প্রথমবার সিনেমায় মুখ্য ভূমিকায় আয়েষা ভট্টাচার্য, হাজির ফার্স্ট লুক
ধারাবাহিকের পর এবার সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করতে চলেছেন আয়েষা ভট্টাচার্য ৷ প্রকাশ্যে প্রথম ঝলক ৷

By ETV Bharat Entertainment Team
Published : May 1, 2025 at 2:19 PM IST
কলকাতা, 1 মে: বাবা মেয়ের এক অটুট বন্ধনের গল্প বলতে আসছে নতুন বাংলা ছবি 'বিনি সুতোর টান'। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক। বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করলেও সিনেমায় প্রথমবার নায়িকার ভূমিকায় আয়েষা ভট্টাচার্য। পরিচালক সত্যজিৎ দাসের পরিচালনায় আসছে নতুন ছবি 'বিনি সুতোর টান'। প্রকাশ্যে ছবির টাইটেল ও ফার্স্ট লুক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভুবন দে, আয়েষা ভট্টাচার্য, জিয়া মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায় প্রমুখ।
পরিচালক সত্যজিৎ দাস জানান, "এই ছবি এক বাবা-মেয়ের নিখুঁত ভালোবাসার গল্প বলবে। এক অসহায় বাবার তার মেয়েকে সুস্থ করে তোলার লড়াই দেখবে। ভুবন দে আর আয়েষা ভট্টাচার্য দুজন দুজনের চরিত্রে দারুণ মানানসই। ছবির অনেকটা অংশ ইমোশন। তাই এই ছবিতে দারুণ দারুণ গান ব্যবহার করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।"
গল্পের দিকে নজর দিলে দেখা যায়, ছবিতে নীলের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে'কে। কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে। তার ছয় বছরের কন্যা বিনিকে নিয়ে সংসার । নীলের বউ দীপা বিনিকে জন্ম দিয়ে মারা যায়। অন্যদিকে নেহা, নীলের সহকর্মী যে কিনা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নীলের পাশে থাকে এবং বিনিকে ভালোবাসে। কিন্তু হঠাৎ করেই একদিন বিনির এক বিরল রোগ ধরা পড়ে। তারপর আবর্তিত হয় বিভিন্ন ঘটনা।
বাবা ও মেয়ের এই অটুট ভালোবাসার গল্প নিয়ে বাংলা ছবি 'বিনি সুতোর টান'। গরমের ছুটিতে বড়পর্দায় মুক্তি পাবে ছবি 'বিনি সুতোর টান'। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা শহরে। ছবিটি মুক্তি পাবে 'দে এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে। খুব তাড়াতাড়ি বড়পর্দায় আসছে 'বিনি সুতোর টান'।

