ETV Bharat / entertainment

ওপার বাংলায় মুক্তি পাবে 'ধূমকেতু ? বাংলাদেশ হাই কমিশনের কাছে আর্জি প্রযোজক রানার

দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাক বাংলাদেশেও- এই আর্জি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ হন ছবির প্রযোজক ।

dev-subhashree-ganguly-starrer-dhumketu-will-release-in-bangladesh
ওপার বাংলায় মুক্তি পাবে 'ধূমকেতু ? (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 30, 2025 at 11:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: 'ধূমকেতু' ম্যাজিকে এখনও কাবু গোটা বাংলা। 14 অগস্ট মুক্তির দিন থেকে আজও হাউজ ফুল প্রায় প্রতিটি সিনেমা হলই। দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাক বাংলাদেশেও- এই আর্জি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ হন ছবির প্রযোজক রানা সরকার।

এদিন রানা সরকার সাংবাদিকদের বলেন, "বাংলাদেশেও দেব-শুভশ্রীর অগণিত ভক্ত ৷ তারা আমাদের অনুরোধ করছে ওদের দেশেও সিনেমাটা রিলিজ করানোর জন্য। আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়েছিলাম। তারপর বাংলাদেশের প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা করতে বলা হয় এবং ফর্মাল প্রসেসিং শুরু কর‍তে বলা হয়। আজ আমি এসেছিলাম এখানকার ফার্স্ট সেক্রেটারিকে অফিসিয়ালি আবেদন জমা দিতে। উনি এই আবেদনটা প্রসেস করবেন এবং ওই দেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলবেন যে ওই দেশে ছবিটা দেখানো যাবে কি না। এই কাজে একটু সময় লাগে। তারপর ওঁরা আমাদের জানাবেন 'ধূমকেতু' ওখানে রিলিজ করানো যাবে কিনা।"

কী বললেন রানা সরকার ? (Special Arrangement)

রানা আরও বলেন, "ওঁরাও চান 'ধূমকেতু' ওখানে রিলিজ হোক। শুধু 'ধূমকেতু' নয়, এপার বাংলার সব সিনেমাই যাতে ওখানে রিলিজ হয় সেটা চান ওঁরা। ওপার বাংলার কোনও সিনেমা আমাদের এখানে রিলিজ হতে কোনও অসুবিধা নেই। এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হল আমাদের৷ আমাদের আবেদন আন্তরিকভাবে শুনলেন ওঁরা। বিনোদনের মাধ্যমেও মানবাধিকার রক্ষা করা সম্ভব। আমাদের চিঠিতে তেমন কথাও লেখা আছে। আশা রাখি অসুবিধা হবে না৷ "

dev-subhashree-ganguly-starrer-dhumketu-will-release-in-bangladesh
বাংলাদেশ হাই কমিশনের কাছে আর্জি (Special Arrangement)

রানা সরকারের পাঠানো চিঠির বয়ান অনুযায়ী, "আমরা বিশ্বাস করি জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের সবরকম মানবাধিকার রক্ষিত হবে। বিনোদনও একরকমের মানবিক অধিকার। তাই সিনেমার মাধ্যমে বিনোদনের সেই অধিকার থেকে বাংলাদেশের দর্শক যাতে বঞ্চিত না হয় এবং ধূমকেতু সিনেমাটি বড় পর্দায় দেখতে পায় সেই আবেদন রাখছি।" এখন বাংলাদেশে এই সিনেমা মুক্তি পায় কিনা, সেই দিকে তাকিয়ে অনুরাগীরা ৷