চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অভিনেত্রী স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ স্বামীর
অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

By ETV Bharat Entertainment Team
Published : July 12, 2025 at 12:02 PM IST
|Updated : July 12, 2025 at 12:08 PM IST
বেঙ্গালুরু, 12 জুলাই: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে স্ত্রীর ওপর ছুড়ি দিয়ে হামলা স্বামীর ৷ পেট, পাঁজর, ঘাড়ে গলায় ছুরির আঘাত ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কন্নড় টেলিভিশন অভিনেত্রী মঞ্জুলা (Kannada television actress Manjula) ৷ যিনি পর্দায় শ্রুতি (Shruti) নামে পরিচিত ৷ ঘটনাটি ঘটে 4 জুলাই বেঙ্গালুরুর মুনেশ্বরা লেআউটে তাঁদের ভাড়া বাড়িতে। হনুমানথ নগর পুলিশ (Hanumanth Nagar police) এই ঘটনায় মামলা দায়ের করেছে ৷ ঘটনায় স্বামী অমরিশকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিনেত্রীর ওপর ভয়ঙ্কর হামলা স্বামীর...
এই বিষয়ে পশ্চিম বিভাগের ডিসিপি এস গিরিশ (DCP S Girish) বলেন, "ছোট পর্দার কয়েকটি ধারাবাহিকে কাজ করা মঞ্জুলা ওরফে শ্রুতি অমরিশের (49) প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন। অমরিশ একজন অটো চালক। দুজনেরই 20 বছর আগে বিয়ে হয়েছিল। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তদন্তে জানা গিয়েছে যে তাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়েছিল ৷ প্রায়শই তাঁদের মধ্যে ঝগড়া-অশান্তি লেগে থাকত ৷"

তিনি আরও বলেন, "তিন মাস আগে মঞ্জুলা তাঁর স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হয়রানির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। গত বৃহস্পতিবার, দুজনে মিলে মিটমাট করে একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু, তাঁদের মধ্যে আবার মতবিরোধ দেখা দেয় এবং ঝগড়া শুরু হয়। অভিযোগ অমরিশ তাঁর স্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পেট, পাঁজর, উরু এবং ঘাড়ে ছুরিকাঘাত করে।"
ডিসিপি জানান, চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ সেখানে গুরুতর আহত অবস্থায় শ্রুতিকে উদ্ধার করেন তারা ৷ এরপর ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই মুহূর্তে অভিনেত্রী চিকিৎসাধীন ৷ হনুমাননগর থানায় অমরিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ৷

