ETV Bharat / entertainment

দেব-জিৎ-প্রসেনজিৎকে নিয়ে ছবি বানাতে চান, ইটিভি ভারতে সোজাসাপটা ইন্দিরা ধর

দেব, জিৎ, প্রসেনজিৎকে নিয়েও ছবি বানাতে আগ্রহী 'কান' ফেরত পরিচালক ইন্দিরা ধর ৷ তবে তিনি বলেন, তাঁর ছবিতে অভিনেতারা নন, চরিত্ররাই গুরুত্বপূর্ণ ৷

ETV BHARAT
ইটিভি ভারতের কলকাতার অফিসে ইন্দিরা ধর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 6, 2025 at 6:33 PM IST

|

Updated : July 6, 2025 at 6:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 জুলাই: 'কান চলচ্চিত্র উৎসব' থেকে 'অস্কার' - বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছেন যাঁরা, তাঁদের তালিকায় জুড়েছে আরও একটি নাম, ইন্দিরা ধর । তাঁর তৈরি 'পুতুল' দেখানো হয় 'কান চলচ্চিত্র উৎসব'-এ, ইন্ডিয়ান প্যাভিলিয়নে ।

প্রথম বাংলা ছবি হিসেবে 2025-এর অস্কারের দৌড়ে সেরা ছবির বিভাগে মনোনয়ন পায় ইন্দিরা ধরের 'পুতুল'। পাশাপাশি প্রথম বাংলা গান হিসেবে ছবির গান 'ইতি মা' অ্যাকাডেমি পুরস্কারে বিশ্বের সেরা 89টি গানের মধ্যে জায়গা করে নেয় । অস্কারে অরিজিনাল ট্র্যাক এবং সেরা আবহ সঙ্গীত হিসেবেও মনোনীত হয় ।

ইটিভি ভারতের মুখোমুখি ইন্দিরা ধর (নিজস্ব ভিডিয়ো)

উল্লেখ্য, গোটা ছবিতে কোনও গান ছিল না । 'ইতি মা' ছিল ছবিটির প্রোমোশনাল সং । গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং একঝাঁক কচিকাঁচা । গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য (অভিনেতা), সুর করেন সায়ন গঙ্গোপাধ্যায় । লাইভ অর্কেস্ট্রা ব্যবহার করা হয়েছে এই গানে । এহেন ইন্দিরা 'কান চলচ্চিত্র উৎসব'-এ 'এডিংটন' ছবির জন্য রেড কার্পেটেও হাঁটেন এ বছর ৷ রেড কার্পেটে শাড়ি পরে বাঙালির ঐতিহ্য বিদেশের মাটিতে আরও একবার উজ্জ্বল করেন তিনি ।

ETV BHARAT
অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পায় ইন্দিরা ধরের 'পুতুল' (ইন্দিরার থেকে সংগৃহীত চিত্র)

চলতি বছর 'কান চলচ্চিত্র উৎসব'-এ ইন্দিরার আসন্ন হিন্দি ছবি 'একোস অফ ভ্যালর'-এর ট্রেলার এবং ফার্স্ট লুক সামনে আনেন শেখর কাপুর । এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের দিব্যা দত্ত, নীরজ কবি, বাঙালি অভিনেতা রোহন ভট্টাচার্য, 'ফাইটার' খ্যাত ঋষভ সোনি । ছবির মিউজিক করেছেন সায়ন গঙ্গোপাধ্যায় । ভারতীয় সৈনিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের মা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের জীবন এই ছবির কেন্দ্রে । 'ইতি মা' যেমন মায়ের কথা বলেছে 'একোস অফ ভ্যালর'ও তেমনই এক মায়ের কথা বলবে । যে মা যুদ্ধে হারিয়েছেন তাঁর বীর পুত্রকে ।

ETV BHARAT
রেড কার্পেটে ইন্দিরা ধর (ইন্দিরার থেকে সংগৃহীত চিত্র)

ইন্দিরা বলছিলেন, "শুক্লা বন্দ্যোপাধ্যায় এমনই একজন মা, যিনি তাঁর ছেলের মৃত্যুর স্থানে গিয়েছেন । ফিরেও এসেছেন । ছেলেকে হারানোর শোক আছে । কিন্তু কোনও অভিযোগ নেই । কারণ দেশের জন্য জীবন দিয়েছে তাঁর ছেলে ।"

ETV BHARAT
ছবি নিয়ে আলোচনায় (ইন্দিরার থেকে সংগৃহীত চিত্র)

খুব শীঘ্রই ওটিটি-তে আসবে 'পুতুল'। ইন্দিরা এক ঝাঁক পথশিশুকে নিয়ে এই ছবি বানিয়েছিলেন । তাদেরকে দিয়ে অভিনয় করিয়ে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল সেই প্রশ্ন তুললে তিনি বলেন, "ওরা সবাই ট্যালেন্টেড । কত কিছু পারে ওরা ! একজন তো করিনা কাপুর হতে চায় । ওরা যে যা পারে আমাকে করে দেখাত । হইহই করে কাজ করেছি আমরা ।" প্রেমের সম্পর্ক নিয়ে ছবি বানাতে ইচ্ছা করে না? ইন্দিরা বলেন, "প্রেম বিষয়টা অনেক বড় । এই মুহূর্তে আমি সামাজিক বিষয়ের উপরেই কাজ করছি । পরে প্রেমের সম্পর্ককেন্দ্রিক ছবি বানাব না তা নয় ।"

ETV BHARAT
কানের আসরে ইন্দিরা ধর (ইন্দিরার থেকে সংগৃহীত চিত্র)

দেব, জিৎ কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কখনও ছবি বানাতে চান না ? এই প্রশ্নের জবাবে ইন্দিরা বলেন, "আমি পারফরমেন্স বেসড ছবি বানাই । আমার ছবিতে চরিত্ররা গুরুত্বপূর্ণ, অভিনেতা নয় । এ যাবৎ যাঁদের নিয়ে কাজ করেছি সবাই আমার 'পালস 'বুঝেছেন । আর আমিও অভিনেতাদের 'ভাইবস' বুঝি । 'পুতুল' করার সময়ে মুমতাজ তো প্রায় 24 ঘণ্টাই থাকত আমার সঙ্গে । আমি কীভাবে কী কর‍তে চাই মুমতাজ বুঝে গিয়েছিল । তাই কেউ যদি আমাকে বুঝে আমার সঙ্গে কাজ করেন আমি নিশ্চয়ই কাজ করব ।"

Last Updated : July 6, 2025 at 6:40 PM IST