ETV Bharat / entertainment

আনফলো থেকে ফলো করা শুরু দেব-শুভশ্রীর, ফের জুটি বাঁধতে রাজি 'দেশু'

'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার নজরুল মঞ্চে। মঞ্চে একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে।

dev-subhashree-ganguly-comes-together-for-dhumketu-trailer-launch-at-nazrul-mancha
গলল বরফ, একই মঞ্চে দেব-শুভশ্রী (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 5, 2025 at 10:15 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: সোশাল মিডিয়ায় একে অপরকে ফলো করা শুরু দেব-শুভশ্রীর। কিন্তু কে কাকে করেছিলেন 'আনফলো'? জনতার সামনে সত্যিটা সামনে আনলেন শুভশ্রী। তাঁকে আনফলো করেছিলেন স্বয়ং দেব। তবে, এক বিকেলে সব দূরত্বের পালা শেষ। ফের একে অপরকে ফলো করতে শুরু করলেন তাঁরা।

দশ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে 14 অগস্ট। আসছে 'ধূমকেতু'। এই টানা দশ বছর একে অপরের সঙ্গে কথাও বলেননি তাঁরা। দেখা হয়েছে অনেক ইভেন্টে। কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি কখনও। 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার নজরুল মঞ্চে। মঞ্চে একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে। তাঁদেরকে পাশাপাশি দেখে আবেগে আর উচ্ছ্বাসে ভাসে জনতা। এ যেন প্রিয়জনকে হারিয়ে পাওয়া। আগরতলা থেকে পুরুলিয়া দেশের বিভিন্ন কোণ থেকে হাজির হয়েছিল 'দেশু'র ভক্তরা। কেউ এসেছেন দুধের শিশুকে কোলে নিয়ে, কেউ বা বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে। এই ছিল 4 অগস্ট নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চের চিত্র।

এদিন হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন দেব এবং শুভশ্রী। তবে, হাতে হাত থাকলেও ছিল একটা প্রচ্ছন্ন ব্যবধান। আর সেটা খানিকটা আড়াল করার জন্য প্রাক্তনের সঙ্গে খুনসুটি শুরু করেন দেব। শুভশ্রীও থেমে থাকেননি। তিনিও গান গাইলেন দেবের জন্য। দেবও গাইলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। "দেব শুভশ্রী কি পরস্পরের সমাজমাধ্যমে গোপনে উঁকি দেন?" দেবের জবাব, "শুভশ্রী এখন লেডি সুপারস্টার। ওকে দেখতে গেলে উঁকি দিতে লাগে না। সমাজমাধ্যমের পাতায় ওঁকে এমনিই দেখা যায়। ও এখন এত জনপ্রিয়। আর যাঁকে আমরা চিনি না, তাঁদের পাতাতেই তো উঁকি দিই।"

dev-subhashree-ganguly-comes-together-for-dhumketu-trailer-launch-at-nazrul-mancha
ফের জুটি বাঁধতে রাজি 'দেশু' (Special Arrangement)

দেবের প্রযোজনা সংস্থার ভূয়সী প্রশংসা করেন শুভশ্রী। একটা সময়ে চেয়েছিলেন দেব যদি প্রোডাকশন হাউজ খোলেন তা হলে প্রথম ছবির নায়িকা তিনি হবেন। কথা রাখেননি দেব। এহেন নানা অজানা কাহিনি উঠে আসে রোহণের সঙ্গে দুজনের আলাপচারিতায়। যেমন, গত বছর একসঙ্গে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ‘সন্তান’ এবং দেবের ‘খাদান’। সেই সময়ে নাকি ‘সন্তান’-এর প্রচারে শুভশ্রীর অর্থপূর্ণ হাসি দেখে নিজের ছবি ‘খাদান’-এর প্রচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন দেব। শুভশ্রী তা শুনেই বলেন, "আমার একটা হাসিই তা হলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে!"

জনতার প্রিয় জুটি 'দেশু'র অর্থপূর্ণ খুনসুটি এদিন লুটেপুটে নেয় আমজনতা। উপস্থিত সকলে তো বটেই, এদিন দেবের সামাজিক মাধ্যমে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কথা প্রসঙ্গে দেব বলেন, "সবই তো আমার!" শুভশ্রীর পাল্টা রসিকতা, "ভাগ্যিস বলোনি, ‘সন্তান’ও তোমার।" তার পরেই দেব পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় মাতেন। বলেন, "আমি আর রাজ সোজাসুজি মনের কথা বলে দিই অনায়াসে। এই ক্ষেত্রে আমরা দু’জনই অনেকটা এক রকমের।"

সব শেষে শুভশ্রী ও দেব জানান, তাঁরা পরস্পরের মঙ্গল কামনা করেন। এখন তাঁরা দু’জনেই নিজেদের মতো করে জীবনে সুখী। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেব-শুভশ্রীর নাচ দিয়ে। নিজেদের পুরনো ছবি ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘রোমিয়ো’র গানের সঙ্গে নেচে শেষ হয় এই উজ্জ্বল সন্ধ্যার।