ETV Bharat / entertainment

'এতদিনে একটা ঠিকঠাক প্রেম হল !' 'মিঠিঝোরা'র শেষ লগ্নে আড্ডায় অভিনেতা সুমন

'মিঠিঝোরা' ধারাবাহিকের শুটিং শেষ ৷ শেষ সম্প্রচার 13 জুলাই।

Etv Bharat
অভিনেতা সুমন দে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 11, 2025 at 5:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 জুলাই: সদ্য 'মিঠিঝোরা' (Mithijhora) ধারাবাহিকের শুটিং শেষ করেছেন সুমন দে (Suman Dey ) ৷ শেষ সম্প্রচার 13 জুলাই। শুটিং শেষ হওয়ার পর থেকেই মন খারাপ সুমনের। প্রত্যেকবারই আসলে এমনটাই হয়। ধারাবাহিক শুরু হলে সহ অভিনেতা থেকে কলাকুশলী সকলে মিলে একটা পরিবার হয়ে যায়। আর যখনই তা শেষ হয় বিষাদের সুর বাজে সকলের মনে।

সুমনেরও ঠিক তেমনটাই হয়। প্রত্যেকবারই এরকম সময় যখন আসে তখন মন ভালো করতে নিজের বাড়ি শিলিগুড়িতে চলে যান সুমন। সময় কাটিয়ে আসেন বাবা, মা, দাদা, বৌদি আর ভাইপোদের সঙ্গে। এবারও সেটাই হয়েছে। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় সেই কথাই জানান সুমন।

তিনি বলেন, "রোজ সকাল সকাল উঠে নিজের খাবার নিজে বানিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি। সারাটা দিন সকলের সঙ্গে আনন্দে আর কাজের মধ্যে কাটে। কোথা দিয়ে 14টা ঘণ্টা কেটে যায় বুঝতেই পারি না। আর শুটিং শেষ হলেই বাড়িতে ফের একা। আমি কলকাতায় একাই থাকি।"

2011 সাল থেকে বাংলা টেলিভিশনে যাত্রা শুরু সুমনের। সেই থেকে আজ অবধি বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি তাঁর। 'করুণাময়ী রানী রাসমণি' থেকে 'বধূবরণ', 'নকশিকাঁথা', 'ক্ষীরের পুতুল', 'তুমিই যে আমার মা', 'মিঠিঝোরা'তে সুমনকে ভালোবেসেছে দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, বিশ্বনাথ দত্ত, কাঞ্চন মল্লিকের সঙ্গে 'শুধু যাওয়া আসা' ছবিতে অভিনয় করেছেন সুমন। কিন্তু সেই ছবি সেভাবে সাড়া না ফেলায় আক্ষেপ সুমনের। একইসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কখনও কাজ করা হবে না বলে আক্ষেপের সুর সুমনের কণ্ঠে।

কেন বড় পর্দায় কিংবা সিরিজে দেখা যায় না তাঁকে? এই প্রশ্নে সুমন বলেন, "হয়ত আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। তবে সিরিজের জন্য ডাক এসেছিল। কিন্তু সিরিয়ালে ব্যস্ত থাকার দরুণ আমি চরিত্রটা করতে পারিনি। তবে, ভালো চরিত্রের অপেক্ষায় আছি আমি।" কীরকম চরিত্রের খিদে আছে সুমনের? সুমন বলেন, "পুলিশ অফিসার, গোয়েন্দা বা সিআইডি'র মতো কোনও চরিত্র আজ অবধি করিনি। ওরকম পেলে ভালো লাগবে।"

প্রেম, বিয়ে নিয়েও সোজাসাপ্টা সুমন। বললেন, "এতদিনে একটা ঠিকঠাক প্রেম হয়েছে। সব ভালোই চলছে। তবে, আমরা রোজ দেখা, সারাদিন ফোন, অহরহ ভিডিও কল এসবে অভ্যস্ত না। দুজনে দুজনকে স্পেস দিই নিজের মতো করে থাকার। খুব সুস্থ স্বাভাবিক প্রেম চলছে আমাদের। বিয়েটা ভগবান যেদিন চাইবেন সেদিন হবে।" নতুন কোন ধারাবাহিকে, কোন চরিত্রে দেখা যাবে সুমনকে সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷