'গলি মে আজ চান্দ নিকলা...' করবা চৌথের দিন এই গান রাখতে পারেন প্লে-লিস্টে
করবা চৌথের দিনে এমন কিছু গান রইল যেখানে ভালোবাসার মানুষ আর আকাশের চাঁদ একে অপরের পরিপূরক হয়ে উঠেছে (Bollywood Songs on Moon) ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 10, 2025 at 12:18 PM IST
হায়দরাবাদ, 10 অক্টোবর: বাঙালি হোক বা অবাঙালি, প্রত্যেকের কাছে রোমান্টিসিজমের অন্যতম প্রতীক চাঁদ ৷ কবিদের ভাষায় কখন গীতিকারদের গানে চাঁদ প্রায়শই প্রেম, আকাঙ্ক্ষা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বারবার সামনে এসেছে ৷ আরও এই করবা চৌথেও (Karva Chauth 2025) অন্যতম ভূমিকা পালন করে সেই চাঁদ-ই ৷
কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় করবা চৌথের ব্রত। সার্বিক ভাবে বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে 'করবা চৌথ' মানে কী? এর সঙ্গে চাঁদেরই বা কী সম্পর্ক? জানা যায়, 'করবা' শব্দের অর্থ হল কড়াই আর 'চৌথ' বলতে বোঝায় চতুর্থী তিথিকে। এই দু'য়ের মেলবন্ধনেই হয়েছে এই ব্রতের নামকরণ। আজকের বিশেষ এই তিথিতে 'চাঁদ' যখন মধ্যমণি তখন গানে গানেই তা উদযাপন করা যাক ৷ আজকের প্রতিবেদনে এমন কিছু গান রইল যেখানে ভালোবাসার মানুষ আর আকাশের 'চাঁদ' একে অপরের পরিপূরক হয়ে উঠেছে (Bollywood Songs on Moon) ৷
ইয়ে চান্দ সা রোশন চেহারা (Yeh Chand Sa Roshan Chehra)
কাশ্মীরে মন ভোলানো প্রকৃতির মাঝে শিকারায় বসে মনের মানুষ ৷ তাঁকে দেখে প্রেমিক মন গেয়ে ওঠে ইয়ে 'চাঁন্দ সা রোশন চেহারা...' ৷ শর্মিলা ঠাকুর ও শাম্মি কাপুর অভিনীত 1964 সালে মুক্তি পাওয়া 'কশ্মীর' কি কলি সিনেমার এই গান আজকের দিনের জন্য একদম পারফেক্ট ৷
চৌন্ধবী কা চান্দ হো (Chaudhvin Ka Chand Ho )
মহম্মদ রফির কণ্ঠে এই গান আজও রোমান্টিক ক্লাসিক হয়ে রয়েছে ৷ 1960 সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্সঅফিসে টপ-গ্রসিং সিনেমার তালিকায় প্রথম সারিতে ছিল ৷ গুরু দত্ত, ওয়াহিদা রহমান, রেহমান, জনি ওয়াকার অভিনীত সিনেমাটি পরিচালনা করেন এম সাদিক ৷ প্রযোজনা গুরু দত্তের ৷ ভালোবাসার মানুষকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করার জন্য এই গান চার্টে রাখতেই পারেন ৷
নীলে নীলে অম্বর পর চান্দ জব আয়ে (neele neele ambar par chand)
1983 সালে মুক্তি পায় কলাকার ৷ এই সিনেমার বক্সঅফিসের থেকে বেশি আলোচনা হয় কিশোর কুমারের কণ্ঠে এই গানকে নিয়ে ৷ কুণাল গোস্বামী ও শ্রীদেবী অভিনীত এই গানে সুর দেন কল্যাণজী-আনন্দজী ৷ গান লিখেছিলেন ইন্দিবর ও মনোজ কুমার ৷
গলি মে আজ চান্দ নিকলা (Gali Mein Aaj Chaand Nikla)
তুম আয়ে তো আজ মুঝে ইয়াদ, গলি মে আজ চান্দ নিকলা ৷ জখম সিনেমায় অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গান কে ভুলতে পারে ৷ অস্কারজয়ী সুরকার এমএম করীমের ম্যাজিকে মুগ্ধ আজও শ্রোতারা ৷ গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি ৷
চান্দ ছুপা বাদল মে (Chand Chupa Badal Mein)
করবা চৌথের জন্য বছরের পর বছর এই গান সকলের প্লে লিস্টে প্রথম তালিকায় জায়গা দখল করে রেখেছে ৷ হাম দিল দে চুকে সনম সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খানের মিষ্টি মধুর কেমিস্ট্রি বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলে ৷
মেরা চান্দ মুঝে আয়া হ্যায় নজর (Mera Chand Mujhe Aaya Hai Nazar)
সিনেমার নাম মিস্টার আশিক ৷ মুখ্য চরিত্রে সইফ আলি খান ও টুইঙ্কল খান্না ৷ এই সিনেমার জনপ্রিয় গানটি গেয়েছেন কুমার শানু ৷ যতিন-ললিত সুর দিয়েছেন গানে ৷ সঙ্গীত পরিচালনাও করেছেন এই জুটি ৷ এই গান শুনলে মনের মধ্যে প্রেম ভাব শিহরণ জাগায় ৷
এছাড়াও চাঁদ নিয়ে আরও হাজারো গান রয়েছে হিন্দির পাশাপাশি বাংলা গানেও ৷ আজকের দিনে চাঁদ নিয়ে কোন গান আপনি আপনার প্লে লিস্টে রাখতে চাইছেন ?

