অন্নু কাপুর থেকে বেন কিংসলে, গান্ধিজীর চরিত্রে যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে
অস্কারজয়ী বেন কিংসলে থেকে দীপক আন্তানি-সহ 7 জন অভিনেতা মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন ৷ অনস্ক্রিনে তাঁরা জীবন্ত করে তুলেছেন গান্ধিজীকে ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 30, 2025 at 7:52 PM IST
হায়দরাবাদ, 30 জানুয়ারি: আজ মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী ৷ 30 জানুয়ারি দিনটি ভারতে শহিদ দিবস হিসেবে পালন করা হয় । এই দিনটির দেশের ইতিহাসে একটি বিশেষ স্থান রয়েছে ৷ দেশের জন্য মহাত্মা গান্ধির আত্মত্যাগকে স্মরণ করা হয় এই দিনে ৷ 1948 সালে এই দিনেই নাথুরাম গডসে তাঁকে হত্যা করে ।
মহাত্মা গান্ধির মাহাত্ম্য কেবল বইয়ের পাতাতেই নয়, বছরের পর বছর ধরে বেশ কয়েকটি ফিল্মেও তাঁর জীবন ও দর্শনকে তুলে ধরা হয়েছে । কথায় বলে, কিংবদন্তিদের মৃত্যু হয়, কিন্তু তাঁদের গল্প থেকে যায় । সেরকমই একজন মহাত্মা গান্ধি ৷ তাঁর মৃত্যুদিনে দেখে নেওয়া যাক কালজয়ী কিছু ছবি ও তাতে অভিনয় করা কুশলীবদের কথা, যাঁরা পর্দায় নিখুঁতভাবে মহাত্মা গান্ধির চরিত্রকে কেবল ফুটিয়ে তোলেলনি, বরং জীবন্ত করে তুলেছেন ৷ সেই তালিকায় রয়েছেন অস্কারজয়ী বেন কিংসলে থেকে দীপক আন্তানি ৷
বেন কিংসলে - গান্ধি (1982)
1982 সালে মুক্তি পায় গান্ধি ছবিটি । এই ছবিটি পরিচালনা করেন রিচার্ড অ্যাটেনবরো ৷ হলিউড অভিনেতা বেন কিংসলে এই ছবিতে মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছিলেন । এই ছবিতে আসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার পান ৷ এছাড়াও এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ছবি-সহ আটটি অস্কার নিজের ঝুলিতে ভরে । মহাত্মা গান্ধির চরিত্রে বেনের অভিনয় এবং ছবির গল্পের জন্য 'গান্ধি'কে সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হিসাবে বিবেচনা করা হয় ।
নাসিরুদ্দিন শাহ - হে রাম (2000)
কমল হাসানের হে রাম ছবিতে মহাত্মা গান্ধির চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ । ছবিটি ভারত বিভাজনের উপর ভিত্তি করে তৈরি করা হয় ৷ যেখানে ভারত বিভাগের পর বিশৃঙ্খলার সময় শান্তি বজায় রাখার ক্ষেত্রে মহাত্মা গান্ধির ভূমিকাকে তুলে ধরে । নাসিরুদ্দিন শাহ ছবির মুখ্য চরিত্রে ছিলেন না ৷ তবে তিনি মহাত্মা গান্ধি হিসাবে তাঁর শক্তিশালী পারফরম্যান্স দিয়ে লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছিলেন ।
রাজিত কাপুর - দ্য মেকিং অফ দ্য মহাত্মা (1996)
দ্য মেকিং অফ দ্য মহাত্মা ছবির পরিচালক শ্যাম বেনেগাল ৷ তিনি এই ছবিতে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধির জীবনের প্রথম দিকের কথা তুলে ধরেন । 1996 সালে এই ছবি মুক্তি পায় ৷ রাজিত কাপুর মহাত্মা গান্ধির চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন । মহাত্মা গান্ধির জীবন সম্পর্কে আজানা তথ্য তিনি সিনেমার পর্দায় নিয়ে আসেন ৷ তাঁর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ।
আন্নু কাপুর - সর্দার (1993)
ছবিটির মূল গল্প আবর্তিত সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন্দ্র করে ৷ যেখানে অন্নু কাপুর মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছিলেন । ছবিটি মহাত্মা গান্ধি এবং বল্লভভাই প্যাটেলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে তুলে ধরেছিল । অন্নু কাপুরের অভিনয় দক্ষতার মহাত্মা গান্ধির চরিত্রে প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করেছিল ।

দর্শন জারিওয়ালা - গান্ধি, মাই ফাদার (2007)
দর্শন জারিওয়ালা গান্ধি, মাই ফাদার-এ মহাত্মা গান্ধির চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ এই ছবি মহাত্মা গান্ধির ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে । মহাত্মা গান্ধির ভূমিকায় দর্শন জারিওয়ালা ছাড়াও, ছবিতে অক্ষয় খান্নাকে তাঁর বড় ছেলে হরিলাল গান্ধির চরিত্রে দেখা গিয়েছে । এই ছবিতে তাঁর জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে মহাত্মা গান্ধির সম্পর্কের টানাপোড়েন কথা তুলে ধরা হয় ৷
দিলীপ প্রভাবলকর - লাগে রাহো মুন্না ভাই (2006)
লাগে রাহো মুন্না ভাই ছবিটি 2006 সালে মুক্তি পায় ৷ এই ছবিতে মহাত্মা গান্ধির চরিত্রে অভিনয় করেন দিলীপ প্রভাবলকর ৷ তাঁকে স্ক্রিনে মহাত্মা গান্ধি হিসাবে খুব পছন্দ করেছে দর্শক ৷ তিনিও নিপুণতার সঙ্গে তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন ৷ দিলীপের অভিনয় ছিল গভীর এবং বিনোদনমূলক। যদিও ছবিটিতে ইতিহাসকে ভুলে চরিত্রটিকে আধুনিক মোড়কে সাজানো হয়েছে ৷ নতুন যুগের দর্শকের কাছে ছবিটি ও মহাত্মা গান্ধির চরিত্র বেশ জনপ্রিয় হয় ।
দীপক আন্তানি - গান্ধি গডসে: এক যুধ (2023)
অনেক অভিনেতা এর আগে মহাত্মা গান্ধিকে সিনেমার পর্দায় অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন ৷ কিন্তু একজন অভিনেতা আছেন যিনি সবচেয়ে বেশিবার ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করেছেন । তিনি হলেন থিয়েটার শিল্পী দীপক আন্তানি ৷ যিনি থিয়েটার এবং সিনেমা দুটিতেই সবচেয়ে বেশিবার মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন ৷ তার জন্যই লিমকা বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস উভয়ই রয়েছে তাঁর নামে । রাজকুমার সন্তোষীর পরিচালনায় 2023 সালের গান্ধি গডসে: এক যুধ ছবিতে তিনি অভিনয় করেছিলেন ।

