পেন না ধরলে টাকা আসবে না, কী করে বোঝাই? - মানসী সেনগুপ্ত
কিছুদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে মানসী ছেলের অন্নপ্রাশনের কেনাকাটার ছবি দিতে শুরু করেন। আর বলেন, ছেলের বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে।

By ETV Bharat Entertainment Team
Published : September 15, 2025 at 9:41 AM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: অন্নপ্রাশনে অধ্যায় ধরল টাকা। তাই দিলখুশ নয় মানসীর। অভিনেত্রীর কথায়, "পেন না ধরলে যে অর্থ আসবে না কী করে বোঝাই ওকে?" রবিবার ছিল অভিনেত্রী মানসী সেনগুপ্তর দ্বিতীয় সন্তান অধ্যায়ের অন্নপ্রাশন। দক্ষিণ ২৪ পরগণার এক কমপ্লেক্সের কমিউনিটি হলে আয়োজন করা হয় মুখেভাত অনুষ্ঠানের। হাজির ছিলেন টলিপাড়ার বহু মানুষ। মূলত বাংলা ধারাবাহিকের ব্যস্ত অভিনেতাদেরই এদিন দেখা গেল মুখেভাতের অনুষ্ঠানে।
অরিজিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে পল্লবী শর্মা, স্নেহা চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, পূর্বাশা দেবনাথ, ধ্রুব জ্যোতি সরকার এবং শেষবেলায় ওয়ার্ক শপ সেরে হাজির হন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে মানসী ছেলের অন্নপ্রাশনের কেনাকাটার ছবি দিতে শুরু করেন। আর বলেন, ছেলের বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে। আর রবিবার ছিল সেই বিশেষ দিন। যেদিন প্রথম ভাত খেল অধ্যায়।
মানসী বলেন, " বারবার ছেলের হাতে পেন তুলে দিচ্ছিলেন। আর গোলা (অধ্যায়) সেটা ফেলে টাকা ধরেছে। সেটা এক-দু’বার নয়। পাঁচ বার একই কাণ্ড ঘটিয়েছে গোলা। অর্থই সব। বুঝে গিয়েছে ও। কিন্তু পেন না ধরলে যে টাকা আসবে না কী করে বোঝাই আমি ওকে!"
অভিনেত্রী জানান, "যাক গে পেনটা ধরল না, কিছু তো করার নেই। তবে, আমার কোনও দাবি নেই যে এটা হতে হবে বা ওটা হতে হবে। প্রচুর নম্বর পেতেই হবে। আমি চাই ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। তবে, ক্রিকেটার হলে আমি একটু খুশি হব।" গায়ে হলুদ থেকে নান্দীমুখ সব নিয়ম মেনেই এদিন সম্পন্ন হয় ফড়িং বাবুর বিয়ে অর্থাৎ অধ্যায়ের মুখেভাত।

উল্লেখ্য অধ্যায়ের মাসি রাইমা সেনগুপ্তও অভিনেত্রী। এই মুহূর্তে 'কথা' ধারাবাহিকে রয়েছেন তিনি। জন্মের পর থেকেই মানসীর ছেলে মাসির ন্যাওটা। সেই মাসি রাইমাই বোনপো'র এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের নামকরণ করেছেন 'ফড়িং বাবুর বিয়ে'। ফড়িং বাবুকে হলুদ পাঞ্জাবি-ধুতি, টোপরে সাজানো হয়। লক্ষ্মী ছেলের মতো সব অনুষ্ঠান সম্পন্ন করতে দেয় অধ্যায়, এমনই দাবি মানসীর। কিন্তু দুপুর গড়াতেই কাহিল হয়ে পড়ে একরত্তি। তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।


