গানের জগতে 'নাদান পরিন্দে' কবীরের কামাল ! উচ্ছ্বসিত মা ইন্দিরা ধর
পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছেলে কবীর প্রথমবার গান রেকর্ড করেছে ৷ তার নামে তৈরি হয়েছে সোশাল মিডিয়া পেজও ৷ মিষ্টি গলায় কবীরের গান শুনেছেন ?

By ETV Bharat Entertainment Team
Published : August 5, 2025 at 11:48 AM IST
হায়দরাবাদ, 5 অগস্ট: হাতে গিটার, কানে হেডফোন...সোশাল মিডিয়ায় খোঁজ পাওয়া গিয়েছে মিনি রণবীর কাপুরের ! যার ওয়ান্ডারল্যান্ডে ঢুঁ মারলে অবাক হতে হয় ৷ মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ঠিক রণবীর কাপুরের মতো গলা ছেড়ে গান ধরেছে 'ও নাদান পরিন্দে ঘর আজা...' ৷ খুদের এই কেরামতি দেখলে কে বলবে এর বয়স মাত্র ছয় ৷ বাড়ির পরিবেশ আর অনুশীলনে এইভাবেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে একটু একটু করে পা ফেলছে ছোট্ট কবীর ৷ জানেন তিনি কার সন্তান ?
'কান চলচ্চিত্র উৎসব' থেকে 'অস্কার' - বিশ্বের দরবারে যিনি ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছেন সেই পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের (Indira Dhar Mukherjee) ছেলে কবীর, যে তার প্রথম গানের রেকর্ডিং নিয়ে সদ্য পা রেখেছে সোশাল মিডিয়ায় ৷ কীভাবে গানের জগতে পা রাখল কবীর ?
ছেলের কীর্তি নিয়ে মা ইন্দিরা ইটিভি ভারতকে বলেন, "খুব ছোট বয়স থেকে কবীর আমার কাজের সঙ্গে যুক্ত, আর্টিস্টিকলি ৷ কারণ ওর যখন ছয়মাস বয়স তখন আমি প্রকৃত অর্থে শর্টসফিল্ম বানাতে শুরু করি ৷ আমার প্রত্যেকটা শর্টফিল্মস ছিল লার্জস্কেল শর্টসফিল্ম ৷ সেই কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে ৷ ফলে অনেক ক্ষেত্রেই কবীর আমার সঙ্গে সেটে থাকত ৷ যখন 'ইকোস অফ ভ্যালোর' (Echoes of Valor) বানাচ্ছিলাম তখনও কবীর আমার সঙ্গে সেটে ছিল ৷ এমনকী, নীরজ কবি ও দিব্যা দত্তাকে 'অ্যাকশন'-'কাট' বলে ডিরেক্টও করেছে ৷ নীরজ-দিব্যাও বেশ আনন্দ করে কবীরের সঙ্গে কাজ করেছে ৷"
কবীরের প্রথম গানের তালিম নেওয়া শুরু 'অস্কার' ক্লেইমড সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ৷ ইন্দিরা বলেন, " 'ইতি মা' গানের যখন রেকর্ড হচ্ছিল কবীর তখন ভীষণভাবে যুক্ত ছিল এই কাজের সঙ্গে ৷ সায়নের কোলে বসে আসলে শিখল, 'হোয়াটস ইজ মিউজিক…' ৷ ইমন গানটা যখন রেকর্ড করছিল তখন কবীর মন দিয়ে শুনত ৷ ওর ইন বর্ন ট্যালেন্ট রয়েছে যেটা বলতেই হয় ৷ তার সঙ্গে গানও করতে চায় ৷ মিস্টার এআর রহমানের খুব বড় ফ্যান কবীর ৷ গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে রহমানজির সঙ্গে দেখা হয়েছিল ৷ উনি 'পুতুল' সিনেমার পোস্টার দেখে খুশি হন ৷ সায়ন অনেক বছর আগে রহমানের কনসার্টে বাজিয়েওছে ৷ বাড়িতে এই গানের একটা পরিবেশ কবীরের ওপর প্রভাব ফেলেছে ৷"
আগামী দিনে কবীরকে সঙ্গীত নিয়েই এগোবে ? পরিচালক তথা মা ইন্দিরার কথায়, "অনেকেই ওর গলা শুনে বলে, পিচটা খুব ভালো ৷ তালের সেন্স আছে ৷ খুব তাড়াতাড়ি গান পিকআপ করে নেয় ৷ এখন তো মাত্র ছয় বছর বয়স ৷ দেখি আগে কী হয় !"

