ETV Bharat / entertainment

লাল পাঞ্জাবি-শাড়িতে বড়মার কাছে দেব-শুভশ্রী, ধূমকেতু মুক্তির আগে কী চাইলেন 'দেশু' জুটি

নৈহাটিতে বড়মার মন্দিরে দু'জনকে খোশমেজাজে দেখা যায় ৷ মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পাশাপাশি গল্পে মেতে ওঠেন দেব-শুভশ্রী ৷

Dev Subhashree
লাল পাঞ্জাবি-শাড়িতে বড়মার দরবারে দেব-শুভশ্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 13, 2025 at 6:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নৈহাটি, 13 অগস্ট: লাল পাঞ্জাবি-সাদা পাজামায় দেব ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরনে লাল শাড়ি ৷ গা ভর্তি গয়না ৷ 14 অগস্ট মুক্তি পাচ্ছে তাঁদের ছবি ধূমকেতু ৷ তার আগে বুধবার ছবির সাফল্য কামনা করে নৈহাটিতে বড়মার মন্দিরে গেলেন 'দেশু' জুটি ৷

এদিন দীর্ঘক্ষণ বড়মার মন্দিরের ভিতরে ছিলেন তাঁরা ৷ সেখানে দু'জনকে খোশমেজাজে দেখা যায় ৷ মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পাশাপাশি গল্পে মেতে ওঠেন দেব-শুভশ্রী ৷ মন্দিরের ছাদ থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন ৷ পরে নিজের হুডখোলা গাড়ি থেকে দেব ভক্তদের সঙ্গে হাত মেলান ৷

নৈহাটিতে বড়মার মন্দিরে গেলেন 'দেশু' জুটি (ইটিভি ভারত)

'দেশু' জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বড়মার মন্দির চত্বরে ভিড় জমান বহু সাধারণ মানুষ । দেব-শুভশ্রীকে কাছে পেয়ে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ যদিও নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা ‌। কারণ একাধারে অভিনেতার পাশাপাশি সাংসদ দেব ৷

Dev Subhashree
বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-শুভশ্রী (নিজস্ব ছবি)

দীর্ঘ 12 বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে ফের বড়পর্দায় ফিরছেন । আর তাই এদিন বড়মার মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন দেব-শুভশ্রী ৷ তাঁদের সঙ্গে ছিলেন ধূমকেতু ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ ছিলেন ছবির আরও অন্যান্য কলাকুশলীরা ।

Dev Subhashree
মায়ের কাছে অঞ্জলি দেন তাঁরা (নিজস্ব ছবি)

পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে অভিনেতা দেব বলেন, "বড়মা খুব জাগ্রত মা ৷ মায়ের কাছে শান্তি চাইলাম ৷ সবাই যেন ভালো, শান্তিতে ও সুখে থাকি ৷ এর আগে খাদান মুক্তির সময় আমি বড়মার কাছে এসেছিলাম ৷ যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি ৷ ধূমকেতু মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার ৷ তার আগে মায়ের কাছে ফের প্রার্থনা করতে এসেছি ৷ পাশাপাশি যেভাবে খাদান দেখতে হল ভর্তি লোক হয়েছে তার জন্য মাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম ৷"

Dev Subhashree
বড়মার মন্দিরে দেব-শুভশ্রী (নিজস্ব ছবি)

এতদিন পর ফের শুভশ্রীর সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে ৷ এই নিয়ে দেব বলেন, "বাংলা জুড়ে যেভাবে দেব শুভশ্রী ও ধূমকেতুকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে, তার জন্য মাকে ধন্যবাদ দেব ৷ এতটা ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য ৷"

এরপরেই তিনি শুভশ্রীকে বলেন, "তাই তো ?" তিনিও সম্মতি জানান ৷ তারপরেই সাংবাদিকদের তরফে ভুল করে পুরনো জুটির বদলে দেব-শুভশ্রী নতুন জুটি বলা হয় ৷ তা শুনে হেসে গড়িয়ে পড়ে 'দেশু' জুটি ৷ নিজেকে সামলে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, "মায়ের কাছে ধন্যবাদ জানিয়েছি এত পুরনো জুটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ৷"