শ্রীময়ীর জায়গায় রাগিনীর ভূমিকায় মল্লিকা, ছুটছে 'বুলেট সরোজিনী'
মল্লিক বলেন, "আমি আমার মতো করে চরিত্রটাকে গড়ে তোলার চেষ্টা করছি প্রতিদিন। ইউনিট ভালো, গল্প ভালো। আর কী চাই?""

By ETV Bharat Entertainment Team
Published : June 7, 2025 at 3:27 PM IST
কলকাতা, 7 জুন: 'বুলেট সরোজিনী' ধারাবাহিকের রাগিনী চট্টোপাধ্যায়ের চরিত্র থেকে সরে গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। তাঁর জায়গায় এসেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। নতুন চরিত্র পেয়ে খুশি অভিনেত্রী।
উল্লেখ্য, ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই নানা ধারাবাহিকে দেখা গিয়েছে মল্লিকাকে। 'তুঁতে' থেকে শুরু করে 'সাহেবের চিঠি', 'দুই শালিক', 'গীতা এল এল বি' সহ অগণিত ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এবং করে চলেছেন তিনি। আর এবার এলেন শ্রীময়ী চট্টরাজকে দিয়ে শুরু হওয়া একটি দাপুটে চরিত্রে। যেখানে তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভূমিকায় ৷ রাগিনী চট্টোপাধ্যায়ের গলায় যেমন সুর আছে তেমনি আভিজাত্যের ছোঁয়া তার সাজপোশাকে, চলনে বলনে। কিন্তু মানুষ হিসেবে রাগিনী কেমন সেই প্রশ্ন ওঠে প্রতি মুহূর্তে।
মল্লিকা বলেন, "রাগিনীর চরিত্রটা নেগেটিভ তো বটেই। তবে, আরও সহজ ও সুন্দরভাবে বলতে গেলে চরিত্রটা ধূসর। বাইরে সে যেমন ভিতরে তেমনটা ঠিক নয়। সেটা দর্শক ভালো বুঝতে পারেন।" মল্লিকা আরও বলেন, "প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর জীবনেই ড্রিম প্রজেক্ট বলে কিছু না কিছু থাকে। এই চরিত্রটা আমার কাছে সেরকমই একটা। খুব সুন্দর গোছানো একটা চরিত্র। নিজেকে মেলে ধরার জায়গা আছে। আমি আমার মতো করে চরিত্রটাকে গড়ে তোলার চেষ্টা করছি প্রতিদিন। ইউনিট ভালো, গল্প ভালো। আর কী চাই?"
প্রসঙ্গত, এই চরিত্রটি থেকে দিনকয়েক আগেই সরে দাঁড়ান শ্রীময়ী চট্টরাজ৷ তাঁর যুক্তি, এই চরিত্রটাতে অভিনয় করে নিজেই নিজেকে নিয়ে তুষ্ট নন তিনি ৷ এই চরিত্রে অভিনয়ের জন্য আরও বহু দক্ষ অভিনেত্রী আছেন। তাঁরা এই চরিত্রটিকে সঠিক বিচার দিতে পারবেন। পাশাপাশি ধারাবাহিকে তাঁরই সমবয়সিদের মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হয় তাঁর ৷ আর তার জেরেই চরিত্রটি থেকে সরে যান এনওসি দিয়ে। কথা দিয়েছিলেন যতক্ষণ না তাঁর জায়গায় অন্য কারওকে প্রযোজনা সংস্থা পাচ্ছে ততদিন কাজ করবেন রাগিনীর ভূমিকায়। তবে, সংস্থা খুঁজে পেয়েছে দক্ষ অভিনেত্রী মল্লিকাকে। তাঁকে নিয়েই ছুটছে 'বুলেট সরোজিনী'।

