আবারও কি পর্দায় আসবে 'অরণ্যর প্রাচীন প্রবাদ' ? বই প্রকাশের দিন বড় ঘোষণা পরিচালকের
'অরণ্যর প্রাচীন প্রবাদ' বই প্রকাশিত করেন লালবাজার থানার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, ডেপুটি কমিশনার অফ পুলিশ অলোক সান্যাল ৷

By ETV Bharat Entertainment Team
Published : July 4, 2025 at 4:13 PM IST
|Updated : July 4, 2025 at 5:07 PM IST
হায়দরাবাদ, 4 জুলাই: শুক্রবার সাত সকালে লালবাজারে হাজির জিতু কমল (Jeetu Kamal)। না কারওর বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে নয়। তিনি হাজির বই হাতে। গত বছর দুলাল দে'র পরিচালনায় মুক্তি পায় বাংলা ছবি 'অরণ্যর প্রাচীন প্রবাদ' (Aranyar Prachin Probad)। সেই ছবিতে ডাক্তারির ছাত্রের ভূমিকায় অভিনয় করেন জিতু। পরে অবশ্য পরিস্থিতি অরণ্যকে গোয়েন্দা করে তোলে। 'অরণ্যর প্রাচীন প্রবাদ' এবার মলাটবন্দি করলেন পরিচালক দুলাল দে। প্রকাশক 'দীপ প্রকাশনা'।
বইটি এদিন প্রকাশিত হয় লালবাজার থানায় পুলিশ কমিশনারের ঘর থেকে। হাজির ছিলেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, ডেপুটি কমিশনার অফ পুলিশ অলোক সান্যাল, পরিচালক ও বইয়ের লেখক দুলাল দে, অভিনেতা জিতু কমল, প্রকাশক দীপ্তাংশু মণ্ডল। দুলাল দে ইটিভি ভারতকে বলেন, "অরণ্য চ্যাটার্জিকে সাহিত্যের পাতায় প্রতিষ্ঠিত করতে চাই আমি। তাই এই বই। গত বছর মুক্তি পায় ছবিটি। সেই হিসেবে এক বছর পূর্ণ হল। 'অরণ্যর প্রাচীন প্রবাদ' আবার আসবে সিনেমায় এবং মলাটে। ইতিমধ্যেই স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গিয়েছে।"
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে মুক্তি পায় জীতু কমলের এই সিনেমা ৷ এই বছর জুলাইতেই হাজির বই। ক্রীড়া সাংবাদিক দুলাল দে'র বানানো ছবিটি দর্শকের মনে সাড়া জাগায়। এবার বইটি কতটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেটাই দেখার। গল্পের দিকে নজর দিলে দেখা যায়- রহস্য অনুসন্ধানের কাহিনি লেখেন অরণ্য চট্টোপাধ্যায়ের জামাইবাবু সুদর্শন হালদার ৷ সুদর্শন হালদার একজন সিআইডি ইন্সপেক্টর ৷ রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প ৷ এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে ৷ অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়ে খুনের রহস্যের সঙ্গে ৷ মৃত্যুর আগে চিকিৎসক কিছু প্রবাদ লিখে রাখে ৷ সেগুলির মাধ্যমেই রহস্যের সমাধান করে অরণ্য চট্টোপাধ্যায় ৷ সেই থেকেই ছবির নাম 'অরণ্যর প্রাচীন প্রবাদ' রাখা হয়। আর এবার তা হয়ে উঠল বই।

