কেমব্রিজের ডাকে নৃত্য ওয়ার্কশপে ডোনা গঙ্গোপাধ্যায়
কেমব্রিজ-এর জিসাস কলেজে এই ওয়ার্কশপ করানোর আমন্ত্রণ পান ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ওড়িশি নৃত্যশিল্পী জানান, এটা তাঁর কাছে খুবই খুশি ও গর্বের বিষয় ৷

Published : June 15, 2025 at 2:55 PM IST
কলকাতা, 15 জুন: ওড়িশি নৃত্যের ওয়ার্কশপ করতে এবার কেমব্রিজে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নাচের দল 'দীক্ষামঞ্জরী'। 14 জুন কেমব্রিজের ডাকে সেখানকার জিসাস কলেজে এই ডান্স ওয়ার্কশপ করলেন ওড়িশি নৃত্যশিল্পী ৷
প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা কলকাতা তথা ভারতের নানা প্রান্তে, এমনকি বিদেশের বহু শহরে ভারতীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে আসছেন বহু বছর ধরে ৷ তাঁর নিজের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান 'দীক্ষামঞ্জরী'র পথ চলা প্রায় 25 বছর হতে চলল । দেশের নানা বিশ্ববিদ্যালয়ের জন্য নৃত্যের ওয়ার্কশপ করে থাকলেও বিদেশের মাটিতে কেমব্রিজে নৃত্যের ওয়ার্কশপ এই প্রথমবার করলেন তিনি ।
ডোনা গঙ্গোপাধ্যায় ভারতজুড়ে মর্যাদাপূর্ণ নানা উৎসবে নৃত্য পরিবেশন করেন তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে । যার মধ্যে অন্যতম ' উদয় শঙ্কর নৃত্য উৎসব', 'কোনার্ক উৎসব' এবং 'মহাকুম্ভ মেলা' । পাশাপাশি আন্তর্জাতিকভাবে 'চিনে ওয়ার্ল্ড এক্সপো', মিশরে 'ইন্ডিয়া বাই দ্য নাইল উৎসব'-সহ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড-এর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন তিনি নানা সময়ে ।

দিনকয়েক আগেই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার জগন্নাথ ধামের প্রতিষ্ঠাপর্বে হাজির হয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নাচের দল । তারা ওড়িশি নৃত্যকলা পরিবেশন করে সেখানে ৷ ডোনা গঙ্গোপাধ্যায় সেদিন বলেন,"ভগবানের অশেষ কৃপা না থাকলে এই প্রাপ্তি হয় না ।"
এবার কেমব্রিজের ডাকে ডান্স ওয়ার্কশপ নিয়ে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বলেন,"ভারতীয় সংস্কৃতির ব্যাপ্তি ভীষণ গভীর । পৃথিবীর নানা প্রান্তে অনেক ইচ্ছুক ছাত্র-ছাত্রী থাকেন যাঁরা এই ওয়ার্কশপ করতে চান । আমি খুবই খুশি ও গর্বিত কেমব্রিজ-এর জিসাস কলেজে এই ওয়ার্কশপ করানোর আমন্ত্রণ পেয়ে ।"

