ETV Bharat / entertainment

মাণিকবাবুকে আবার বোধহয় মেঘের সঙ্গেই মিলিয়ে যেতে হবে- চন্দন সেন

'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025'-এ 'বহুরূপী' এবং 'মাণিকবাবুর মেঘ' জিতেছে একাধিক পুরস্কার। কী প্রতিক্রিয়া পরিচালক নন্দিতা রায় ও অভিনেতা চন্দন সেনের ?

Filmfare award Bengal 2025
'বহুরূপী' এবং 'মাণিকবাবুর মেঘ' জিতেছে একাধিক পুরস্কার (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 19, 2025 at 5:58 PM IST

1 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025'-এ 'বহুরূপী' এবং 'মাণিকবাবুর মেঘ'-এর জয়জয়কার। একাধিক পুরস্কার জিতে নিয়েছে 'বহুরূপী'। সেরা ছবি- বহুরূপী, সেরা পরিচালক- নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী), সেরা মুখ্য পুরুষ চরিত্রাভিনেতা- শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী), সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ)- ননীচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তী (শিমুল পলাশ- বহুরূপী), বেস্ট প্লে ব্যাক সিঙ্গার (মহিলা)- শ্রেষ্ঠা দাস (ডাকাতিয়া বাঁশি- বহুরূপী), সেরা কস্টিউম-জয়ন্তী সেন (বহুরূপী)। ফিল্মফেয়ারের মঞ্চে এদিন 'বহুরূপী'র জয়জয়কার।

পিছিয়ে ছিল না 'মাণিকবাবুর মেঘ'ও। সেরা ছবি (ক্রিটিক্স)-র পুরস্কার জিতে নিয়েছে মাণিকবাবুর মেঘ (অভিনন্দন বন্দ্যোপাধ্যায়), সেরা অভিনেতা- চন্দন সেন (মাণিকবাবুর মেঘ), সেরা অরিজিনাল স্টোরি- অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)।

পুরস্কার জিতে নন্দিতা রায় ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি ভীষণ খুশি। যে পরিমাণ পরিশ্রম আমরা 'বহুরূপী'র জন্য করেছি তার ফল পেলাম গতকাল।" ওদিকে 'মাণিকবাবুর মেঘ'-এর মাণিকবাবু থুড়ি চন্দন সেন বলেন, "আমার মনে হয় মাণিকবাবুর যাত্রা এবার শেষ হল ৷ আর একটিই মাত্র নমিনেশন পড়ে আছে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড (ন্যাশনাল), আমার মনে হয় না সেখানে আর কিছু ঘটবে। মাণিকবাবুকে আবার বোধহয় মেঘের সঙ্গেই মিলিয়ে যেতে হবে।"

তিনি আরও বলেন, "কাজটা যখন আমরা করেছি তখন তো ভাবিনি পুরস্কারের কথা। অনেকগুলো পুরস্কারই এলো। তবে, সবথেকে বেশি ধন্যবাদ জানাবো দর্শককে। যারা 100 দিন ছবিটা নন্দনে টিকিট কেটে দেখেছেন। এই সব সিঙ্গল স্ক্রিনে যারা সিনেমা দেখতে আসেন তাঁরা ছাপোষা এবং খেটে খাওয়া।"