বাংলা ছবির ঘোষণাপর্বে কলকাতায় শরমন জোশি, তিলোত্তমাকে নিয়ে আবেগী অভিনেতা
কলকাতায় এসে শরমনের গলায় ধরা পড়ল সত্যজিৎ প্রেম...

By ETV Bharat Entertainment Team
Published : August 1, 2025 at 10:12 AM IST
|Updated : August 1, 2025 at 10:30 AM IST
কলকাতা, 1 জুলাই: বাংলা সিনেমায় এবার শরমন জোশি ৷ বৃষ্টি বাদল দিনে হয়ে গেল 'ভালোবাসার মরশুম' ছবির মোশন পোস্টার লঞ্চ ৷ বৃহস্পতিবার সেই উপলক্ষ্যে হাজির ছিলেন বলিউড তারকা শরমন জোশি। এই ছবির পরিচালক এমএন রাজ ৷
সাংবাদিক সম্মেলনে শরমন বলেন, "এই ছবিতে অভিনয়ের জন্য আমার সঙ্গে পরিচালকই যোগাযোগ করেন। আমি হিন্দিতে শুনি স্ক্রিপ্টটা। পছন্দ হয়, আর রাজি হয়ে যাই। দার্জিলিং-এ শুটিং হওয়ার কথা আমাদের এই ছবির। অনেকদিন আগে পরিবারের সঙ্গে গিয়েছিলাম। এবার কাজের জন্য আবার যাব। কিছু পর্বের শুটিং হবে মুর্শিদাবাদে।" তিনি আরও বলেন, "সত্যজিৎ রায় আমার প্রিয় পরিচালক। আর 'চোখের বালি' আমার পছন্দের ছবি। আমার পরিবারে নাট্যচর্চা হয়। সেই আবহেই আমার মুম্বইতে বেড়ে ওঠা। চরিত্র আর গল্প ভালো পেলে আমি যে কোনও ভাষাতেই কাজ করতে ইচ্ছুক বরাবর। ভাষা তো একটা মাধ্যম শুধু। আসল হল গল্প। "
কলকাতায় এসে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল তাঁকে। বললেন, "এখানে এক বন্ধুর বাড়িতে দই কাতলা খেলাম। এই পদটার প্রেমে পড়ে গিয়েছি। কলকাতার কোন খাবার আমার প্রিয় জানতে চাইলে বলব, ঝালমুড়ি আর রসগোল্লা। " শরমনের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুমকি চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী প্রমুখ।
এদিন 'ভূতের ভবিষ্যৎ'-এর হিন্দি রিমেক 'গ্যাং অফ ঘোস্টস' সম্পর্কে শরমন বলেন, "আমি এই সিনেমায় অভিনয় করেছি। স্থানীয় ভাষার ছবির একটা আলাদা মাহাত্ম্য আছে। সবাই মিলে একটা ভাল কাজ দর্শককে উপহার দিতে পারব বলে আমি আশাবাদী।" জানা গিয়েছে, 'ভালোবাসার মরশুম'-এ শরমনের মুখে শোনা যাবে ঝরঝরে বাংলা। কলকাতায় এসে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলার পাশাপাশি সুস্মিতার সঙ্গে পোজও দেন অভিনেতা। নিখাদ ভালোবাসার গল্পে কোন রূপে ধরা দেন শরমন দেখার অপেক্ষায় অনুরাগী থেকে দর্শক ৷

