বাংলা গান গেয়ে খুশি জ্যাকলিন ফার্নান্ডেজ, নারী দিবসেই প্রকাশ্যে 'আমি কাফি'
গেন্দা ফুলের পর ফের বাংলা গানে দেখা মিলল জ্যাকলিন ফার্নান্ডেজের ৷ এবার তিনি গলাও মেলালেন ৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর 'আমি কাফি' গান ৷

Published : March 9, 2025 at 12:42 PM IST
কলকাতা, 9 মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে বড় চমক দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ । এবার বাংলায় গান গাইলেন অভিনেত্রী । 8 মার্চ হাজির হল নারী দিবস স্পেশাল গান 'আমি কাফি' । এই মিউজিক ভিডিয়োতে জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি বাংলার কিছু পরিচিত মুখও রয়েছে । ইতিমধ্যেই শ্রোতা এবং দর্শকমহলে সাড়া ফেলেছে এই গান ।
বছর চারেক আগে মিউজিক ভিডিয়োয় বাঙালি কন্যার বেশে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ । এবার গাইলেন বাংলা গান, যা ইতিমধ্যেই হাজির জনদরবারে ।

মিউজিক ভিডিয়োটিতে কলকাতার জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবীদেরও দেখা গিয়েছে । রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিং । সকলের সাজপোশাকেও রয়েছে দারুণ চমক ।

কয়েক মাস আগেই 'স্টর্মরাইডার' শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতা, দর্শকের মন কেড়ে নেয় । এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করলেন অমৃতা সেন এবং সিজি । তাঁদের সঙ্গেই 'আমি কাফি' শীর্ষক এই মিউজিক ভিডিয়োয় গলা মিলিয়েছেন জ্যাকলিন ।

নারী দশভুজা । সে স্বয়ংসম্পূর্ণা । সে পারে না এমন কাজ নেই । নিজের জায়গায় সে নিজেই সেরা এবং যথেষ্ট । এই গান সেই সব সত্যেরই জয়গান গায় বলে নির্মাতাদের দাবি । তাঁদের মতে, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে ।

জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত । অভিনেত্রী বলেন, "বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব খুশি । এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক । বাঙালি শ্রোতার জন্য বাংলা ভাষায় গানটা নিয়ে এসে আমিও খুশি ।"


