পুজো এলে আমি আর বাবা ছোট হয়ে যাই- কোয়েল মল্লিক
এই দুর্গাপুজোয় ছেলে-মেয়ে কবীর-কাব্যর জন্য কী পরিকল্পনা রয়েছে মা কোয়েলের ?

By ETV Bharat Entertainment Team
Published : September 11, 2025 at 8:57 AM IST
কলকাতা, 11 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আরও একবার দুর্গারূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। এই নিয়ে তিনবার একই চ্যানেলের দুর্গা হচ্ছেন তিনি। হ্যাটট্রিক যাকে বলে। 'মাতৃরূপেণসংস্থিতা'তে এবার দেবী আদ্যাশক্তি পার্বতী মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে তাঁকে।
দুর্গাপুজোর আর বাকি নেই বেশিদিন। তার আগে মহালয়া যেন আর এক উৎসব বাঙালির। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী'র মাধ্যমে চোখ খোলে। এরপরে টেলিভিশন চ্যানেলের মহালয়ার অনুষ্ঠান উপভোগ। এক বিনোদন চ্যানেলে এই নিয়ে তিনবার মা দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় কোয়েল বলেন, "অনেক চরিত্রই করি কিন্তু মা দুর্গার চরিত্রটা খুব অন্যরকম। সব চরিত্রের থেকে একেবারে আলাদা। কোনওটার সঙ্গেই তুলনা করতে পারব না চরিত্রটাকে। এই চরিত্রে যখন অভিনয় করি তখন একটা আলাদা শক্তি কাজ করে। আলাদা মেজাজ কাজ করে। সেটা তখন অভিনয়ের মতো থাকে না। সব তাঁরই কৃপা যেন। অদ্ভুতভাবে হয়। আমার মনে হয়, আমরা যে আবেগ দিয়ে কাজটা করি সেই আবেগটাও একটা শক্তি। ফলে, সবটা অদ্ভুতভাবে হয়ে যায়।"
প্রসঙ্গত, এ বছর 101 বছরে পা দিয়েছে কোয়েলদের মল্লিক বাড়ির পুজো। কোয়েল বলেন, "যে ভাবে প্রত্যেক বছর মেতে ওঠা হয় এবারেও সেই মেজাজেই মেতে উঠব। পুজো এলে আমি আর বাবা ছোট হয়ে যাই। মানে কুচো কাঁচাদের বয়সে চলে যাই। পুজো মানেই পাগলামি, পুজো মানেই মজা, আড্ডা, অঞ্জলি আর অনেক প্রার্থনা। মা আসছে মানে সব সমস্যা মিটে যাবে, সবকিছু ভালো হবে এই ভাবনা আমার চিরকালের।"
নিজের ছেলেবেলায় ফিরে গিয়ে কোয়েল বলেন, "আমি আর আমার ছোড়দি কম্পিটিশন করতাম কে আগে রেডি হয়ে মায়ের কাছে যাব। তা ছাড়া ফুচকা খাওয়ার কম্পিটিশন তো থাকতই। আমি পঞ্চাশটা ফুচকা একবারে খেতে পারি।" আর কেনাকাটা? কোয়েল বলেন, "কেনাকাটা মা করেন। আমি আমার দুটো কুচোর জন্য কেনাকাটা করেছি। আগেরবার একজন ছিল। এবার তো দুজন। কবীর কোন পাজামা পাঞ্জাবি পরবে, কাব্য কোন ফ্রকের সঙ্গে কোন জুতো পরবে, কেমন ঝুটি বাঁধব সব ঠিক করে রেখেছি।"

