মেয়ে দুয়ার একবছরের জন্মদিন, মা দীপিকা ভালোবাসা জানালেন এইভাবে
মেয়ের প্রথম জন্মদিন বলে কথা ৷ হাজারো ব্যস্ততা থাকলে মা দীপিকা দুয়ার স্পেশাল দিনকে আরও স্পেশাল করে তোলেন ৷

By ETV Bharat Entertainment Team
Published : September 10, 2025 at 10:30 AM IST
হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: দুদিন আগেই প্রথম জন্মদিন গিয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংয়ের (Ranveer Singh) একরত্তি মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের (Dua's first birthday) ৷ 2024 সালের 8 সেপ্টেম্বর দীপিকার কোলে আসে দুয়া ৷ মেয়ের জন্মদিনের দিন নেটিজেনদের আশা ছিল, মা-বাবার তরফ থেকে হয়ত কোনও পোস্ট আসবে ৷ কিন্তু সেই আশায় জল ঢালেন দু'জনেই ৷ অবশেষে জন্মদিনের দুদিন পর মেয়ের জন্মদিন কীভাবে পালন হয়েছে তার ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতী দীপিকা পাড়ুকোন ৷
বুধবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দীপিকা একটি ছবি শেয়ার করেন ৷ যে ছবিতে দেখা যায় একটি সুন্দর চকোলেট কেক ৷ মধ্যিখানে লাগানো মোমবাতি ৷ ক্যাপশনে মা দীপিকা লেখেন, "আমার ভালোবাসার ভাষা ? নিজের মেয়ের প্রথম জন্মদিনে কেক বানানো ৷" অর্থাৎ মেয়ে দুয়ার স্পেশাল দিনে মা দীপিকা নিজের হাতে বানিয়েছেন কেক ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসার পর অনেক তারকা ও অনুরাগীরা প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ যেমন পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়া কমেন্ট সেকশনে, "ওয়াও" মন্তব্য করেন ৷ আবার ভূমি সতীশ পেডনেকর (অভিনেত্রী নামের মাঝে বাবার নাম ব্যবহার করছেন সম্প্রতি) ভালোবাসার লাল ইমোজি ব্যবহার করেন ৷
উল্লেখ্য, কিছুদিন আগেই দীপিকা-রণবীরের মেয়ে দুয়ার মুখ প্রকাশ্যে আসা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে ৷ মেয়ে দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের বাড়িতে ডেকে মিষ্টিমুখ করিয়েছিলেন দীপবীর ৷ সেই সঙ্গে মেয়ের মুখদর্শন করিয়ে ছবি ফাঁস না করার অনুরোধও করেছিলেন। তবুও সোশাল মিডিয়ায় কয়েকদিন আগে ছড়িয়ে পড়ে দীপিকা-রণবীরের একরত্তির ছবি। এই ঘটনায় খুবই যথেষ্ট বিরক্ত দীপিকা-রণবীর। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে মায়ের কোলে দুয়ার মুখ স্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায়। অভিযোগ, ভিডিয়োটি দীপিকা-রণবীরের অনুমতি ছাড়াই শুট করা হয়েছে। এরপর দীপিকা বিনা অনুমতিতে এইভাবে মেয়ের ছবি তোলার জন্য তথাকথিত অনুরাগীকে ভর্ৎসনাও করেন।

