ঝোড়ো বস্তিতে র্যাপার মধুমিতার কামাল, বিয়ের আগেই অন্য ইমেজে নায়িকা
সামনেই বিয়ে মধুমিতার। তার আগে পুজো। কী কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর ?

By ETV Bharat Entertainment Team
Published : September 15, 2025 at 3:37 PM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: টেলিভিশনের পর্দায় আসছে, 'ভোলে বাবা পার করেগা' নতুন ধারাবাহিক। গল্পের নায়িকা র্যাপ সিঙ্গার ঝিল। এই চরিত্রে মধুমিতা সরকার। রবিবারের সন্ধ্যায় কলকাতার গোল্ড ক্লাব রোডের ঝোড়ো বস্তিতে লাইভ পারফরম্যান্সে অনুষ্ঠান মাতিয়ে দিলেন অভিনেত্রী ৷ মন কাড়লেন এলাকাবাসীর। তাঁকে ঘিরে উত্তেজনাও ছিল দেখার মতো। উল্লেখ্য, এই ধারাবাহিকে নিজের কণ্ঠেই র্যাপ গাইবেন মধুমিতা সরকার। 'কুসুম দোলা' ছিল মধুমিতার শেষ ধারাবাহিক। এরপর সিনেমা এবং সিরিজে পাওয়া যায় তাঁকে।
এই ধারাবাহিকে কী কী চ্যালেঞ্জ নিতে হয়েছিল নায়িকাকে ? মধুমিতা বলেন, "ঝিল প্রচণ্ড রগচটা আর খুব রাগী। এরকম চরিত্র আমি আগে করিনি। সব চরিত্রেই একটা আভিজাত্য ছিল। এখানেও আছে। সেটা জানা যাবে পরে। ঝিল যেভাবে রাগে আমি তো ওভাবে সাধারণত রাগি না, রাগ দেখাইও না। মেয়েটার মুখের ভাষাটাও অন্যরকম। আমি তো র্যাপ গাই না কখনও। শুনি। ওটাকে রপ্ত করাও বেশ বড় টাস্ক ছিল। সত্যি কথা বলি, এতটা খাটনিওয়ালা কাজ আমি এর আগে করিনি।"
ইটিভি ভারতের প্রশ্ন ছিল, 'কুসুম দোলা'র পর এতটা দেরিতে কেন আবার টেলিভিশনে? মধুমিতার জবাব, "ইন্ডাস্ট্রিতে চোদ্দ ঘণ্টার কাজ শুরু হওয়ার আগেই আমার টেলিভিশনে আট বছর কাজ হয়ে গিয়েছিল। 'কুসুম দোলা' শেষ হওয়ার পর ভাবলাম এবার একটু আলাদা ধরনের চরিত্র করব। তবে, আমার কাছে টেলিভিশনের অফার ছিল তখনও। কিন্তু যে চরিত্রগুলো পেয়েছিলাম মনে হয়নি সেগুলো দিয়ে 'কুসুম দোলা'র পর ফেরা উচিত। এই সিরিয়ালটার পাশাপাশি দুটো ছবিরও কাজ আছে আমার হাতে।"
ইমন আর পাখিকে দর্শক বিপুল ভালোবাসা দিয়েছে। এবার কি টেনশন হচ্ছে যে ঝিল এত ভালোবাসা পাবে কি না? মধুমিতা বলেন, "ইমন আর পাখি কারওকেই আমি তৈরি করিনি। আমি অভিনয়টা করেছি শুধু। আমাকে কাহিনিকার, পরিচালক তৈরি করেছেন। এবারেও তাই। বরং এই প্রশ্নটা আমি লীনা দি শৈবাল দা'কে জিজ্ঞেস করব আমাকে ঝিল চরিত্রে কি তাঁরা ঠিকমতো পাচ্ছেন যেমনটা চেয়েছেন? আমি আমার অভিনয়টাই করব। এখানে টেনশনের কোনও জায়গা নেই। তবে, হোমওয়ার্ক ছিল কিছুটা। তাড়াতাড়ি কথা বলা প্র্যাকটিস করেছি। দুই রকমের 'স'-এর উচ্চারণ প্র্যাকটিস করেছি। কিছু উচ্চারণ ঠিক করতে হয়েছে। তবে, এমনভাবে না যে সেটাকে মিমিক্রি করা হচ্ছে বলে মনে হবে। আমার কাছে যে র্যাপ গুলো দেওয়া ছিল, সেগুলো মুখস্থ করে পারফর্ম করাটাই একটা বড় টাস্ক ছিল।"
শিবের ভক্ত মধুমিতা। বলেন, "আমি যখন দেখলাম 'ভোলে বাবা পার করে গা' নাম রাখা হয়েছে এই ধারাবাহিকের, তখন ভাবলাম আমারই এটা করা উচিত। এই ধারাবাহিকের মাধ্যমেই আমার ফেরা উচিত।" এহেন চরিত্র দেখে মধুমিতার ভাবী স্বামী দেবমাল্য কী বললেন? মধুমিতা বলেন, "হেসেই বলল, 'তুই এরকমও রাগতে পারিস!' ও এ নিয়ে আর কী বলবে। এত সুইট ও (সহাস্যে)।..."
সামনেই বিয়ে মধুমিতার। তার আগেই পুজো। কেনাকাটা এখনও শুরু করেননি। জানালেন অভিনেত্রী স্বয়ং। বলেন, "নতুন সিরিয়াল শুরুর আগে প্রেমেই বেশি মন দিয়েছিলাম। কেনাকাটা পুজোর পর করব। দু'মাস ধরে আইবুড়ো ভাত খাবো। আর পুজোতে সব বন্ধুদের বাড়ি গিয়ে খাবো। বলব, বিয়ের আগে এটাই লাস্ট পুজো। খাওয়া আমাদের।"

