কলকাতায় অর্জুন-আরবাজ, একসঙ্গে হাঁটলেন ব়্যাম্পে
কলকাতায় এসে অর্জুন রামপাল ও আরবাজ খান বাংলার মাটি থেকে বেছে নিলেন আগামী প্রতিভাদের। বললেন, 'প্রতিযোগিতায় অংশগ্রহণই আসল' ৷

Published : February 11, 2025 at 1:23 PM IST
কলকাতা, 11 ফেব্রুয়ারি: কলকাতায় বলিউডের দুই স্বনামধন্য অভিনেতা, অর্জুন রামপাল, আরবাজ খান। সোমবারের রাতে বাংলার মেয়েদের আত্মবিশ্বাস জোগানোর লড়াইয়ে সঙ্গ দিলেন বলিপাড়ার এই দুই তারকা। তাঁদের মঞ্চে দেখে স্বভাবতই উচ্ছ্বাস ফেটে পড়ে অডিটোরিয়াম। বাংলার মাটি থেকে এই দুই তারকা বেছে নিলেন আগামী প্রতিভাদের। প্রথম 20 জন বিজয়িনী পেলেন একাধিক পুরস্কার। এদিন প্রতিযোগীদের পাশাপাশি ব়্যাম্পে হাঁটতে দেখা গেল অর্জুন এবং আরবাজকেও।
অভিনেতা অর্জুন বলেন, "সকল প্রতিযোগীকে আমার তরফ থেকে শুভকামনা। প্রতিযোগিতায় অংশগ্রহণই আসল। তার জন্য সবাইকে স্যালুট জানাই ৷ সোমবারের ব্যস্ত সন্ধ্যায় 'তিলোত্তমা' উপভোগ করতে এসেছেন সবাই, এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। প্রিয়াঙ্কাকেও অনেক শুভকামনা জানাই যে এরকম একটা কনটেস্টের আয়োজন করেছে ৷ এর জন্য অনেক সাহসেরও দরকার হয় ৷"
উল্লেখ্য, অভিনেত্রী প্রিয়াঙ্কা ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন 'প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট'-এর। সেই সংস্থার উদ্যোগেই শহরে আয়োজিত হয় 'বাংলার সেরা তিলোত্তমা 2024-2025'। বাংলার মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে তাঁদের আত্মবিশ্বাসকে জাগ্রত করে তুলতেই এই 'বিউটি কনটেস্ট ও অ্যাওয়ার্ড শো' ৷ এমনটাই জানান উদ্যোক্তা প্রিয়াঙ্কা ঘোষ। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী এদিনের সন্ধ্যায় পুরস্কার হিসেবে জিতে নেন এক লক্ষ টাকা।

শুধু তাই নয়, একটি ছবির নায়িকার চরিত্রে আগামীতে নির্বাচিত হবেন তিনি বলেও জানা যায়। 15 থেকে 60 বছর বয়সি যে কোনও নারীই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। শিলিগুড়ি, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় হবে এই প্রতিযোগিতা।

