। আমার প্ল্যান বয়স চল্লিশ হলে অবসর নেব।"

তাঁর কথায়, "একটা শেল্টার করব পশুদের জন্য। ফার্ম হাউজ করব। সেখানকার সবজি খাবো। অনেক পেয়েছি জীবনে, নাম অর্থ। এবার যা পাব সেটা উপরি পাওনা। আমি চাই-ই না ক্যামেরার সামনে সারাজীবন থাকতে। আমার জীবনে কোনও কম্পিটিশন নেই। ওর এটা আছে আমারও চাই, এটা কোনওদিনই নেই আমার মধ্যে। আমি নিজের যেটুকু আছে তা নিয়েই খুশি। কোনও কিছু পাওয়ার খিদে আমার নেই।" মিমি এদিন সাফ জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে দেখা যাবে না তাঁকে।